ফরিদপুরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল, বদর দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের বাবরি মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা বদরুদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা আবু বকর সিদ্দিক ও মুফতি মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য দেন যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান ও সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসাইনসহ সংগঠনের বিভিন্ন থানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান কেবল আত্মসংযমের মাসই নয়, বরং এটি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। তারা বলেন, ১৭ রমজান ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন—ঐতিহাসিক বদর দিবস। এই দিনে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত, যা মুসলমানদের ঈমানি শক্তি, ঐক্য ও আত্মত্যাগের প্রতীক।
বক্তারা আরও বলেন, বদর দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকতে হবে। তারা আল্লাহর জমিনে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তারা সমাজে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array