খুঁজুন
, ,

ফরিদপুরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সেইলর

মাহবুব পিয়াল, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
ফরিদপুরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সেইলর

ইপিলিয়ন গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর  ফরিদপুরে তাদের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ আউটলেটের জমকালো উদ্বোধন করেছে। 

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ফরিদপুর মহাকালী মোড়ের থানা রোডে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত হয় গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সেইলর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ।

এ সময় ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন, পরিচালক কিশোয়ার জাহান, মোহাম্মদ জুনায়েদ আবু সালেহ মুসা ও নুর উদ্দিন আল রিয়াজসহ সেইলর এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মচারীসহ ফরিদপুরের সর্বস্তরের ক্রেতাগণ উপস্থিত ছিলেন।

সেলারের কর্মকর্তাবৃন্দ জানান, ফরিদপুরের সংস্কৃতি, ইতিহাস ও গৌরবকে সম্মান জানিয়ে সেইলর তাদের আউটলেটে ২টি বিশেষ সাংস্কৃতিক গ্যালারি রূপ দিয়েছে। এক পাশে স্থান পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত পল্লীকবি জসীমউদ্‌দীন–এর সাহিত্যকর্ম, বই ও পাণ্ডুলিপির অংশবিশেষ, যা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। অন্য পাশে শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ–এর জীবন ও বীরত্বগাথা। তাঁর স্মৃতিবিজড়িত উপস্থাপনাগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা জোগাবে।

তারা আরো জানান, সেইলর এর এই আউটলেটে মেন্স, ওমেন্স, কিডস, ফুটওয়্যার ও এক্সেসরিজসহ থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশাল সমাহার। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় অফার, নতুন সংগ্রহ (New Arrival) ব্যতীত সব পণ্যে ফ্ল্যাট ৪০% ডিসকাউন্ট এবং ৩,০০০ টাকার বেশি কেনাকাটায় ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা।

সেইলর-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, “আমরা চেয়েছি এই আউটলেটটি যেন ফরিদপুরের মানুষের নিজস্ব অনুভূতির অংশ হয়ে ওঠে। পল্লীকবি জসীমউদ্‌দীন ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গৌরবময় ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমরা ফরিদপুরের আত্মপরিচয়, সংস্কৃতি ও গর্বকে উদযাপন করেছি। সেইলর ফরিদপুরে আসতে পেরে গর্বিত। আমরা চাই নতুনত্বপূর্ণ কালেকশন, উন্নত ফ্যাব্রিকেশন, সেবা ও প্রিমিয়াম শপিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে ফরিদপুরের মানুষের ভালোবাসার ব্র্যান্ড হয়ে উঠতে। sailor is proud to be in Faridpur.

সেইলর-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ বলেন, “সেইলর আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ভালোবাসার ব্র্যান্ড। সেইলরের সঙ্গে ফরিদপুরে আসতে পেরে আমিও গর্বিত। আমি বিশ্বাস করি, ফ্যাশনে নতুনত্ব, উন্নত মান এবং প্রিমিয়াম অভিজ্ঞতার মাধ্যমে সেইলর খুব দ্রুতই ফরিদপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং ভালোবাসার একটি ব্র্যান্ড হিসেবে স্থান করে নিবে।”

ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিকে শূন্য ৫১৫টি প্রধান শিক্ষকের পদ, ভেঙে পড়ছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে ৮৮৮টি প্রাথমিকে শূন্য ৫১৫টি প্রধান শিক্ষকের পদ, ভেঙে পড়ছে পাঠদান

ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র আকার ধারণ করেছে প্রধান শিক্ষক সংকট। জেলার মোট ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫১৫টি প্রতিষ্ঠানই চলছে অভিভাবকহীন অবস্থায়। অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে স্থায়ী কোনো প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তদের ওপর ভর করে জোড়াতালি দিয়ে চলছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। এতে একদিকের যেমন প্রশাসনিক গতি স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে শ্রেণি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যানুযায়ী, ফরিদপুরে ৮৮৮টি বিদ্যালয়ে অনুমোদিত প্রধান শিক্ষকের পদও ৮৮৮টি। তবে এর মধ্যে বর্তমানে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত আছেন মাত্র ৩৭৩ জন। অর্থাৎ ৫৮ শতাংশেরই বেশি বিদ্যালয়ে পদ শূন্য রয়েছে।

​উপজেলাভিত্তিক হিসেবে দেখা যায়, সবচেয়ে খারাপ অবস্থা সদরপুর ও আলফাডাঙ্গায়।

জেলাটির ​সদরপুর উপজেলার ১৩০টি বিদ্যালয়ের বিপরীতে কর্মরত মাত্র ৪৩ জন, শূন্য পদ ৮৭টি।আলফাডাঙ্গায় ৭৩টি পদের মধ্যে কর্মরত ১৯ জন, শূন্য পদ ৫৪টি। ​নগরকান্দায় ৮৪টি বিদ্যালয়ে কর্মরত ৩০ জন, শূন্য পদ ৫৪টি। ​সালথা উপজেলায় ৭৬টি পদের মধ্যে কর্মরত ২৪ জন, শূন্য পদ ৫২টি। ​বোয়ালমারীতে ১০২টি পদের বিপরীতে কর্মরত ৪৬ জন, শূন্য পদ ৫৬টি। ​ভাঙ্গায় ১২০টি পদের মধ্যে কর্মরত ৪৯ জন, শূন্য পদ ৭১টি। ​মধুখালীতে ৯৬টি পদের বিপরীতে কর্মরত ৪৫ জন, শূন্য পদ ৫১টি। ​ফরিদপুর সদর উপজেলার ১৫৩টি বিদ্যালয়ে কর্মরত ৮০ জন, শূন্য পদ ৭৩টি ও ​চরভদ্রাসন উপজেলায় ৫৪টি পদের মধ্যে কর্মরত ৩৭ জন, শূন্য পদ ১৭টি।

​সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এসব শিক্ষকদের মূল পাঠদান বাদ দিয়ে নিয়মিত দাপ্তরিক নথিপত্র প্রস্তুত, প্রশাসনিক তদারকি, নানা সরকারি নির্দেশ বাস্তবায়ন ও বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে অংশ নিতে হচ্ছে। একজন শিক্ষক যখন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকছেন, তখন অন্য শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে বাড়তি চাপ পড়ছে। ফলে নিয়মিত শ্রেণির পরীক্ষা ও পাঠদান ব্যাপকভাবে পিছিয়ে পড়ছে।

​স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদরা উদ্বেগ প্রকাশ করে জানান, একটি বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলার কেন্দ্রবিন্দু হলেন প্রধান শিক্ষক। বছরের পর বছর এই পদ শূন্য থাকলে সার্বিক শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং কোমলমতি শিক্ষার্থীদের ভিত দুর্বল হয়ে পড়ে। দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

​এ বিষয়ে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম তৌফিকুর রহমান বলেন, “জেলার ৫১৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত দিয়ে কাজ চালাতে হচ্ছে। সমস্যাটি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য ও তালিকা পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

ফরিদপুরে ট্রেনের ছাদে দৌড়াদৌড়ির সময় গাছের ডালের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রেনের ছাদে দৌড়াদৌড়ির সময় গাছের ডালের ধাক্কায় কিশোর নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি করার সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে জাহিদুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে সাজেদুল শেখ নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জাহিদুল বোয়ালমারীর ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ছাদে উঠে জাহিদুল ও সাজেদুল দৌড়াদৌড়ি করছিল। ট্রেনটি চতুল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ঝুলন্ত ডালের সঙ্গে দু’জনের সজোরে ধাক্কা লাগে। এতে তারা ট্রেনের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান। জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত সাজেদুলকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ রায় জানান, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

​দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু দুর্ঘটনাটি রেলপথে ঘটেছে, তাই এটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

​রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সালথায় ২৮৫ সড়কে উন্নয়নের ছোঁয়া, উপজেলাটির ভাগ্য বদলের পথে ইউএনও দবির উদ্দিন

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
সালথায় ২৮৫ সড়কে উন্নয়নের ছোঁয়া, উপজেলাটির ভাগ্য বদলের পথে ইউএনও দবির উদ্দিন

ফরিদপুরের সালথা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ কমিয়ে মানুষের জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে ব্যাপক গ্রামীণ সড়ক উন্নয়ন। মাত্র কয়েক মাসের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় ২৮৫টি এইচবিবি ও সোলিং সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় বদলে যেতে শুরু করেছে যোগাযোগব্যবস্থা। আর এ উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

২০২৬ সালের ৩ মার্চ সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দবির উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার যোগাযোগব্যবস্থা, প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ এবং উন্নয়ন বঞ্চিত সড়কগুলোর বিষয়ে গুরুত্ব দেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

সালথা উপজেলায় রয়েছে আটটি ইউনিয়ন—রমকান্তপুর, যদুনন্দী, গট্টি, ভাওয়াল, আটঘর, মাঝারদিয়া, বল্লভদী ও সোনাপুর। প্রায় দুই লাখ মানুষের এই উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় সরাসরি সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো—সব ক্ষেত্রেই ছিল নানা প্রতিবন্ধকতা। বিশেষ করে বর্ষাকালে অনেক এলাকার যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ত।

এখন ২৮৫টি রাস্তার এইচবিবি ও সোলিং হওয়ায় সেই চিত্র বদলাতে শুরু করেছে। গ্রামের সঙ্গে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরের যোগাযোগ সহজ হচ্ছে। কৃষকরা কম সময়ে ও কম খরচে তাদের কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন। শিক্ষার্থীদের যাতায়াতও হচ্ছে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও সহজ হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, একটি রাস্তা শুধু চলাচলের পথ নয়; এটি একটি এলাকার অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভালো যোগাযোগব্যবস্থা তৈরি হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয় এবং মানুষের জীবনমান উন্নত হয়। সেই বিবেচনায় সালথার এসব সড়ক উন্নয়নকে অনেকেই মানুষের ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সড়ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, “দায়িত্ব নেওয়ার পর আমি চেষ্টা করেছি উপজেলার সাধারণ মানুষের সবচেয়ে জরুরি সমস্যাগুলো চিহ্নিত করতে। যোগাযোগব্যবস্থা ভালো হলে মানুষের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই প্রত্যন্ত এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে আমরা সড়ক উন্নয়নে গুরুত্ব দিয়েছি।”

তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আন্তরিক সহযোগিতা ও উন্নয়ন ভাবনার কারণে এসব কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য শুধু রাস্তা নির্মাণ নয়, মানুষের জীবনকে সহজ করা এবং উন্নয়নের সুফল প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া।”

দবির উদ্দিন আরও বলেন, “সালথার প্রতিটি ইউনিয়নের মানুষের উন্নয়ন চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

প্রশাসনের উদ্যোগ, জনপ্রতিনিধির সহযোগিতা এবং স্থানীয় মানুষের প্রত্যাশা—এই তিনের সমন্বয়ে এখন বদলে যাচ্ছে সালথার গ্রামীণ জনপদের চিত্র। ২৮৫টি সড়কে উন্নয়নের ছোঁয়া শুধু যোগাযোগ সহজ করেনি, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে প্রায় দুই লাখ মানুষকে। অনেকের চোখে, এটি সালথার উন্নয়নের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা।