খুঁজুন
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২

পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম
পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও গ্রামীণ জীবনের অকৃত্রিম রূপকার জসীমউদ্দীন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৪ মার্চ)। গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, লোকসংস্কৃতি ও সহজ-সরল জীবনের চিত্র কবিতার ভাষায় তুলে ধরার জন্য তিনি বাংলা সাহিত্যে “পল্লীকবি” হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুলশিক্ষক। পারিবারিক পরিবেশ ও গ্রামীণ জীবনধারা তার সাহিত্যচর্চায় গভীর প্রভাব ফেলে।

শৈশবে ফরিদপুর হিতৈষী স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয়। পরে ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তার কবিত্ব প্রতিভার প্রকাশ ঘটে। কলেজে অধ্যয়নকালে রচিত তার বিখ্যাত কবিতা ‘কবর’ তাকে সাহিত্যাঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়।

জসীমউদ্দীনের কর্মজীবনের শুরু হয় পল্লীসাহিত্য সংগ্রাহক হিসেবে। স্নাতকোত্তর শ্রেণিতে পড়ার সময় প্রখ্যাত সাহিত্য গবেষক দীনেশচন্দ্র সেন–এর সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বাংলা বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন এবং কয়েক বছর সেখানে শিক্ষকতা করেন। পরে তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে ডেপুটি ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি।

বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য। ১৯২৭ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ তাকে সাহিত্যজগতে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘রঙিলা নায়ের মাঝি’, ‘মাটির কান্না’, ‘পদ্মা নদীর দেশে’, ‘পদ্মাপার’, ‘বেদের মেয়ে’, ‘পল্লীবধূ’, ‘গ্রামের মায়া’সহ অসংখ্য কাব্য, গল্প ও স্মৃতিচারণমূলক গ্রন্থ রচনা করেন তিনি। তার বিখ্যাত কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা সাহিত্যে লোকজ জীবনচিত্রের অনন্য দলিল হিসেবে বিবেচিত।

গ্রামবাংলার মানুষের জীবন, সংস্কৃতি, প্রেম-বিরহ এবং লোকঐতিহ্যকে সহজ-সরল ভাষায় তুলে ধরার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার লেখায় গ্রামীণ জীবনের আবেগ ও মানবিকতার যে চিত্র ফুটে ওঠে, তা আজও পাঠকের হৃদয় স্পর্শ করে।

১৯৭৬ সালের ১৪ মার্চ ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান কবি। মৃত্যুর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পল্লীকবি জসীমউদ্দীনের অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

ফরিদপুরে জুলাই আহত যোদ্ধার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৫৩ পিএম
ফরিদপুরে জুলাই আহত যোদ্ধার ওপর হামলার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় জমির সীমানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে জুলাই আন্দোলনে আহত এক যুবদল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, এটি মূলত দুইপক্ষের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা, পরিকল্পিত হামলার প্রমাণ মেলেনি।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তরিকুল ইসলাম সুজন (৩২) বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুলিশের গুলিতে আহত হন। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার আন্দোলন সংক্রান্ত কেস আইডি নম্বর-৯২১৫ বলে জানা গেছে।

সুজন নগরকান্দা উপজেলার কল্যানপট্টি গ্রামের আবু জাফর মোল্লার ছেলে। তিনি মা জয়নব বেগম ও স্ত্রী আলো বেগমকে নিয়ে বাড়িতে বসবাস করেন।

পুলিশ, পরিবার ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি চলাচলের রাস্তার উপর বেড়া নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী হাসেন মাতুব্বর ও বিকুল মাতুব্বরের সঙ্গে সুজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সুজন তখন ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এ সময় প্রতিবেশীরা ওই রাস্তার একটি অংশে টিন দিয়ে বেড়া নির্মাণের চেষ্টা করলে তার মা জয়নব বেগম বাধা দেন। এ ঘটনায় সুজন গত ৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ করার জেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সুজন।

