রোদ, বৃষ্টি আর ঝোড়ো বাতাস—কোনো কিছুই যেন পিছু ছাড়ছে না কোমলমতি শিক্ষার্থীদের। ভবনের অভাবে গত দুই বছর ধরে বিদ্যালয়ের ভবনের খোলা বারান্দায় বসেই চলছে তাদের নিয়মিত পাঠদান। একদিকে প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে বৃষ্টি এলে বই-খাতা সামলাতেই হিমশিম খেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। এমন দুর্বিষহ পরিবেশেও থেমে নেই তাদের পড়াশোনা, তবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ৬০নং কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন করুণ চিত্র।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত এই বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৬টি। চারজন নারী ও দুজন পুরুষ শিক্ষক তাদের মেধা ও ঐকান্তিক প্রচেষ্টায় পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও প্রতি বছর উপজেলা পর্যায়ে মেধা তালিকায় জায়গা করে নিয়ে বৃত্তি পায় এই স্কুলের শিক্ষার্থীরা। তবে তাদের এই সফলতার পেছনে লুকিয়ে আছে চরম ভোগান্তি ও অবহেলার গল্প।
জানা গেছে, প্রায় তিন বছর আগে বিদ্যালয়ের পুরাতন একতলা ভবনটি জরাজীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়ে। ছাদের পলেস্তারা খসে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। ঝুঁকি জেনেও এক বছর সেই ভবনেই ক্লাস চালানো হয়। কিন্তু পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে পড়লে দুই বছর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে পাঠদান সম্পূর্ণ বন্ধ করে দেন।
পরিত্যক্ত ঘোষণার পর বিকল্প কোনো ভবনের ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়েই অন্য একটি ছোট ভবনের খোলা বারান্দায় শুরু হয় পাঠদান কার্যক্রম। বর্তমানে দুই শিফটে চলছে ক্লাস। সকালের শিফটে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং দুপুরের শিফটে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বারান্দায় বসিয়ে পড়ানো হয়। বিদ্যালয়টিতে রুম সংকট এতটাই তীব্র যে, অবশিষ্ট তিনটি কক্ষের একটিতে শিশু শ্রেণি, একটিতে পঞ্চম শ্রেণি এবং অন্যটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
খোলা বারান্দায় ক্লাস চলায় বাইরের নানা হইচই ও শব্দে মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। বৃষ্টি নামলে পানি এসে ভিজিয়ে দেয় শিক্ষার্থীদের জামাকাপড় ও বই-খাতা। আবার গ্রীষ্মে তপ্ত রোদের উত্তাপে অতিষ্ঠ হয়ে পড়ে কোমলমতি শিশুরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল বাশার আক্ষেপ করে বলেন, “আমরা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরিবেশ অনুকূলে না থাকলেও কোমলমতি শিশুদের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, সেজন্যই বাধ্য হয়ে বারান্দায় ক্লাস নিচ্ছি। দ্রুত একটি নতুন ভবন তৈরি না হলে পাঠদান আরও কঠিন হয়ে পড়বে।”
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আমানুর রশীদ বলেন, “নতুন ভবনের জন্য আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরে একাধিকবার লিখিত আবেদন জানিয়েছি। গত দুই বছরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী একাধিকবার স্কুলটি পরিদর্শনে এলেও কার্যকর কোনো সমাধান মেলেনি। ভবন না থাকায় কোমলমতি শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।”
এ বিষয়ে সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন বলেন, “কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ৬ মাস আগেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি অতিদ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে জানান, “শিক্ষার্থীদের এভাবে খোলা বারান্দায় ক্লাস নেওয়া অত্যন্ত দুঃখজনক। কোমলমতি শিশুদের সুরক্ষার স্বার্থে ও উপযুক্ত শিক্ষার পরিবেশ ফেরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলে একটি নতুন ভবন বরাদ্দের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শুধু আশ্বাসে সীমাবদ্ধ না রেখে অতি দ্রুত ভবন নির্মাণ করে শিশুদের স্বাভাবিক শ্রেণিকক্ষে ফেরানোর উদ্যোগ নিক শিক্ষা বিভাগ।
আপনার মতামত লিখুন