নগরকান্দায় শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাটুরদিয়া বাজারে এক শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক জাকির মোল্যা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাকির মোল্যা (৩০), পিতা মৃত মুনসুর মোল্যা, দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাটুরদিয়া বাজারে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে বাজারে কাজ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন—কবির হোসেন ঠান্ডু, সুলতান মাহমুদ (মন্টু), গিয়াস উদ্দিন মিয়া, আশরাফ মিয়া ও গোলাম মওলা মিয়া। তারা সবাই বাবুর কাইচাইল গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা জাকির মোল্যাকে হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিলে তাকে বাজারে কাজ করতে দেওয়া হবে না। এ সময় তাকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা শাহিদুল ইসলাম ও রবিউল ইসলামকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারবেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু অভিযোগ অস্বীকার করে ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ওই শ্রমিক বাজারে অনিয়ম করে কাজ করতেন। তাই তাকে কাজ করতে নিষেধ করা হয়েছে। একজন শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হাস্যকর।”
স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন ঠান্ডু কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে যুক্ত হন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা গেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন
Array