আহত তরিকুল ইসলাম সুজন নিজেকে যুবদল কর্মী দাবি করে জানান, শনিবার সকালে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় তার মা ও স্ত্রী এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এমনকি হামলার সময় তার স্ত্রীর ভিডিও করলে মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগও করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ফেসবুক লাইভে এসে সুজন বলেন, অভিযোগ করার কারণেই প্রতিবেশী হাসেন মাতুব্বর ও বিকুল মাতুব্বর গংরা তার ওপর হামলা করেছে। তাকে কুপিয়েছে, তার বৃদ্ধ মায়ের গায়েও হাত তুলেছে। এছাড়া সুজনের স্ত্রীকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলেছে হামলাকারীরা। তবে এ ঘটনায় অভিযুক্ত হাসেন মাতুব্বর ও বিকুল মাতুব্বর গংদের কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনকারী নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, বিষয়টি মূলত চলাচলের রাস্তা ও জমির সীমানা নিয়ে দুইপক্ষের বিরোধ। আজকে দুইপক্ষের ধাক্কাধাক্কির সময় সুজনের পা টিনে কেটে যাওয়ার কথা শুনেছি। পরিকল্পিত হামলার ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, দুইপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। যেহেতু সুজন জুলাই আন্দোলনে আহত একজন যোদ্ধা, তাই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে এবং যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ফরিদপুরে ডেঙ্গু–চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বাড়াতে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম
ফরিদপুরে ডেঙ্গু–চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বাড়াতে র‍্যালি

ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় ও ফরিদপুর জেনারেল হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন- ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগরওয়াল, কনসালটেন্ট ডা. মোয়াজজেম হোসেন, ডা. আল আমিন সরোয়ার এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান।

বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া বর্তমানে দেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এ দুটি রোগ মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়, যা পরিষ্কার পানিতে জন্মায়। তাই বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক, ড্রাম বা খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, মশারি ব্যবহার করা এবং মশা নিধনে স্থানীয় উদ্যোগ জোরদার করতে হবে।

আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সারাদেশের মতো ফরিদপুরেও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। জনসাধারণকে সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

চরভদ্রাসনে মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম
চরভদ্রাসনে মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে আমেরিকা প্রবাসী (আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মো. আলমগীর কবিরের ব্যাক্তিগত তহবিল থেকে ২৫০টি মসজিদের ইমামদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নে ব্যাপারী বাড়ির উঠানে তার পক্ষ থেকে মসজিদের ইমামদের হাতে এ উপহার সামগ্রী তুলেদেন আলমগীর কবিরের পিতা হাজী আব্দুর রহীম ও তার ছোট ভাই মো. মোস্তফা কবির।

এ সময় উপস্থিত ছিলেন- গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মো. রফিক ব্যাপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে উপস্থিত সকল ইমামদের সাথে কুশল বিনিময় শেষে সকলের উদ্দ্যেশে আলমগীর কবির বলেন, আমি করোনাকালীন সময় থেকে ইমামদের সহযোগিতায় পাশে আছি। আগামীতেও আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি ইমামদের সন্মানে তাদের সহযোগিতায় কাজ করে যাব। আমি চাই আমাকে দেখে দেশের যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন বিভিন্ন উপজেলায় তারাও এই মহতি কাজে এগিয়ে আসবেন।

জানা যায়, আলমগীর কবিরের ব্যাক্তিগত অর্থায়নে ২০০৬ সাল থেকে বিশেষ করে করোনাকালীন সময় ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উপজেলার অনেক অসহায় মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি দুস্থ মানুষের কল্যাণে নানামূখী কাজ করে যাচ্ছেন আলমগীর কবির।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য পঁচিশ কেজির ১বস্তা চাল, এক কেজি পেলাওর চাল, চিনি, সেমাই,গুড়া দুধ ও নগদ দুই হাজার টাকা।