খুঁজুন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ, ১৪৩২

চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম
চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

ফরিদপুরের চরভদ্রাসন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে যৌথ মালিকানায় “চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামে এই প্রথম একটি প্রাইভেট হাসপাতাল তাদের যাত্রা শুরু করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরকার অনুমোদিত এই হসপিটালটির শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডা. পীযূষ বিশ্বাস (হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ), ডা. শাহানা পারভীন বীথি(গাইনী ও প্রসুতি বিশেষজ্ঞ), ডা. মোহাম্মদ জালাল উদ্দিন (নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ), ডা. সুশীত কুমার বিশ্বাস (সার্জারী বিশেষজ্ঞ), ডা. মাহফুজ আরা মুক্তা (গাইনী ও প্রসুতী বিশেষজ্ঞ), ডা. শিপ্রা হালদার, ডা. নাহিদ বাদশা, ডা. এসএম আরাফাত, ডা. প্রিন্স মাহমুদ ও ডা. সাদনান সাকিব। এছাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হসপিটালটির প্রতিষ্ঠাতা আবুল কাশেম মন্ডল ও পরিচালক মো. শহিদুল ইসলাম জানায়, উদ্বোধন উপলক্ষে তিনতলা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালে ৭ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাড় দেওয়ার পাশাপাশি রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। এছাড়া এই হাসপাতালে রয়েছে আট জন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিন জন অভিজ্ঞ চিকিৎসক। এছাড়া ১০টি বেড, ৪টি কেবিন ও ১২ জন নার্স।

হাসপাতালটিতে চব্বিশ ঘণ্টা এ্যমবুলেন্স সেবার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিসহ সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনের প্রথম দিনে দুটি সফল অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানান তারা।

‘উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার নির্বাচন হবে, সহিংসতায় কঠোর ব্যবস্থা’ —ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম
‘উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার নির্বাচন হবে, সহিংসতায় কঠোর ব্যবস্থা’ —ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফরিদপুর অঞ্চলে কঠোর নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। তিনি বলেছেন, এবারের নির্বাচন হবে “উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার” এবং সহিংসতার কোনো শঙ্কা নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাঁচ জেলার দায়িত্বরত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন— “এই নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে এবং ফ্রি-ফেয়ার হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের মতো এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী অতীতে নিয়োগের নজির নেই।”

তিনি বলেন, “আগের নির্বাচনগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, এবার এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। আমরা আশা করি সামনে আর হবে না। তবে নির্বাচনের দিন যদি কেউ সহিংসতা করে, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।”

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশের ঘেরা দিয়ে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন—“এবার বিশেষ ব্যবস্থায় সশস্ত্র বাহিনীও ভোট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। আমাদের জ্যেষ্ঠ সচিব প্রয়োজনীয় সমন্বয় করেছেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সামগ্রিক প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডালিম খাওয়ার ১৩ উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম
ডালিম খাওয়ার ১৩ উপকারিতা

ফলটির নাম ডালিম। চীনে বলা হয় লাকি ফ্রুট। ফলটি দেখতে চমৎকার আর খেতেও দারুণ। ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলেন।

কিন্তু ডালিম ফলে অসংখ্য উপকারিতা রয়েছে। অন্তত ফলটি খাবারের তালিকায় রাখা উচিত বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

ডালিম স্বাস্থ্য ও ত্বকের জন্যও খুব ভালো। ডালিমে আছে এন্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ।

ডালিম ফল হিসেবে খাওয়ার পাশাপাশি ফ্রুট সালাদ, স্মুদি, জুস, কাস্টার্ডেও ব্যবহার করা যায়।

চলুন জেনে নেওয়া যাক ডালিম খেলে কি কি উপকার হয় –

১. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে

ডালিম সূর্যের অতিবেগুনি রশ্মি রোধ করে ত্বককে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। এতে আছে এন্টি-অক্সিডেন্ট যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে। ডালিমের মধ্যকার অ্যালার্জিক এসিড ত্বকে টিউমার হওয়ার সম্ভাবনা কমায়।

২. ভিটামিন ‘সি’ এর ভালো উৎস

প্রতিদিন একটি ডালিম খেলে ১৭ শতাংশ ভিটামিন ‘সি’ শরীরে প্রবেশ করে। আমরা জানি ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। একই সঙ্গে ঠাণ্ডা ও কাশির প্রকোপ থেকে সুরক্ষা দেয়।

