খুঁজুন
, ,

দেশে হত্যাযজ্ঞ, বিদেশে মব: কোন পথে নিষিদ্ধ আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
দেশে হত্যাযজ্ঞ, বিদেশে মব: কোন পথে নিষিদ্ধ আ.লীগ

জুলাই গণঅভ্যুত্থানকালে প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগ কাঁধে নিয়ে গত বছরের ৫ আগস্ট দেশছাড়া হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা।

বিদেশে পালানোর পর কিছুদিন ঘাপটি মেরে থাকলেও আস্তে আস্তে প্রকাশ্যে আসতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুধু প্রকাশ্যেই আসতে থাকেননি, তারা বিদেশেও আচরণ করতে থাকেন ‘আওয়ামী মহিমায়’। জুলাই অভ্যুত্থানের সংগঠক থেকে শুরু করে সরকারের উপদেষ্টাদের টার্গেট করতে থাকেন অনলাইনে-অফলাইনে।

 

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পৃথকভাবে দুই উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ আলমকে টার্গেট করে হেনস্তা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সবশেষ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাদের হাতে আক্রান্ত হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আখতার হোসেন। ‘মব’ তৈরি করে ডিম নিক্ষেপ করা হয়েছে আখতারকে। এসময় অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় এনসিপির আরেক নেত্রী ডা. তাসনিম জারাকেও। রেহাই পাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এই প্রেক্ষাপটে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আসলে কোন পথে হাঁটছে! একদিকে দেশের মাটিতে জুলাই গণহত্যার জন্য তাদের নেত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী-এমপিদের বিচার চলছে। হত্যাযজ্ঞ, সহিংসতা, উসকানিসহ নানা কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে চলছে দলটির বিচারেরও আলাপ। অন্যদিকে বিদেশের মাটিতে দেশের উপদেষ্টা থেকে শুরু করে রাজনীতিকদের তারা আক্রমণ করছে সংঘবদ্ধভাবে। জুলাই গণহত্যার জন্য কোনো ধরনের অপরাধবোধ বা অনুশোচনার বদলে এই সহিংস ‍রূপে আবির্ভূত হয়ে আওয়ামী লীগ দেশের জনগণের কাছে নিজেদের আরও নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে কি না, সেই প্রশ্ন উঠছে নানা মহলে। বিদেশে নিরাপদে থাকা আওয়ামী লীগের লোকদের আচরণে দেশে থাকা দলটির লোকজন নিরাপত্তা শঙ্কায় ভোগেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শত শত আন্দোলনকারীকে হত্যার পরও এ নিয়ে অনুশোচনা বা অপরাধবোধ না থাকা বিস্ময়কর। যুক্তরাষ্ট্রে আশ্রিত হয়ে আবার যুক্তরাষ্ট্রেরই বিরুদ্ধে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে অভিযুক্ত করা হাস্যকর। তবে বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ আগ্রাসী আচরণ সরকারের উপদেষ্টা ও রাজনীতিকদের নাজেহাল করলেও এতে দলটিরই ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হচ্ছে বাংলাদেশেরও বদনাম।

আর আক্রান্ত নেতাদের সহকর্মী ও রাজনীতিকরা বলছেন, এ ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। সরকারকে সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে কথা বলে হাঙ্গামায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনকালে সংঘটিত যাবতীয় অপরাধের বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

আসিফ নজরুল, মাহফুজ আলমের পর আখতার-জারা
পতিত আওয়ামী লীগের বিদেশে পলাতক নেতা-কর্মীরা, বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ভোগবিলাসী জীবন যাপন করা দলটির অ্যাক্টিভিস্টরা শুরু থেকেই জুলাই অভ্যুত্থানকে চক্রান্ত বলে আসছেন। এমনকি পুলিশের গুলিতে শত শত আন্দোলনকারীর প্রাণহানির ভিডিও অনলাইনে থাকলেও তারা তা নিয়ে কথা বলতে চান না। জুলাইয়ে প্রায় ১৪শ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার সমন্বয়ে শেখ হাসিনা নিজে ছিলেন বলে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন দিলেও সেটিকে পাতানো বলে আসছেন তাদের নেতা-কর্মীরা। উপরন্তু ক্ষমতাচ্যুত হওয়ার আক্রোশ থেকে তারা অনলাইনে-অফলাইনে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে নানাভাবে টার্গেট করছেন। দিচ্ছেন জানমালের ক্ষয়ক্ষতির হুমকিও।

এর মধ্যে গত নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের একদল লোকের হাতে হেনস্তার শিকার হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছিলেন। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি বিমানবন্দরে নামার পর হাঙ্গামাকারীরা এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরে। উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্তাকারী তাকে বিরক্ত করে। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।

এরপর ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রে আশ্রিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা টার্গেট করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে। সেদিন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তাকে হেনস্তার চেষ্টা করে তারা। তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়ে, দেয় বিভিন্ন আগ্রাসী স্লোগান। হাঙ্গামাকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলে। এরপর ১৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যেও আওয়ামী লীগের টার্গেটে পড়েন মাহফুজ আলম। সেদিন বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ‍্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক সেমিনারে অংশগ্রহণ শেষে বের হয়ে যাওয়ার সময় তার ওপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সবশেষ ‘মববাজি’ দেখাল নিউইয়র্কে গত সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের মারমুখী কর্মীদের হাতে। তার পিঠে ডিম নিক্ষেপ করেছে পতিত দলটির লোকজন। এছাড়া সেখানে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেত্রী ডা. তাসনিম জারাকেও অশ্লীল ভাষায় গালাগাল করে তারা। এই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মীকে আটকও করে নিউইয়র্ক পুলিশ।

দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশের মাটিতে এসব ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা বলছেন, অভ্যুত্থানের পর আইন অনুযায়ী আওয়ামী লীগ ও তার নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা এ ধরনের সুযোগ পাচ্ছে। ‘অনভিপ্রেত’ এসব ঘটনা বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ভূলণ্ঠিত করবে। ন্যক্কারজনক ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,

এসব ঘটনায় সংশ্লিষ্ট দেশে দায়িত্বে থাকা দূতাবাসসহ কূটনীতিকদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সচেতন মহল।

যদিও প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে যোগদান উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছিলেন, ‘প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সেখানে পুলিশ প্রস্তুত থাকবে। পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া, স্লোগান দেওয়া, রাস্তায় মিছিল করা, প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন, কারও নেই। সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য। ’

জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে আওয়ামী লীগের হামলার প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের উপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীরসেনানী এবং একজন নারী নেত্রীর ওপর জঙ্গি কায়দায় হামলে পড়া, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নেবে। ’

তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য, আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়—তাহলে সেটি কেবল অবহেলা নয়, ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা। এই হামলা শুধু ব্যক্তির ওপর নয়, এটি বাংলাদেশের মর্যাদা, আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথচলার ওপরও হামলা। ’

রাজনৈতিক নেতারা যা বলছেন
নিউইয়র্কের ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে বিভিন্ন দলের নেতারা আওয়ামী লীগের উগ্রবাদী আচরণের নিন্দার পাশাপাশি প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় দূতাবাসের ভূমিকার সমালোচনা করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ সরকার আমন্ত্রিত এবং সরকার রাজনীতিকদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছে, তারা সেখানে গিয়েছেন। তাদের প্রতি যে আচরণ করা হয়েছে তা অসৌজন্যমূলক। বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে ভূলণ্ঠিত করবে এই আচরণ। এটা কোনো অবস্থাতেই ভালো কাজ হতে পারে না, এটা নিন্দনীয়। ’

তিনি বলেন, ‘তারা কারও ব্যাপারে প্রতিবাদ করতে পারে, প্রতিবাদের বিভিন্ন ভাষা আছে। ডিম নিক্ষেপ করতে হবে কেন? অতীতে তো অনেক প্রতিবাদ হয়েছে। ডিম নিক্ষেপ এক ধরনের আক্রমণাত্মক ভূমিকা। আক্রমণাত্মক ভূমিকা রাখা তো ঠিক নয়। আমরা এটাকে নিন্দনীয় কাজ মনে করি। ’

এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে উপর্যুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমণ হয়েছিল, তখনো আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সঙ্গে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভেতর থেকে এই তথ্যগুলো লিক (ফাঁস) করা হয়। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলে গতকালের ঘটনাটি ঘটছে। ’

সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চেয়ে তিনি বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে-বিদেশে করছে, তারই ধারাবাহিকতা হিসেবে গতকালের ঘটনাটি দেখতে হবে। ফলে সরকারের পক্ষ থেকেও বিচার নিশ্চিত করার যে কথা আমরা বারবার বলে আসছি, সেই জায়গায় দুর্বলতা আছে বলেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে। ’

নিউইয়র্কের ঘটনাটি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। ’

সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগে নতুন অগ্রগতি এসেছে। বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২৬ তারিখের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ১৯ জুলাই ২০২৬ তারিখে আধা-সরকারি (ডিও) পত্রের মাধ্যমে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে পড়া জনপদের মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৮৮ সালে নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকার অসংখ্য শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি জাতীয়করণ হলে শিক্ষক সংকট দূর হওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং দরিদ্র ও গ্রামীণ পরিবারের মেয়েদের জন্য উন্নত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের আওতায় আনা হবে।

ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও জব্দ করা হাতিটি এখনো সদরপুর থানা প্রাঙ্গণেই রয়েছে। হাতিটির মালিকানা ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাতিটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে, নাকি বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হবে -তা নির্ধারণ হবে।

থানা সূত্রে জানা গেছে, বর্তমানে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য মালিক পক্ষ থেকে দুইজন মাহুতকে থানায় পাঠানো হয়েছে। তারাই নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করছেন।

তবে প্রতিদিন একটি হাতির জন্য বিপুল পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়। কলাগাছ, ঘাসসহ বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে প্রতিনিয়ত বেগ পেতে হচ্ছে পুলিশ ও মাহুতদের। থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা না থাকায় খাদ্যসংকটও দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও হাতির মালিকের সহযোগিতায় খাবারের ব্যবস্থা করা হলেও তা সবসময় পর্যাপ্ত হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

থানায় অবস্থানকালে হাতিটি প্রায়ই মাহুতদের সঙ্গে থানা চত্বরে হেঁটে বেড়ায়। বিশাল আকৃতির প্রাণীটিকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও পরিবার-পরিজন নিয়ে থানায় এসে হাতিটিকে দেখছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের কাছে এটি যেন অপ্রত্যাশিত এক আকর্ষণে পরিণত হয়েছে। তবে জনসমাগম নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাতিটি থানার হেফাজতেই থাকবে। আদালত যদি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন, তাহলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে। আর বন বিভাগের জিম্মায় দেওয়ার নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, হাতিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, পুলিশ সেটিই বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। এরপর থেকে হাতিটি থানার হেফাজতেই রয়েছে।

সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে টয়লেট থেকে ফেরার পথে সাপের কামড়ে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরস্বতী মণ্ডল ওই গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাড়ির পাশের টয়লেট থেকে ফেরার সময় সরস্বতী মণ্ডল অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাঁকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। সকাল আটটার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, বিষধর গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পিসনাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।