খুঁজুন
, ,

ফরিদপুরের ২২ সাংস্কৃতিক সংগঠনকে ১২ লক্ষাধিক টাকার অনুদান দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
ফরিদপুরের ২২ সাংস্কৃতিক সংগঠনকে ১২ লক্ষাধিক টাকার অনুদান দিল সরকার

ফরিদপুরের বিভিন্ন সংস্কৃতি সংগঠন, শিল্পী ও সংস্কৃতি সেবীদের আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অনুদানের পাশাপাশি সরকারি চাকরিরত অবস্থায় নিহত পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ২২ টি সংগঠনকে দুটি ক্যাটাগরিতে ১২ লক্ষ ২৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক সভায় অনুদানের চেকগুলে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, আজ শিল্প ও সংস্কৃতিতে পুরো সমাজ অনেক পিছিয়ে পড়ছে। যে সমাজে সাহিত্য সংস্কৃতির চর্চা নেই সে সমাজ মৃতসমাজ। আর এর মূল কারণ আমাদের ভোগ বিলাসিতার দিকে অধিক মনোযোগ দেয়া। আমাদের সন্তানদেরকে এখান থেকে ফেরাতে হবে। বেশি বেশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে, তাহলে একটি মননশীল নৈতিকতা সম্পন্ন, উন্নত সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। সেই সমাজে কিশোর গ্যাং থাকবে না, মাদকাসক্তি ও যৌন হয়রানি থেকে সে সমাজ আমাদের রক্ষা করবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানউজ্জামান, শিশু সংগঠন ফুলকি’র সভাপতি অঞ্জলি বালা, বাউল শিল্পী আজমল হোসেন, খেয়ালী নাট্য সম্প্রদায়ের আলম খান, ফরিদপুর টাউন থিয়েটারের পলাশ খান, বাংলা থিয়েটারের আনিসুর রহমান, ফরিদপুর আবৃত্তি সংসদের জাহিদুল ইসলাম সহ সাহিত্য ও সাংস্কৃতিক এবং শিল্পাঙ্গনে নেতৃবৃন্দ।

ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ অর্থ অনুমোদন পায়।

​সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ ও বিশেষ উদ্যোগে বরাদ্দকৃত এই অর্থের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের সংস্কার কাজে ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ-

একাডেমিক ভবন নির্মাণ (প্রতিটি ১ কোটি ৫৫ লাখ টাকা):

​গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​কালপোহা উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

মেরামত ও সংস্কার কাজ (প্রতিটি ১৫ লাখ টাকা):

​ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​আশাপুর আলিম মাদরাসা (মধুখালী)

​রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

​সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসা (বোয়ালমারী)

​সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব উন্নয়নকাজ শেষ হলে এই অঞ্চলের শিক্ষা কাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি খাদে উল্টে যায় এবং ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, বেপরোয়া গতির ট্রাকটি বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে সজোরে ধাক্কা দিলে তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়।

​ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

​বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডিজিএম উৎপল মণ্ডল জানান, দুর্ঘটনায় তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল।

​বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটির বাড়ি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামে।

​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৬ সালের ৩ মে বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি দর্জির বাড়ি থেকে জামা আনতে গিয়ে তা না পেয়ে আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

​একপর্যায়ে শিশুটি কোনোমতে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়ির ওপর পড়ে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর আসামি জামাল মোল্লা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

​আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে আমরা আশা করি।”