খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

ঘুচছেই না সামাজিক ব্যবধান

সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম
ঘুচছেই না সামাজিক ব্যবধান

‘বিদগ্ধ নাগরিকের মার্জিত ভাষা যেন ভিটামিন বর্জিত ছাঁটা সিদ্ধ চালের ফ্যানগালা ভাত। তার না থাকে স্বাদ, না থাকে পুষ্টি’—এ মন্তব্য একদা অন্নদাশঙ্কর রায় করেছিলেন ‘বাংলার রেনেসাঁস’ নামে বইয়ে।

বাংলার রেনেসাঁস বহু অঘটন ঘটিয়েছিল ঠিকই, কিন্তু ভদ্রলোক শ্রেণি ও শ্রমিক শ্রেণির মধ্যকার ব্যবধানটি ঘোচাতে পারেনি। আর এই ব্যবধানেরই একটি অভিব্যক্তি হচ্ছে ভাষার ব্যবধান।

 

সাহিত্যের ভাষাকে রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী মানুষের মুখের ভাষার কাছাকাছি আনার ব্যাপারে যথেষ্ট করেছেন, এনেছেনও খানিকটা, কিন্তু খুব বেশি দূর এগোয়নি। সাহিত্যের ভাষা আলাদা হয়েই রইল। আর সেই ভাষাই হয়ে দাঁড়াল বিদগ্ধ নাগরিকের মার্জিত ভাষা।
আমরা অবশ্য জানি কেউ কেউ চেষ্টা করেছিলেন চলতি বুলিকেই সাহিত্যের বুলি করবেন—যেমন প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহ, কিন্তু তাঁদের ভাষা কল্কে পায়নি, বিদগ্ধ মার্জিতজনেরা নিজেদের ভাষাকে আলাদা করে রেখেছেন জনগণের ভাষা থেকে।

অতি সম্প্রতি দেখলাম একজন প্রবীণ সাহিত্যিক ডি. এইচ লরেন্সীয় ভঙ্গিতে রোমহর্ষক শব্দাবলি উপহার দিয়েছেন তাঁর লেখায়, সেই বইয়ের ব্যাপার নিয়ে আমি উচ্চবাচ্য করছি না, খামোখা খামোখা তার কাটতি বাড়াতে রাজি নই আমি, তবে সত্য এই যে এসব শব্দ ব্যবহার করে যতই শিহরন ব্যক্তি বিশেষের লভ্য হোক না কেন, তাতে ভাষা বদলাবে না, বরঞ্চ ওই সব শব্দগুলোই শিলাবৃষ্টির শিলার মতো মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে।
বলা হয়ে থাকে যে ইংরেজি ভাষা এ দেশে এসে শিক্ষিতে-অশিক্ষিতে যে সামাজিক ব্যবধান তৈরি করে তেমনটি আগে কখনো ছিল না। কথাটা সত্যও বটে মিথ্যাও বটে। কারণ ইংরেজি ভাষা সামাজিক ব্যবধান সৃষ্টির অন্যতম কারণ ঠিকই, কিন্তু একমাত্র কারণ অবশ্যই নয়।

ব্যবধানটা তো আসলে আর্থ-সামাজিক, ভাষা সেটা বাড়িয়েছে মাত্র এবং ব্যবধানকে প্রকাশ করেছে যে সেটাও ঠিক, কিন্তু এর সব দায়দায়িত্ব ভাষার ওপরে চাপানোটা একপেশে কাজ বটে। ইংরেজিকে আজও যে কিছুতেই হটানো যাচ্ছে না তার একটা কারণ এই যে ওই সামাজিক ব্যবধান ঘুচছে না। আর সত্যি সত্যি যদি এমন অলৌকিক ঘটনা কোনো দিন ঘটে যায় যে সব শিক্ষিত বাঙালি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলছে (ইংরেজি আধা ও তিন-পোয়া বাক্যাবলি বাদ দিয়ে)—সেদিনও বাঙালিতে বাঙালিতে তফাত অবশ্যই থাকবে, দূরত্ব দেখা যাবে শিক্ষিতে-অশিক্ষিতে এবং অবশ্যই ধনী ও দরিদ্রে। মানুষই ভাষা সৃষ্টি করে, উল্টোটা সত্য নয়।
সাহিত্যের ভাষা কেন জনগণবিচ্ছিন্ন তার ব্যাখ্যা শ্রী রায় দিয়েছেন এভাবে, ‘…লেখেন যাঁরা তাঁরা ভদ্রলোক।

