মেধা, মনন ও সৃজনশীলতার মিলনমেলা: চরভদ্রাসনে শিক্ষা পদক প্রতিযোগিতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬। কোমলমতি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (০৩ জুন) সকাল ১০টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিংসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিদ্যালয় পর্যায়ে বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা এ আয়োজনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান খান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অংশ হিসেবে প্রায় এক মাসব্যাপী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নানা ইভেন্টের আয়োজন করা হয়। ধারাবাহিক এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নেতৃত্বগুণ সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে সৃজনশীল ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতেও এ আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন
Array