খুঁজুন
, ,

রমজানে ফরিদপুর শহরের যানজট নিরসনে স্বেচ্ছাসেবীদের নতুন উদ্যোগ, নেতৃত্বে জুয়েল

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
রমজানে ফরিদপুর শহরের যানজট নিরসনে স্বেচ্ছাসেবীদের নতুন উদ্যোগ, নেতৃত্বে জুয়েল

পবিত্র রমজান মাসে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে ফরিদপুর পৌর এলাকায় যানজট নিরসনে মাঠে নেমেছে একদল স্বেচ্ছাসেবী। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে এই টিম, যার তত্ত্বাবধানে ও নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ওয়ালিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, রমজান মাসে বিশেষ করে ইফতার পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সমস্যা নিরসনে স্বেচ্ছাসেবী দলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবে। তারা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে।

এ বিষয়ে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “রমজান মাসে মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ইফতারের আগে অপ্রয়োজনীয় যানজট মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। তাই আমরা একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করেছি, যারা পুলিশের পাশাপাশি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক ও জনসেবামূলক। আমরা চাই ফরিদপুর শহরকে একটি শৃঙ্খলাবদ্ধ, যানজটমুক্ত নগরীতে পরিণত করতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জুয়েল বলেন, রমজানের পরে শহরের যানজট স্থায়ীভাবে সমাধান করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসেবামূলক এই উদ্যোগ নগরবাসীর জন্য স্বস্তি বয়ে আনবে। স্বেচ্ছাসেবীদের এমন কার্যক্রম শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ঢাকায় আটক ফরিদপুরের ছাত্রলীগের ৩ নেতা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে রাজধানীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপ-দপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের। এর মধ্যে প্রান্ত বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন এলাকার আবু বক্কারের ছেলে, আলামিন উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা এবং জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায়, রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে আরও দাবি করা হয়, পরিচয় গোপন রাখতে তারা শুরুতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে জিজ্ঞাসাবাদের মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওই তিন নেতা আত্মগোপনে ছিলেন। প্রান্ত সিদ্দিকী রাজধানীর জিগাতলায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করছিলেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকাতেই অবস্থান করছিলেন।

এদিকে আটক নেতাদের মারধর করে পুলিশে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘দিন তো আর এভাবে যাবে না। তারা মবের শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেন না, তাই হয়তো ঢাকায় গিয়েছিলেন। কোনো অন্যায় করলে আইন ও প্রশাসন আছে। কিন্তু মব তৈরি করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অনেক মারধর করে পুলিশে দিয়েছেন।’

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জানান, সন্দেহভাজন হিসেবে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের ওই তিন নেতাকে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকায় এসে গোপনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বৈঠক করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুরোনো রাজনৈতিক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বোয়ালমারী থানায়ও তাদের নামে মামলা রয়েছে।

তবে রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ওসি।

আইইবি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
আইইবি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আতিকুর রহমান। একইসঙ্গে ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাঈন উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২৮২ ভোট পেয়ে ডিভিশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আলমগীর মিয়া।

নির্বাচনে হলুদ প্যানেল থেকে বিজয়ী অন্য সদস্যরা হলেন— প্রকৌশলী মু. সাইমুম রহমান সজীব, প্রকৌশলী মো. ফিরোজ আলম, প্রকৌশলী মো. কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী শরীফ আহমেদ শুভ্র, প্রকৌশলী এস এম নাজমুল হাসান, প্রকৌশলী দিন মোহাম্মদ ওবায়দুল, প্রকৌশলী মো. ফারুক হাসান, প্রকৌশলী শারমিন খান উর্মি, প্রকৌশলী মো. আমিনুল হক শামীম, প্রকৌশলী মো. তারফুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ আহসান মঞ্জুর এবং প্রকৌশলী মো. সানাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, আইইবির কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন কেন্দ্র এবং সব ডিভিশনাল কমিটিতেও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আতিকুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর আইইবিতে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল অকল্পনীয়। ভোটারদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাদের এই আস্থা ও ভালোবাসা আমাকে প্রকৌশলী সমাজের কল্যাণে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।

এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি প্রকৌশলীদের পেশাগত মান, দক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং আইইবির সুনাম ও ঐতিহ্য আরও সুদৃঢ় করতে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।

মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে।

মাদকসেবীদের এমন বেপরোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা নামক পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সমাজের বানী নামক একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছিল। এ সময় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের ওপর হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।