খুঁজুন
, ,

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছিল ইংল্যান্ডের। ফ্রান্সও শেষ চারে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হতাশা ঝেড়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল থ্রি লায়ন্সরা। বুকায়ো সাকার হ্যাট্রিকে গতবারের রানারআপ ফ্রান্সকে ৬-৪ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩ টায় অনুষ্ঠিত খেলায় মিয়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। মাত্র তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ডেকলান রাইস। ফ্রান্সের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।

এরপর ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। ডেকলান রাইসের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে আরও চাপে পড়ে যায় ফ্রান্স। সেই সুযোগে ৩৭তম মিনিটে তৃতীয় গোল পায় ইংল্যান্ড। মার্কাস র‍্যাশফোর্ডের তৈরি করা আক্রমণ থেকে গোল করেন বুকায়ো সাকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন সাকা। ফলে বিরতিতে ৪-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধেই ফ্রান্সের জালে চারবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

এদিন প্রথমার্ধে ইংল্যান্ডের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। সাকার গতি ও দক্ষতা ফ্রান্সের রক্ষণকে বারবার বিপদে ফেলেছে। অন্যদিকে ফরাসি প্রথমার্ধে দলকে দেখা গেছে ছন্নছাড়া। কিলিয়ান এমবাপ্পে ও তার সতীর্থরা আক্রমণে তেমন কোনো ধার তৈরি করতে পারেননি।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমার্ধে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে ইংল্যান্ড ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্সের প্রত্যাবর্তন ম্যাচটিকে রোমাঞ্চকর করে তোলে। আক্রমণের ধার বাড়িয়ে ইংল্যান্ডের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে ফ্রান্স। সেই চাপ থেকেই ব্যবধান কমাতে শুরু করে তারা। ম্যাচের ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে গোল করে ব্যবধান কমান। ম্যাচের ৫৪ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন বারকোলা। এরপর ম্যাচের ৬৬ মিনিটে আরও একটি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন ফরাসি অধিনায়ক।

শেষ মুহূর্তে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টির সুযোগ পায় ইংল্যান্ড। পেনাল্টিতে ফ্রান্সে জালে আবারও বল জড়ান সাকা। এতে হ্যাট্রিকের দেখা পান ইংলিশ এই তারকা। এছাড়া অতিরিক্ত সময়ের ৮ মিনিটে ইংল্যন্ডের হয়ে ৬ নম্বর গোলটি করেন বেলিংহাম।

এদিকে সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে ফরাসিরা। এর ফল হিসেবে ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটের সময় আবারও ইংলেন্ডের জালে বল জড়ান ফ্রান্সের ডেম্বেলে।

তবে শেষ পর্যন্ত ৬-৪ গোলের নাটকীয় জয় নিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে ফ্রান্স।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল ইংল্যান্ডের। অন্যদিকে স্পেনের কাছে ২-০ গোলে হেরে হতাশ হয়েছিল ফ্রান্স। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি দুই দলের জন্যই ছিল বিশ্বকাপ শেষ করার শেষ সুযোগ। ম্যাচের আগে এই লড়াই নিয়ে দুই দলেই কিছুটা অনাগ্রহ থাকলেও মাঠে তার কোনো ছাপ দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়।

এই জয়ে সেমিফাইনালের হতাশা কিছুটা হলেও ভুলতে পারল ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান নিয়ে দেশে ফিরছে তারা। অন্যদিকে ফ্রান্সের জন্য ম্যাচটি হয়ে উঠল হতাশার আরেকটি অধ্যায়।

এর আগে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে হেরে চতুর্থ হয়েছিল ইংল্যান্ড। তাই ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান অর্জন। একই সঙ্গে এটি ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের সেরা ফলও।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির মোবাইল নম্বর ক্লোন, হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির মোবাইল নম্বর ক্লোন, হোয়াটসঅ্যাপে টাকা চেয়ে প্রতারণা

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর মুঠোফোন নম্বর ক্লোন করে তার পরিচয়ে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে ওই প্রতারণার ফাঁদে পড়ে তার এক সহকারী বিকাশের মাধ্যমে মোট ৪০ হাজার ৫৪০ টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছেন।

এ ঘটনায় প্রতারণার শিকার শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. নাঈম মোল্লা (৩৩) রোববার (১৯ জুলাই) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ফজলুল হকের ছেলে এবং কবিরুল ইসলাম সিদ্দিকীর সহকারী হিসেবে কাজ করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে কবিরুল ইসলাম সিদ্দিকীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাঈম মোল্লার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। সেখানে বিকাশ নম্বর ০১৮৭৬৩৪১৬৩৫-এ জরুরি ভিত্তিতে ১০ হাজার টাকা পাঠাতে বলা হয়। পরিচিত ব্যক্তির নম্বর থেকে বার্তা আসায় কোনো সন্দেহ না করে তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে টাকা পাঠিয়ে দেন।
এরপর আরেকটি বিকাশ নম্বর ০১৮২৪২৭২৯৫৭-এ আরও ৩০ হাজার ৫৪০ টাকা পাঠানোর অনুরোধ করা হলে তিনিও সেটি পাঠিয়ে দেন। পরে তৃতীয় আরেকটি নম্বর ০১৮৯৭৩৬৪৯৮২-এ আরও ২০ হাজার টাকা পাঠাতে বলা হলে তার সন্দেহ হয়। এরপর তিনি সরাসরি কবিরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, তার মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র এই প্রতারণা চালাচ্ছে। তখনই তিনি বুঝতে পারেন, মোট ৪০ হাজার ৫৪০ টাকা তিনি প্রতারকদের হাতে তুলে দিয়েছেন।

ঘটনার পর রোববার বিকেল ৪টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানান, প্রেসক্লাব সভাপতির নম্বর ক্লোন করে হ্যাকাররা বিভিন্ন ব্যক্তি ও পরিচিতজনের কাছে টাকা দাবি করছে। তিনি সবাইকে অনুরোধ করেন, ওই নম্বর থেকে কোনো ধরনের আর্থিক সহায়তার অনুরোধ এলে অবশ্যই ফোন করে পরিচয় নিশ্চিত হতে। একই সঙ্গে কোনো অবস্থাতেই ওটিপি, বিকাশ পিন, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানান।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, তার জানা মতে ইতোমধ্যে ৪০ হাজার টাকার বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। আরও কেউ প্রতারণার শিকার হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “শুধু হোয়াটসঅ্যাপ বার্তা দেখে কেউ যেন টাকা লেনদেন না করেন।”

ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জিডির ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও বিকাশ নম্বরগুলোর তথ্য সংগ্রহ করে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতাও নেওয়া হবে বলে তিনি জানান।

ভাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ৩০ লাখ টাকার গাঁজা উদ্ধার, পালালেন দুই মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
ভাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ৩০ লাখ টাকার গাঁজা উদ্ধার, পালালেন দুই মাদক কারবারি

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার (২০ জুলাই) ভোরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানের কাছে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ শিরোপার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছে স্পেন। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে প্রায় ৪৮১ কোটি টাকা।

ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা।

এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই আর্থিক পুরস্কার পেয়েছে। তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।