খুঁজুন
, ,

ফেসবুকে ঘোষণা দিয়ে সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আহাদের পদত্যাগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ফেসবুকে ঘোষণা দিয়ে সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আহাদের পদত্যাগ

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আহাদ পদত্যাগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে সৈয়দ আহাদ স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না বলেও ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, “আসসালামুয়ালাইকুম। আমি সৈয়দ আহাদ, পিতা—সৈয়দ সরোয়ার হোসেন, থানা—সালথা, জেলা—ফরিদপুর। এই মর্মে ঘোষণা করিতেছি যে, বাংলাদেশ ছাত্রলীগ সালথা উপজেলা শাখার সহ-সভাপতির পদ থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার কোনো সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

সৈয়দ আহাদের এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি তার পোস্টে উল্লেখ করেননি, তবে রাজনৈতিক ও সামাজিক মহলে বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা চলছে।

স্থানীয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সৈয়দ আহাদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার পদত্যাগের বিষয়ে উপজেলা ছাত্রলীগ বা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা নতুন কিছু নয়। তবে একটি সংগঠনের দায়িত্বশীল পদে থাকা নেতার এ ধরনের ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সৈয়দ আহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তার কাছ থেকে অতিরিক্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের নেতারা কী সিদ্ধান্ত নেন, সে দিকেও নজর রয়েছে স্থানীয় রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় ছাত্র ও যুব রাজনীতিতে সাংগঠনিক পরিবর্তন ও পদত্যাগের ঘটনা আলোচনায় রয়েছে। সৈয়দ আহাদের পদত্যাগ সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
মাদকসেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজাম তালুকদার নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে।

মাদকসেবীদের এমন বেপরোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের হঠাৎ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নিজাম তালুকদার জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা নামক পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সমাজের বানী নামক একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজার এলাকায় কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছিল। এ সময় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক নিজাম তালুকদারের ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, একজন সংবাদকর্মীর ওপর মাদকসেবীদের এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকসেবীদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে, এখন মাদকের বিরুদ্ধে কথা বলতেও সাংবাদিকদের ওপর হামলার শিকার হতে হচ্ছে। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরাসরি হুমকি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সালথা প্রেসক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
নির্যাতন-হয়রানির অভিযোগ তুলে ফরিদপুরে আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

​দীর্ঘদিন ধরে নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হওয়ার মারাত্মক অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ এবং চিরতরে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন মিয়া।

​রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ তোলেন।

​লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা তুলে ধরে জানান, তিনি ১৯৯৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের মুখ্য সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। এর আগে ২০০৯ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

​তিনি অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া বাজারে একটি জনসভায় লাবু চৌধুরীর উপস্থিতিতে তাঁর ছেলে বায়তুল ও ছোট ছেলে বাবুল চৌধুরী তাঁকে প্রকাশ্যে মারধর করেন। এ সময় তাঁর বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর এবং মূল্যবান মালামাল লুটপাট করা হয় বলেও তিনি দাবি করেন।

​দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে একে একে ১৬টি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় তাঁকে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরবর্তীতে আদালত থেকে তিনি মামলাগুলো থেকে অব্যাহতি লাভ করেন বলে সংবাদ সম্মেলনে জানান।

​তিনি আরও উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর তাঁর পরিবার ও সালথার আটটি ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন, মামলা ও হয়রানির ঘটনা ঘটে। এর ফলে বহু নেতা-কর্মী এলাকা ছাড়তে বাধ্য হন। এসব বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে বারবার অভিযোগ জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি।

​দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। জনকল্যাণে যদি কাজ করার সুযোগ না থাকে, তবে পদে টিকে থাকার কোনো অর্থ হয় না। তাই তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

​সংবাদ সম্মেলনে তিনি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে বিগত দিনের দুঃখ-কষ্টের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁদের নিরন্তর সহযোগিতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

ফরিদপুরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার মামলার আসামি ও আটক পুত্র ফারদিন হুদা মুগ্ধ (২৬) এবার নিজের মায়ের গলায় ছুরি চালিয়ে তাঁকে আহত করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​আহত মা শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তাজনিত চরম আশঙ্কায় পুলিশের সুরক্ষায় স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে মুগ্ধের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তার বালিকা স্ত্রী। দীর্ঘ সাড়ে তিন মাস সহ্য করার পর গত শনিবার যেকোনো সময় তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে তালমার মোড়ে নিজের বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মুগ্ধ পারিবারিক ভবনের দোতলায় নিজের মায়ের ঘরের দরজা ভেঙে আলমারি ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে দলিল ও সোনার সন্ধান চালায়।

​এ সময় ভয়ে নিচতলায় ফুফুর (ননদ) ঘরে লুকিয়ে ছিলেন মা সিলভিয়া হুদা আলো। কিন্তু ঘাতক ছেলে সেখানেও প্রবেশ করে এবং আচমকা মায়ের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাশের বাড়ির বাগানে লুকিয়ে থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে মুগ্ধকে খুঁজে পায়নি বলে জানা গেছে।

​এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল কিনে না দেওয়ার জেরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে এই মুগ্ধের বিরুদ্ধেই। একের পর এক এমন লোমহর্ষক কর্মকাণ্ডে পুরো পরিবার ও এলাকাবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অভিযুক্ত মুগ্ধকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”