পড়েন যাঁরা তাঁরাও ভদ্রলোক; ভদ্রলোকদের পালিশ-করা ভাষাতেই লেখা হয়। ’ অবশ্যই। এই ভদ্রলোকদের যে আর যাই করা যাক শ্রমজীবীতে পরিণত করা কিছুতেই সম্ভব হবে না সে বিষয়ে তাঁর মতও সর্বাংশে সত্য। তিনি বলেছেন, ‘একই রকম ইউনিফর্ম পরিয়েও একজন ভদ্রলোককে একজন শ্রমিক করতে পারা যাবে না। শ্রমিককে ভদ্রলোক করলেও করতে পারা যায়, কিন্তু ভদ্রলোককে শ্রমিক করা কারো সাধ্য নয়। যদি না তাঁকে জেলে পাঠিয়ে ঘানি ঘোরাতে বাধ্য করা যায়। কিংবা সমস্ত দেশটাকে একটা কারাগারে পরিণত করা যায়। তার মানে প্রোলেটারিয়েট ডিক্টেটরশিপ। ’
সামাজিক ব্যবধান ঘুচছে নাঘানি অবশ্যি আমরা সবাই কমবেশি টানছি। জিজ্ঞেস করে দেখুন, ভদ্রলোক মাত্রেই একবাক্যে বলবেন যে ঘানি টেনে টেনে শেষ হলেন। আর পারেন না। প্রাণ কণ্ঠাগত। জেল খাটার কথাও বলবেন, বলবেন কয়েদির দশা—শুধু পোশাকটা নেই, এই যা। কিন্তু এই ঘানি, ওই কারাগার—এরা যে প্রকৃত বস্তু থেকে বহু দূরে তা বুঝতে কোনো কষ্ট হয় না, বিশেষ করে অহমিকার মুহূর্তে। তখন কে কত স্বাধীন সেটা প্রকাশের প্রতিযোগিতা চলে।

ব্যবধান ঘুচবে না এটা পয়লা নম্বর সত্য। যত দিন যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে আমাদের। শ্রমজীবীরা বরঞ্চ বেকার থাকে, কাজ খোঁজে হন্যে হয়ে। ভদ্রলোকেরা কাজেই আছেন। কাজের কাজ কি না, শ্রমঘন কি না সে বিচার দরকার নেই। এইটুকু অবশ্যই বলা যাবে যে সব ভদ্রলোকই কাজ করেন এবং কাজকে মনেপ্রাণে ঘৃণা করেন। শ্রমজীবীরাও তাই, অন্তত এই একটি ক্ষেত্রে—কাজকে ঘৃণা করার ব্যাপারে—শ্রমিকে-ভদ্রলোকে ব্যবধান নেই। কারণ অন্য কিছু নয়, কারণ এই যে শ্রমিক মাত্রেই মনে মনে ভদ্রলোক। শ্রমের মর্যাদা দিলে ভদ্রলোক ভদ্রলোক থাকেন না। তখন তখনই তাঁর ফাঁসি হয়ে যায়— সাংস্কৃতিকভাবে।

কাজ দেওয়াটা অবশ্য খুবই কঠিন কাজ। বেকার সমস্যা মারাত্মক আকার ধারণ করছে। একেকজন অভিভাবককে দেখি আর চমকে চমকে উঠি। যেন পালিয়ে বেড়াচ্ছেন। অবস্থা সচ্ছল, অন্নচিন্তা মোটেই নেই। কিন্তু ওই যে এক জিজ্ঞাসা, ছেলে-মেয়েদের কী দিয়ে ব্যস্ত রাখেন, ওই ভূত তো পিছু ছাড়ে না।

