খুঁজুন
, ,

আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত, জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ণ
আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত, জেনে নিন

বর্তমান সময়ে সুস্থ থাকা মানেই শুধু রোগমুক্ত থাকা নয়, বরং শরীরের ওজন, গঠন, জীবনযাপন; সবকিছু মিলিয়েই গড়ে ওঠে একজন মানুষের সামগ্রিক স্বাস্থ্যচিত্র।

অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা ওজন মাপার যন্ত্রে চোখ রেখে ভাবেন, ‘আমার ওজন কি ঠিক আছে?’ কেউ আবার ‘আদর্শ ওজন’ শুনলেই সরাসরি বিএমআই (BMI)-এর হিসাব কষতে শুরু করেন।

কিন্তু প্রশ্ন হলো, এই বিএমআই-ই কি শেষ কথা?

স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। কারণ, শুধু ওজন আর উচ্চতার অনুপাত দিয়ে শরীরের ভেতরের প্রকৃত অবস্থা বোঝা সবসময় সম্ভব হয় না। একই ওজনের দু’জন মানুষের শরীরের গঠন, চর্বির পরিমাণ, এমনকি রোগের ঝুঁকিও একেবারে ভিন্ন হতে পারে।

সম্প্রতি বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি-তে প্রকাশিত এক গবেষণায়ও উঠে এসেছে, শুধু বিএমআই দিয়ে কারও স্বাস্থ্য বিচার করলে অনেক সময় ভুল ধারণা তৈরি হতে পারে। এর বদলে তারা বিএমআইয়ের সঙ্গে কোমরের পরিধি ও চর্বির শতকরা হার মাপার মতো কিছু বিষয়ের ওপর গুরুত্ব দেন।

গবেষকেরা বলছেন, ওজন ও স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা পেতে ওসব পরিমাপের সঙ্গে জীবনযাপনের বিভিন্ন বিষয়–আশয়, যেমন খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম ও বংশগতির মতো বিষয়ও বিবেচনা করা উচিত।

বিএমআই ও এর সীমাবদ্ধতাগুলো কী

বিএমআই হিসাব করার জন্য প্রথমে কোনো ব্যক্তির ওজনকে কিলোগ্রাম এককে নিতে হবে। উচ্চতা পরিমাপ করতে হবে মিটারে। এরপর সেই ওজনকে মিটারের বর্গ দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে বিএমআই।

অর্থাৎ বিএমআই = ওজন (কিলোগ্রাম) ÷ উচ্চতা (মিটার)২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বিএমআই ১৮.৫–এর নিচে হলে ওজন কম ধরা হয়। ১৮.৫ থেকে ২৪.৯ পর্যন্ত থাকলে তা আদর্শ। এই সূচক ২৫ থেকে ২৯.৯ হলে তা অতিরিক্ত ওজন এবং ৩০–এর বেশি পাওয়া গেলে তাকে স্থূল ধরা হয়।

কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন, এই হিসাব শরীরের চর্বিহীন পেশি ও চর্বিযুক্ত পেশির ওজনের পার্থক্য করতে পারে না। ফলে একজন খেলোয়াড় বা পেশিবহুল ব্যক্তির বিএমআই বেশি দেখালেও তার শরীরে চর্বি প্রকৃতপক্ষে কম থাকতে পারে। আবার কারও ওজন ‘আদর্শ’ দেখালেও তার শরীরে অতিরিক্ত চর্বি থাকতে পারে।

গবেষকদের পরামর্শ, ওজন ও স্বাস্থ্যের সঠিক ধারণা পেতে এককভাবে বিএমআইয়ের ওপর নির্ভর করা যাবে না। এর পাশাপাশি আরও কিছুর পরিমাপ করতে হবে।

বিএমআইয়ের বিকল্প কী

বিএমআই পুরোপুরি বাদ দেওয়ার মতো কিছু নয়, তবে এটিকে একমাত্র মানদণ্ড ভাবাও ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনায় নেওয়া জরুরি—

