খুঁজুন
, ,

কোমরে ব্যথায় কষ্ট পাচ্ছেন? কোন তিনটি ব্যায়াম সমস্যার সমাধান করতে পারে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
কোমরে ব্যথায় কষ্ট পাচ্ছেন? কোন তিনটি ব্যায়াম সমস্যার সমাধান করতে পারে?

কোমরের ব্যথা কমানোর জন্য নির্দিষ্ট কিছু স্ট্রেচিং বা ব্যায়াম অত্যন্ত কার্যকরী হতে পারে। তবে ব্যথা যদি খুব তীব্র হয় বা পায়ের দিকে ছড়িয়ে যায়, তবে ব্যায়াম শুরু করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাধারণ ব্যথার জন্য তিনটি ব্যায়াম সবচেয়ে বেশি ফলদায়ক বলে মনে করা হয়।

১. ক্যাট-কাউ স্ট্রেচ

এই ব্যায়ামটি মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে এবং কোমরের পেশির ওপর চাপ কমায়।

পদ্ধতি: হাত এবং হাঁটুর ওপর ভর দিয়ে টেবিলের মতো ভঙ্গি করুন। শ্বাস নেওয়ার সময় পেট নীচের দিকে নামিয়ে দিন এবং মাথা ওপরের দিকে তুলুন। এটি কাউ পোজ়। আবার শ্বাস ছাড়ার সময় পিঠ ওপরের দিকে ধনুকের মতো বাঁকান এবং চিবুক বুকের কাছে নিয়ে আসুন। এটি ক্যাট পোজ়। এভাবে ১০-১৫ বার করুন।

২. চাইল্ড’স পোজ

এটি কোমরের পেশিগুলোকে প্রসারিত করে এবং মানসিক শান্তিও দেয়।

পদ্ধতি: হাঁটু ভাঁজ করে গোড়ালির ওপর বসুন। এবার আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে কপাল মেঝেতে ঠেকান। হাত দুটো সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিন অথবা শরীরের পাশে রাখুন। এই অবস্থায় ৩০ থেকে ৬০ সেকেন্ড থাকুন এবং লম্বা শ্বাস নিন।

৩. নি-টু-চেস্ট স্ট্রেচ

এটি কোমরের নিচের দিকের পেশি এবং নিতম্বের পেশির আরামের জন্য দারুণ।

পদ্ধতি: চিত হয়ে শুয়ে পড়ুন। এবার এক পা ভাঁজ করে দু’হাত দিয়ে টেনে বুকের কাছে নিয়ে আসুন। অন্য পা সোজা করে মেঝেতে রাখুন। একইভাবে অন্য পায়েও করুন। চাইলে দুই পা একসঙ্গেও বুকের কাছে টেনে ধরতে পারেন। প্রতি পায়ে ৩০ সেকেন্ড করে ধরে রাখুন এবং ৩ বার করে পুনরাবৃত্তি করুন।

মনে রাখবেন

১। ব্যায়াম করার সময় জোর করে অতিরিক্ত স্ট্রেচ করবেন না।

২। সব সময় সমতল এবং শক্ত জায়গায়, যেমন যোগব্যায়ামের ম্যাটে শুয়ে ব্যায়াম করবেন।

৩। ব্যায়াম করার সময় নিয়মিত শ্বাস-প্রশ্বাস সচল রাখুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীব

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের দায়ে স্বামীর যাবজ্জীব

ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের মামলায় জাহিদ শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

​রায় ঘোষণার সময় আসামি জাহিদ শেখ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জাহিদ শেখ নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা।

​আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক নারীর সঙ্গে বিয়ে হয় জাহিদ শেখের। এর আগে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাকে ঢাকায় নিয়ে আসেন জাহিদ। বিয়ের কিছুদিন পর ভালো চাকরির প্রলোভনে ওই নারীকে ভারতের কেরালায় পাচার করে দেওয়া হয়। সেখানে কেরালা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আইনি সহায়তায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

​এ ঘটনায় ২০১৬ সালের ৫ মার্চ ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে জাহিদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটি তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

​আদালত মানব পাচার দমন আইনের অপর একটি ধারায় জাহিদকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে দুটি সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

​অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলা চালানো ও গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে অভিযুক্ত সৈয়দ শামস্ তাবরেজ (৫৫) ও তার স্ত্রী খাদিজা বেগমের (৪৫) বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগ আনা হয়।

​এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সৈয়দা মোশায়রা মাহবুবা।

​তিনি সাংবাদিকদের জানান, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সৈয়দ শামস্ তাবরেজ ও তার স্ত্রী লোহার রড, বাঁশের লাঠি এবং কাঠের বাটাম দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, এই ন্যাক্কারজনক হামলায় তারা শারীরিকভাবে মারাত্মক জখম হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তারা।

 

ফরিদপুরে হামে আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরে হামে আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ২১

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলাটিতে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৯১ জনে। আর এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

​জেলা স্বাস্থ্য বিভাগের ২৮ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাসেবা শেষে দুই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

​প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে ৩৬ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা। বাকি ১৪ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে এসে ভর্তি হয়েছেন।

​বর্তমানে জেলাটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন হাম রোগী। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন ভর্তি আছেন।