খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল

ইসলাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে ঈদ কবে, যা জানা গেল

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণে আগামী ১৯ মার্চ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ওইদিন সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বিশ্লেষণ করে জানা গেছে, আগামী ২০ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইমেরাতস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাস শুরু হওয়ার অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আল জারওয়ান আশা প্রকাশ করেছেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এই সূচকগুলোর ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ এবার একই দিনে ঈদ শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।

তবে ধর্মীয় রীতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকেই আসবে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদ হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের এই নতুন পূর্বাভাস সরকারি সেই পরিকল্পনার সঙ্গেই মিলে যাচ্ছে।

ফরিদপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক হলেন ২ তরুণ

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
ফরিদপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরানের সমর্থক হলেন ২ তরুণ

ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দল ছেড়ে এবার ইরানে সমর্থক হলেন ২ তরুণ।

বুধবার (১৭ জুন) সরকারি কে.এম কলেজ মাঠে এই ঘটনা ঘটে। এসময় তাদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরা হলেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর ও পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন।

এই বিষয়ে সবুজ মাতুব্বর বলেন, আমি ছোট সময় থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। আমাদের দেখলেই সবাই সেভেন আপ বলে অপমান করে। আর ৬ আসরে ব্রাজিল দলের ধারাবাহিক পারফরম্যান্স এতো বাজে যে কোথাও বুক ফুলিয়ে কথা বলতে পারি না। আর আমি দেখলাম একজন মুসলিম হয়ে মুসলিম দলকে সমর্থন করা উচিত তাই আমি এবার ইরানের সমর্থক হলাম।

এই বিষয় ফরহাদ হোসেন বলেন, আমি বাসা থেকেই বের হলে বলে সেভেন আপ, সেভেন আপ। চায়ের দোকানে চা চাইলে চা না দিয়ে বলে সেভেন আপ খান। আমি আর এই দলে থাকতে চাই না, তবে ভবিষ্যৎ দিনে কোন দলের সমর্থক হবো এখনও সিদ্ধান্ত নেই নি। এসময় আমি স্থানীয় সাংবাদিক সোহাগ মাতুব্বর ভাইয়ের কাছ থেকে শপথ বাক্য পাঠ করি।

ফরিদপুরে ১২০ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে ১২০ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’

নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১২০টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ফরিদপুর জেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।

দেশের ২০টি জেলার ২০টি উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দেন অতিথিরা। বাকি কার্ডগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তবে উদ্বোধনের দিন থেকেই সকল সুবিধাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেনা জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস।

এছাড়া উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক সুরক্ষা, খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা এবং পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন সেবার আওতায় আরও সহজে যুক্ত হতে পারবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদপুরে ৩ দিন ধরে শিশু নিখোঁজ, ইমো বার্তায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে ৩ দিন ধরে শিশু নিখোঁজ, ইমো বার্তায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে সামিউল মল্লিক (৯) নামের এক শিশু। বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজের একদিন পর স্বজনদের ইমো নাম্বরে ম্যাসেজ দিয়ে ৩ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ সামিউল মল্লিক সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা মিরাজুল মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে সামিউল একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের দাবি, মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে সামিউলের চাচাতো চাচা রবিন মল্লিকের ইমো নম্বরে একটি বার্তা আসে। সেখানে সামিউলকে ফেরত পেতে ৩ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, সামিউলের সন্ধান পেতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত সামিউলকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ্ বলেন, শিশু নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।