১. কোমরের মাপ

এর মাধ্যমে পেটে জমা হওয়া চর্বির পরিমাণ সম্পর্কে জানা যায়। এটি জানার মাধ্যমে ডায়াবেটিস ও হৃদ্‌রোগ বিষয়ে সতর্ক থাকা সম্ভব। এটি সাধারণত নাভির ঠিক ওপরে টেপ দিয়ে মাপা হয়।

২. কোমর–হিপ অনুপাত

স্কিনফোল্ড ক্যালিপার, ডেক্সা স্ক্যান ও বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স (বিআই)–এর মতো পরিমাপক দিয়ে শরীরের আদর্শ গঠন সম্পর্কে মোটামুটি সঠিক ধারণা পাওয়া যায়।

স্কিনফোল্ড ক্যালিপার এমন একটি বিশেষ যন্ত্র, যা দিয়ে শরীরের চামড়া ও এর নিচের চর্বির পুরুত্ব মাপা হয়। এটি সাধারণত বাহু, ঊরু, পেট, পিঠ ইত্যাদি জায়গার চামড়া চেপে ধরে চর্বির স্তর মাপতে ব্যবহার করা হয়।

ডেক্সার পূর্ণরূপ হলো ডুয়েল এনার্জি এক্স–রে অ্যাবজর্পশোমেট্রি। এ পরীক্ষার মাধ্যমে ছবি তুলে শরীরের বিভিন্ন অংশের হাড়, পেশি ও চর্বি আলাদা করে মাপা যায়।

বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স হলো শরীরের চর্বি, পেশি, পানি ইত্যাদির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি।

৩. শরীর–আকৃতি সূচক (বিএসআই)

স্থূলতাসংক্রান্ত উচ্চঝুঁকি এড়াতে এই পরিমাপ করা হয়। এটি বিএমআই ও কোমরের মাপের সমন্বয়ে একটি পরিমাপের পদ্ধতি।

তবু মিলিয়ে নিন আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন

যদিও জীবনযাপন, খাদ্যাভ্যাস ও বংশগতির প্রভাব রয়েছে, তবুও একটি সাধারণ ধারণা পেতে নিচের হিসাবটি কাজে লাগতে পারে—

উচ্চতা যখন ৫ ফুট ২ ইঞ্চি, ওজন হতে হবে ৪৭–৬১ কেজি

উচ্চতা যখন ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৫৩–৬৮ কেজি

উচ্চতা যখন ৫ ফুট ১০ ইঞ্চি, ওজন হতে হবে ৬০–৭৯ কেজি

এই হিসাব বিএমআই অনুযায়ী করা হয়েছে। কাজেই ওজন ও স্বাস্থ্যের সঠিক ধারণা পেতে এর সঙ্গে অন্যান্য পরিমাপকের সুসমন্বয় করতে হবে।

সূত্র: দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি

 

ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার বাড়ির বেড়া ভেঙে জমি দখলের অভিযোগ

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার বাড়ির বেড়া ভেঙে জমি দখলের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ির বেড়া ভেঙে জমি দখলের চেষ্টা এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন (৭৫) ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেনের সঙ্গে একই এলাকার রতন কাজী (৭০), ফরিদ কাজী (৩৫), মমিন কাজী (৫০), মেজবাউদ্দিন কাজী (৪৫)সহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করা হয়। তবে পরিমাপ শেষে অভিযুক্তদের অংশ বুঝিয়ে দেওয়া হলেও নিজের জমি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি দাবি করে ওই পরিমাপে আপত্তি জানান লোকমান হোসেন। তিনি অভিজ্ঞ আমিনের মাধ্যমে পুনরায় জমি পরিমাপের দাবি করেন।

এরপর থেকেই অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তার জমি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তারা বসতবাড়ির টিনের বেড়া ভেঙে ফেলেন এবং জমিতে থাকা গাছপালা কেটে নেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ গত ১৬ জুলাই সকালে কয়েকজন দলবল নিয়ে বাড়ির সামনে এসে জড়ো হয়ে বাড়িঘর ভাঙচুর, জমি জোরপূর্বক দখল এবং বাধা দিলে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার পর থেকে যেকোনো সময় হামলা, ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবার।

বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন বলেন, “আমি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। অথচ আজ নিজ দেশে, নিজের ভিটেমাটিতে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমাদের নিরাপত্তা চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মমিন কাজী বলেন, “এটি আমাদের পৈতৃক সম্পত্তি। এই জমি নিয়ে ইতোমধ্যে তিনবার সালিশ হয়েছে। সরকারি আমিন দিয়ে জমি মেপে লোকমান হোসেনকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সালিশের সিদ্ধান্ত মানছেন না। আমাদের অংশের মধ্যে তার বেড়া ও গাছপালা রয়েছে। স্থানীয় সালিশকারীরা সেগুলো সরিয়ে দিতে বলেছিলেন। তিনি তা না করায় আমরা আমাদের জায়গার বেড়া খুলে দিয়েছি। কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।”

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ, খরচ-শ্রমিক সংকটে হাসি নেই কৃষকের

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
ফরিদপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ, খরচ-শ্রমিক সংকটে হাসি নেই কৃষকের

দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া এবং ভালো ফলনের আশায় কৃষকেরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে পাট চাষ করেছেন। তবে বাজারে পাটের দাম তুলনামূলক ভালো থাকলেও উৎপাদন ব্যয়, শ্রমিক সংকট এবং পাট কাটার অতিরিক্ত খরচের কারণে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুরে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৭ হাজার ৩২৮ হেক্টর জমিতে। কিন্তু কৃষকদের আগ্রহে শেষ পর্যন্ত ৮৭ হাজার ৪০২ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাট ও আড়তে প্রতি মণ পাটের দাম ৩ হাজার ৮০০ টাকা থেকে ৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত রয়েছে। ব্যবসায়ীদের মতে, গত কয়েক বছরের তুলনায় এ দাম মোটামুটি সন্তোষজনক। কিন্তু কৃষকদের দাবি, উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই দামে লাভ খুবই সীমিত।

বোয়ালমারী উপজেলার কৃষক নুর আলম বলেন, “পাটের দাম আগের তুলনায় ভালো হলেও সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে। এক বিঘা জমিতে পাট চাষ করতে যে খরচ হয়, সে তুলনায় বর্তমান বাজারদামে তেমন লাভ থাকে না। প্রতি কাটা জমিতে গড়ে আধা মণ পাট উৎপাদন হয়। অন্তত প্রতি মণ পাটের দাম ৫ হাজার টাকার বেশি হলে কৃষক কিছুটা স্বস্তি পেত।”

নগরকান্দা উপজেলার কৃষক আলিম মোল্যা বলেন, “সবচেয়ে বড় সমস্যা এখন শ্রমিক সংকট। সময়মতো পাট কাটার লোক পাওয়া যাচ্ছে না। অনেক সময় কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে। এতে পাট বেশি বড় হয়ে গেলে আঁশের মানও কমে যাওয়ার আশঙ্কা থাকে।”

ভাঙ্গা উপজেলার কৃষক শহিদ খান বলেন, “পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানো—সব মিলিয়ে অনেক শ্রমের কাজ। এখন একজন শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এত খরচ দিয়ে পাট চাষ করে খুব বেশি লাভ থাকে না।”

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনেক কৃষক ইতোমধ্যে পাট কাটা শুরু করেছেন। কোথাও কোথাও পাট জাগ দেওয়া হয়েছে, আবার কোথাও আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে অধিকাংশ কৃষকেরই অভিযোগ, শ্রমিকের অভাবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাচ্ছে না।

কৃষকেরা জানান, কয়েক বছর আগের তুলনায় কৃষি শ্রমিকের সংখ্যা কমে গেছে। অনেকেই বিকল্প পেশায় চলে যাওয়ায় মৌসুমি শ্রমিকের সংকট তৈরি হয়েছে। ফলে পাট কাটার মৌসুমে শ্রমিকের চাহিদা বাড়লেও সেই অনুপাতে শ্রমিক পাওয়া যাচ্ছে না।