৩. ত্বককে রাখে তারুণ্যদীপ্ত

ডালিমের রস ত্বকে বলিরেখা পড়তে দেয় না ও ত্বকের কোষকে দীর্ঘায়ু করে। এটি কোলাজেন ও অ্যালাস্টিন উৎপাদনেও সাহায্য করে।

এই দুটি উপাদানই ত্বককে সজীব ও তরুণ রাখে।

৪. ত্বকের প্রদাহ কমায়
ডালিমে আছে এন্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকে আরাম দেয়। আরও আছে ট্রিকোসেনিক এসিড ও ওমেগা-৫ ফ্যাটি এসিড যা শুষ্ক ও রুক্ষ ত্বককে আর্দ্রতা ফিরিয়ে আনে।

৫. ক্যান্সার প্রতিরোধক

ডালিমের রস ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। বিশেষ করে মূত্রনালীর ক্যান্সার দমনে এটি বিশেষ ভূমিকা রাখে।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

যারা ডায়াবেটিসের রোগী তারা অনায়েসে খেতে পারেন ডালিম। কারণ এতে আছে ডায়েট্রি ফাইবার যা রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

৬. হৃৎপিণ্ডকে ভালো রাখে

ডালিম রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনে ও রক্তে এইচডিএল নামের এক প্রকার কোলেস্ট্রল সরবরাহ করে যা উচ্চ রক্তচাপ কমিয়ে স্ট্রোকের সম্ভাবনা কমায়। এছাড়াও ডালিম ট্যানিন, এনেথোসায়ানিনস ও পলিফেনলসের ভালো উৎস যা আপনার হৃদয়কে রাখে সুস্থ।

৭. ব্রণ ও ব্রণের দাগ

ডালিম হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে বিধায় পেট পরিষ্কার থাকে ও ত্বকে ব্রণ দেখা দেয় না। ডালিম ভিটামিন ‘সি’ যা ত্বকের তেল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে।

৮. হাইড্রেশন

ডালিম ত্বককে হাইড্রেট করে। এক্ষেত্রে এটি গ্রিন-টির চাইতেও ভালো।

৯. আলজেইমার্স

আলজেইমার্সের রোগীদের জন্য এটি খুব ভালো ওষুধ হিসেবে কাজ করে। স্মৃতিশক্তি প্রখর করতেও এর জুড়ি নেই।

১০. ওজন কমায়

প্রতিদিন ডালিম খেলে শরীরে পর্যাপ্ত পরিমান পুষ্টি প্রবেশ করে ও এর মধ্যকার উপাদান শরীরে বাড়তি মেদ জমতে দেয় না।

১১. পাকস্থলী

ডালিম বিপাক প্রক্রিয়াকে সুষ্ঠভাবে পরিচালনা করে। এটি ডায়েরিয়া ও বমির উপদ্রপ কমায়। এছাড়াও এটি পেটের যেকোনও সমস্যা সমাধান করতে সক্ষম।

১২. রক্তনালীকে সুরক্ষিত রাখে

ডালিম রক্তনালীকে সুরক্ষিত রাখে ও প্লেক জমতে দেয় না। ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে যায় বহু অংশে।

১৩. চুল পড়া রোধ করে

ডালিম মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলপড়া কমায়। এটি চুলের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে ঝরঝরে ভাবও এনে দেয়।

‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই’ : শামা ওবায়েদ

ফরিদপুর ও সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম
‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই’ : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “বিগত ১৭ বছর আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম। আগামী দিনেও এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে কোথাও যাবো না। আপনাদের পাশে থেকেই কাজ করে যাবো।”

তিনি বলেন, “আপনাদের কাছে আমার একটাই চাওয়া—১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমার বিজয় সুনিশ্চিত করবেন।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জনসভাস্থল ও আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে, জনসভা পরিণত হয় জনসমুদ্রে।

শামা ওবায়েদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিন।”

তিনি আরও বলেন, “আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমানকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, ঠিক সেভাবেই আমাকে স্নেহ-মমতায় আগলে রেখেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।”

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচিত হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও একটি আধুনিক গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হবে। যুবক ও নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে মিল-কারখানা গড়ে তোলা হবে এবং প্রবাসফেরত যুবকদের জন্য স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থে কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ন্যায্য সুবিধা পান।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শামা ওবায়েদ বলেন, সালথার প্রতিটি মাদ্রাসা ও মসজিদ আধুনিকায়ন করা হবে। ছেলে-মেয়েদের জন্য নতুন মাদ্রাসা স্থাপন করা হবে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা লেখাপড়া শেষে যেন সমমানের সরকারি-বেসরকারি চাকরির সুযোগ পান, সে ব্যবস্থাও করা হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জনসভা শেষে এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়।