স্বল্প পরিসর, সীমিত আয়োজন—তবুও আবেগ, ভালোবাসা আর স্বপ্নে ভরপুর এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো অগ্নিপ্রহর নিউজরুম। অল্প সময়ের পথচলায় ‘ওয়ান কে’ মাইলফলক স্পর্শ করার আনন্দে ঘরোয়া পরিবেশে কেক কেটে উদযাপন করলেন দৈনিক অগ্নিপ্রহরের তরুণ সংবাদকর্মীরা।
শুক্রবার (০২ এপ্রিল) সন্ধ্যায় প্রতিদিনের মতোই ব্যস্ত সময় কাটছিল নিউজরুমে। চলছিলো সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশনার নানা কাজ। এর মধ্যেই সহকর্মী মুন্নী সুলতানা প্রস্তাব দেন—এই অর্জনটুকু উদযাপন করা উচিত। তার কথায় সাড়া দেন সহকর্মীরা। শরীফ খানও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত একটি ছোট আয়োজন করার আহ্বান জানান।
অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত হয়, কাছের একটি বেকারি থেকে কেক এনে ছোট্ট করে উদযাপন করা হবে। কেউ ব্যস্ত হয়ে পড়ে কেক আনার কাজে, কেউ আবার নিউজরুম গোছানো ও ছবি তোলার প্রস্তুতিতে। মুহূর্তেই অফিসের পরিবেশ বদলে যায়—কাজের চাপের মাঝে যুক্ত হয় উৎসবের আমেজ।
এক এক করে যোগ দিতে থাকেন টিমের অন্য সদস্যরাও। রাসেল, রইছ উদ্দিন, দোহা সহ আরও কয়েকজন এসে উপস্থিত হন। সিদ্ধান্ত হয়, ব্যানার লেখা দেয়ালের সামনে দাঁড়িয়ে গ্রুপ ছবি তোলা হবে। সবাই যখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ঘটে এক চমকপ্রদ ঘটনা।
হঠাৎ করেই হিমুর সঙ্গে নিউজরুমে উপস্থিত হন সবার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আলতাফ হোসেন। তার আগমনে মুহূর্তেই পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এমন একটি আনন্দঘন মুহূর্তে প্রিয় শিক্ষকের উপস্থিতি যেন আয়োজনটিকে আরও বিশেষ করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে মুন্নী সুলতানা সংক্ষিপ্ত বক্তব্যে অগ্নিপ্রহরের অল্প সময়ের পথচলা এবং অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা খুব অল্প সময়ের মধ্যেই ‘ওয়ান কে’ বন্ধুর ঘরে পৌঁছাতে পেরেছি। এটি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই অর্জন আমাদের আরও ভালো কাজ করার সাহস জোগাবে।”
এরপর শরীফ খান অধ্যাপক আলতাফ হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। অধ্যাপক আলতাফ হোসেন তার বক্তব্যে তরুণদের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এই অগ্নিপ্রহরের ব্যাপারে আমাকে জানিয়েছে হিমু। এখানে এসে আমি সত্যিই আনন্দিত। তরুণদের এই উদ্যোগ আমাকে আশাবাদী করে তুলেছে। আমি বিশ্বাস করি, তারা প্রত্যেকে একেকটি সম্ভাবনার নাম।”
তিনি আরও বলেন, আড্ডা, আলোচনা এবং সৃজনশীল চিন্তার মধ্য দিয়েই একটি ভালো সংবাদমাধ্যম গড়ে ওঠে। এ সময় তিনি পত্রিকা পরিচালনার নানা দিকনির্দেশনাও দেন, যা উপস্থিত সবার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়।
বক্তব্য শেষে সবাই মিলে কেক কাটেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো নিউজরুম। এটি ছিল অগ্নিপ্রহর পরিবারের প্রথম কোনো আনুষ্ঠানিক উদযাপন, যা ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অগ্নিপ্রহর টিমের সদস্যরা জানান, এই পথচলায় তাদের পাশে রয়েছেন অসংখ্য পাঠক, ফলোয়ার ও শুভানুধ্যায়ী। তাদের ভালোবাসা ও সমর্থনই অল্প সময়ের মধ্যে এমন একটি মাইলফলক অর্জনে সহায়ক হয়েছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় দৈনিক অগ্নিপ্রহরের প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহীনের প্রতি। তার দিকনির্দেশনা ও সহযোগিতার ফলে এই উদ্যোগ বাস্তব রূপ পেয়েছে বলে জানান তারা। পাশাপাশি তার সহধর্মিণীর উৎসাহ ও প্রেরণাও এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়াও অগ্নিপ্রহরের সূচনালগ্ন থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সম্ভাবনাময় সংবাদমাধ্যম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অগ্নিপ্রহর পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, স্রষ্টার প্রতি আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং নিরলস পরিশ্রমই তাদের এগিয়ে নেবে আরও বড় সাফল্যের দিকে। তারা আশা করছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে পাঠকদের আস্থা অর্জন করতে পারবেন।
এই ক্ষুদ্র আয়োজন তাই শুধু একটি উদযাপন নয়—এটি ছিল স্বপ্ন দেখার, সাহস সঞ্চয়ের এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের এক অনন্য মুহূর্ত।
আপনার মতামত লিখুন
Array