ফরিদপুরের পাট আড়ৎদার সুজন মাতুব্বর বলেন, “এবার বাজারে ভালো মানের পাট আসছে। বর্তমানে প্রতি মণ পাটের দাম ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৩০০ টাকার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং দেশের বিভিন্ন পাটকলের ক্রয় কার্যক্রমের ওপর দাম আরও বাড়তে বা কমতে পারে।”

তিনি বলেন, “কৃষকেরা যদি ভালোভাবে পাট শুকিয়ে বাজারে আনেন, তাহলে উন্নত মানের পাটের দাম আরও বেশি পাওয়া সম্ভব।”

ফরিদপুরের কয়েকজন পাটকল মালিক জানান, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ায় প্রাকৃতিক আঁশ হিসেবে পাটের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। তবে কাঁচাপাটের সরবরাহ, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং রপ্তানি আদেশের ওপর বাজারদর নির্ভর করে। তারা মনে করেন, সরকার পাটের ব্যবহার ও রপ্তানি আরও বাড়াতে কার্যকর উদ্যোগ নিলে কৃষকরাও ন্যায্য মূল্য পাবেন।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৭ হাজার ৩২৮ হেক্টর। কিন্তু কৃষকের আগ্রহে ৮৭ হাজার ৪০২ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।”

তিনি বলেন, “এ বছর আবহাওয়া পাটের জন্য অনুকূলে ছিল। তাই ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন, যাতে উন্নতমানের পাট উৎপাদন নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “শ্রমিক সংকট একটি বাস্তব সমস্যা। তবে কৃষকেরা যাতে সময়মতো পাট সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, একসময় ‘সোনালি আঁশ’ নামে পরিচিত পাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণে আবারও পাটের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। তবে উৎপাদন ব্যয় কমানো, শ্রমিক সংকট নিরসন, উন্নত জাতের পাট সম্প্রসারণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ খাত আরও শক্তিশালী হবে।

ফরিদপুরের কৃষকদের প্রত্যাশা, বাজারে প্রতি মণ পাটের দাম যদি ৫ হাজার টাকার ওপরে ওঠে এবং উৎপাদন ব্যয় কিছুটা কমে, তাহলে আগামী বছর আরও বেশি কৃষক পাট চাষে আগ্রহী হবেন। বর্তমানে ভালো ফলনের আশা থাকলেও লাভের হিসাব মেলাতে না পারায় অনেক কৃষকের মুখে এখনো স্বস্তির হাসি ফুটেনি।

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ভিন্ন জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নীল জার্সিতে খেলেছিল তারা, যেই জার্সি এই আসরে তারা এর আগে পরেছিল জর্ডানের বিপক্ষে। এই দুই ম্যাচে তারা অ্যাওয়ে জার্সি পরলেও ফাইনালে হোম জার্সি পরেই খেলবে।

নিশ্চিত হওয়া গেছে যে, বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে তারা যে হোম কিট ব্যবহার করেছিল, ফাইনালেও সেটিই পরবে। বিশ্বচ্যাম্পিয়নরা স্পেনের বিপক্ষে যে কিটটি পরবে, এই বিশ্বকাপে কেবল তিনটি ম্যাচে তার পরিবর্তন এনেছিল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচের একটিতে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে বিকল্প (অ্যাওয়ে) কিট পরেছিল। সাম্প্রতিক সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তারা বিকল্প কিট পরে মাঠে নেমেছিল।

এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই কিটেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।

এদিকে, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন। যেটা তিনি ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল। তবে গত বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও আর্জেন্টিনা সাদা শর্টস ও মোজা পরেছিল।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করা স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে। নীল হাতা ও হলুদ নকশায় সম্পূর্ণ লাল রঙের জার্সি।