খুঁজুন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র, ১৪৩২

সর্দি-কাশির শুরুতেই ওষুধ নয়, আগে মধু খান

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম
সর্দি-কাশির শুরুতেই ওষুধ নয়, আগে মধু খান

পরিবেশ এখন এই গরম, এই ঠান্ডা, হালকা ঠান্ডায় অনেকেরই সর্দি-কাশিতে নাক বন্ধ অবস্থা। আর এই অসুস্থতা দূর করতে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন অনেকে।

তবে বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরিবর্তে এসব সমস্যা মোকাবিলায় মধু বেশি কার্যকর।

সম্প্রতি এক গবেষণায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, জ্বর, ঠান্ডার মতো সাধারণ রোগের উপশমে সহজলভ্য মধু ব্যবহার করেই অ্যান্টিবায়োটিকের ফল পেতে পারেন।বিজ্ঞানীরা একটি গবেষণা প্রকল্প তৈরি করেন। তারা ১৪টি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেন যাতে ১ হাজার ৭৬১ জন অংশ নেয়। গবেষণায় অ্যান্টিহিস্টামিন, পেইনকিলারসহ অন্যান্য অ্যান্টিবায়োটিকের উপাদানও ব্যবহার করা হয়।

মানুষের শ্বাসযন্ত্রের ওপরের অংশে অবস্থিত নাক, গলা, কণ্ঠ, শ্বাসনালী যুক্ত ফুসফুসের সঙ্গে।

আর করোনাকালে ফুসফুসের কার্যকারিতা বাড়াতে ও ঠান্ডা জ্বর সারাতে নিয়মিত মাত্র এক চামচ মধু খেলেই উপকার পাওয়া যায়।
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে মধুর ব্যবহার নিরাপদ ও কার্যকর। মধুতে প্রায় ৪৫টিও বেশি খাদ্য উপাদান থাকে। তবে এতে সাধারণত কোনো চর্বি ও প্রোটিন নেই।প্রতি ১০০ গ্রাম মধু থেকে আমরা ৩০৪ ক্যালরি পাই।

মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলে তা রক্তনালির বিভিন্ন সমস্যা দূর করে এবং রক্তনালী পরিষ্কার করতে সাহায্য করে। শরীরে শক্তি জোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। নিয়মিত মধু খেলে লিভার পরিষ্কার থাকে, শরীরের বিষাক্ত উপাদানগুলো বের করে দেয় এবং শরীরের মেদ গলে বের হয়ে যায়। সংক্রমণ দূর করে ও ওজন নিয়ন্ত্রণে থাকে।

তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম
খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ মার্চ) ফরিদপুর সফরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এ সফরে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি গুরুত্বপূর্ণ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেগুনবাগিচা কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী সোমবার (১৬ মার্চ) সকাল ৮টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার সফর ব্যবস্থাপনায় থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ এলাকা থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের অংশগ্রহণের কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলি জমে বন্ধ হয়ে থাকা খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর করা, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সাধারণ মানুষের সরাসরি উপকার হবে বলে আশা করা হচ্ছে।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর প্রতিমন্ত্রী দুপুর দেড়টার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হবেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকার বনানীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে প্রতিমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রতিমন্ত্রীর একটি সরকারি সফর এবং এ সফরে তার সঙ্গে নিরাপত্তা দায়িত্বে একজন গানম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

ফরিদপুর জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২০ পিএম
ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর দরগা বাজার গ্রামের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে ইসমাইল মুন্সী (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে কয়েকজন কিশোর নদীর ঘাটে গোসল করতে নামে। এ সময় তারা নদীর তীরে খেলাধুলা করছিল। খেলতে খেলতে তাদের একটি বল নদীর মাঝামাঝি দিকে ভেসে গেলে ইসমাইল মুন্সী সেটি আনতে পানিতে নামে। তবে কিছুক্ষণ পর তাকে আর পানির উপর দেখা যায়নি। সঙ্গীরা তাকে না দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে ইসমাইলকে খুঁজে দেখেন, কিন্তু তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানানো হলে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফরের নেতৃত্বে উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে প্রাথমিক পর্যায়ের চেষ্টা সত্ত্বেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় ফরিদপুর থেকে একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয়দের দাবি, নদীর ওই ঘাটটি গভীর হওয়ায় সেখানে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমের পর নদীর স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় অনেক সময় অদক্ষ সাঁতারুদের জন্য তা বিপজ্জনক হয়ে ওঠে। এ কারণে এলাকাবাসী নদীর ঘাটে সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে নিখোঁজ ইসমাইল মুন্সীর পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেছেন। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর ইসমাইল মুন্সীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস নিয়মিত নজরদারি করছে।