না, কাজ দিতে পারব না। না পারব কাজ দিতে নিজেদের সন্তানদের, না পারব গরিবকে। অন্নদাশঙ্কর রায় বলেছেন, ভদ্রলোককে শ্রমিকে পরিণত করতে হলে প্রোলেটারিয়েট ডিক্টেটরশিপ দরকার হবে। ভরসা এই যে তাঁর ওই কথাটার মধ্যে প্রচ্ছন্ন একটা পরিহাস আছে, নইলে এই কথার জন্য ভদ্রসমাজ থেকে তাঁর নির্বাসন প্রাপ্য হতো। অন্যের দরকার ছিল না নিজেই খারিজ করে দিতেন নিজেকে। ওর বিকল্প কি? কেন, গণতন্ত্র! গণতন্ত্রের কথা তিনি অবশ্যই বলেছেন। নবজাগরণে (রেনেসাঁসে) যা সম্ভব হয়নি গণজাগরণে তা সম্ভব হবে। গণজাগরণ আসবে কেমন করে? কেন, গণতন্ত্রের মধ্য দিয়ে। আর গণতন্ত্র? নটে গাছটির বৃত্তান্ত বুঝি। যাই বলি, গণতন্ত্রের কথা বলতে গেলে আজ আর তেমন জোর পাওয়া যায় না। বিশেষ করে তৃতীয় বিশ্বে গণতন্ত্রের হাল দেখে অতি বড় গণতন্ত্র প্রেমিকও আশা ছেড়ে দেবেন, হয়তো বা প্রেমও ভুলবেন, প্রেমকেই বা কতকাল অন্ধকার ঘরে রাখা যায়?

ব্যবধান সত্য হয়ে থাকে। থাকবেও। এই যে কর্মচারীদের বেতন বৃদ্ধি অত্যাসন্ন, এতে ব্যবধান কমবে না, উল্টো বাড়বে। এই বৃদ্ধিতে সেইসব লোকের কতটা কপাল ফিরবে বলা মুশকিল রোজ যারা টুকরি হাতে বসে থাকে কামলা খাটার জন্য, কিংবা রিকশা টানে, ঠেলাগাড়ি ঠেলে। তাদের কাউকে বরঞ্চ ভীষণ উদ্বিগ্ন দেখেছি জিনিসের দাম আরো বাড়বে এই আশঙ্কায়। এ নিয়ে আমাদের নিজস্ব মহলে আলাপ যে হয় না তা বলা যাবে না। হয়।

নবজাগরণ এ দেশে সত্যি সত্যি ঘটেছে কি না তা নিয়ে তর্ক আছে, কিন্তু নানা উত্থান যে ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। বাঘ-ভল্লুক সবই রয়েছে। আর আছে কী? আছে ধাড়ি ইঁদুর। কবি বীরেন চট্টোপাধ্যায় লিখেছেন, ‘পাহাড়গুলি কাঁপছে প্রসব যন্ত্রণায়/এবার তবে জন্ম নেবে/ কয়েক লক্ষ ধাড়ি ইঁদুর, মানুষখেকো বাঘের চেয়ে ভীষণ’। বাঘও আছে, ইঁদুরও আছে, যেমন রয়েছে তাদের দন্তবিদীর্ণ মানুষ। ভাষায় যে কেবল ভদ্রতার আওয়াজ পাই তা নয়, দন্তনির্ঘোষও বিলক্ষণ শুনতে পাই। সাবধান, কামড়ে দেবে।

আর যে বলেছেন ভাষা যেন ‘ভিটামিনবর্জিত সিদ্ধ ধানের ফ্যানগালা ভাত’…সে প্রসঙ্গে বলতে হয় যে মোটে মা’য় রাঁধে না, তপ্ত আর পান্তা! সমস্যাটা ভাতের স্বাদের ততটা নয়, যতটা ভাত খেতে না পাওয়ার। মূল ব্যবধান ওইখানেই। কেউ খায়, কেউ পায় না।

লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ফরিদপুরে পুলিশের ‘ডাবল হিট’: ফেন্সিডিলসহ আটক, বেরিয়ে এলো অস্ত্র রহস্য

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
ফরিদপুরে পুলিশের ‘ডাবল হিট’: ফেন্সিডিলসহ আটক, বেরিয়ে এলো অস্ত্র রহস্য

ফরিদপুরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ কলিন্স রায় ওরফে রাফসান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ভাড়াবাসা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার মামলা নং-৫৮, তারিখ ২০ মার্চ ২০২৬ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি রাফসানকে জিজ্ঞাসাবাদের পর তার দেখানো মতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৬০০ মিলিলিটার ফেন্সিডিল ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় মল্লিকসহ পুলিশের একটি দল। উপস্থিত সাক্ষীদের সামনে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাফসান স্বীকার করেন, তিনি দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুর শহরের তার বাসায় মজুদ রাখতেন এবং পরে তা খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ২১ মার্চ দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে রাফসানের স্বীকারোক্তির ভিত্তিতে তরিকুল ইসলাম জনি নামে আরেক ব্যক্তির দেখানো মতে একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জনি ও রনি নামে আরও দুইজনকে আসামি করে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রবিবার (২২ মার্চ) বিকালে কোতোয়ালি থানার এসআই হিরামন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:১১ এএম
ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

পবিত্র ঈদুল ফিতর মানেই আনন্দ, ভালোবাসা আর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে নতুন করে দৃঢ় করার এক মহিমান্বিত উপলক্ষ। এদিন ছোটদের মুখে হাসি ফোটাতে এবং আপনজনদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক আরও গভীর করতে আমাদের সমাজে ঈদ সালামি দেওয়া-নেওয়ার একটি সুন্দর প্রচলন রয়েছে।

তবে এই প্রথার ধর্মীয় অবস্থান কী, এটি কি ইবাদত, নাকি কেবল সামাজিক রীতি? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি বোঝা জরুরি, যেন আমরা আনন্দ উদযাপনের পাশাপাশি ইসলামের সঠিক নির্দেশনাও মেনে চলতে পারি।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী বলেন, ইসলামের মূলনীতি হলো, যে কোনো কাজ ততক্ষণ বৈধ, যতক্ষণ না তা শরিয়তের কোনো স্পষ্ট নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এ দৃষ্টিকোণ থেকে ঈদের দিনে কাউকে খুশি করার উদ্দেশে অর্থ বা উপহার দেওয়া নিঃসন্দেহে বৈধ। বরং হাদিসে উপহার আদান-প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধির কথা বলা হয়েছে। তাই ছোটদের আনন্দ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর নিয়তে ঈদ সালামি দেওয়া-নেওয়া একটি সুন্দর ও প্রশংসনীয় আমল হতে পারে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, ঈদ সালামি কোনো ইবাদত নয় এবং এটি ইসলামের নির্ধারিত কোনো বিধানও নয়। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রথা মাত্র। সুতরাং একে বাধ্যতামূলক মনে করা বা না দিলে দোষারোপ করা ঠিক নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইসলামে সালামের পরিভাষা রয়েছে। কোরআনে আছে, ‘তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায় বা সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় তোমাকে সালাম দিয়েছে, সে ভাষায় তুমি জবাব দাও। অথবা এর চেয়ে উত্তম শব্দ ব্যবহার করে সালাম দাও।’ হজরত মুহাম্মদ (সা.) আমাদেরকে সালাম দিতে নির্দেশ করেছেন। মুখ দিয়ে উচ্চারণ করে পরস্পরের শান্তি কামনা করা হলো সালাম।’

তিনি আরও বলেন, ‘ঈদের সালামি পেতে বাচ্চারা বড়দের সালাম দিলে তারা সালামের উত্তর দেবেন। সালামের জবাব দিয়ে তাদের কিছু হাদিয়া দেবেন, এটা আমাদের দেশের সংস্কৃতি। এতে কোনো অসুবিধা নেই। কোরআন-হাদিসের সঙ্গে এর কোনো সংঘর্ষ নেই। পা ছুঁয়ে সালাম করলে সালামি দিতে হবে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে সালাম দিলে জবাব দিয়ে তাকে সালামি দিয়ে দেওয়া উচিত। পা ছুঁয়ে সালাম করতে তাকে বাধ্য করা উচিত নয়।’

সূত্র : কালবেলা

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।