ফরিদপুরে শ্রমজীবীদের সঙ্গে একই কাতারে ইফতার, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অনন্য মানবিক ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে দৈনিক সমকাল-এর সহযোগী সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর’ উদ্যোগে শ্রমজীবী মানুষের সম্মানে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ৯ম রমজানে এই আয়োজন সম্পন্ন হয়। দিনভর রোজা রাখার পর ইফতারের আগে থেকেই সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ নানা পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আয়োজকদের আন্তরিকতা, সম্মান ও ভালোবাসায় সবাই যেন এক আত্মিক বন্ধনে আবদ্ধ হন।
ইফতারে অংশগ্রহণকারী শতাধিক শ্রমজীবী মানুষ একই কাতারে বসে ইফতার করেন, যা ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সাম্য ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এসময় উজ্জ্বল বিশ্বাস নামে এক রিকশাচালক বলেন, “আমরা সাধারণত আলাদা আলাদা জায়গায় ইফতার করি। কিন্তু এখানে সবাই একসাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমরা সবাই এক পরিবারের সদস্য।”
আয়োজনে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ। তিনি বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। আজকের এই আয়োজন সেই শিক্ষারই বাস্তব প্রতিফলন। এখানে সবাই একই কাতারে বসে ইফতার করছে, যা সমাজে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”
ইফতার মাহফিলে রোজার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুরের সভাপতি হারুনার রশিদ। তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এই মাস আমাদের শেখায় কিভাবে অন্যের কষ্ট অনুভব করতে হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। এ ধরনের আয়োজন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতুর নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষক সাহানা জলি, শামীমা শিমু, প্রভাত সিং, সাংবাদিক মফিজুর রহমান শিপন, অপূর্ব অসীম, হারুন-অর-রশীদসহ সংগঠনের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
Array