খুঁজুন
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শিল্পপতি আবুল বাশার খান

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শিল্পপতি আবুল বাশার খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার খান।

সোমবার (২২ ডিসেম্বর) ফরিদপুরের মধুখালী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের কাছ থেকে আবুল বাশার খানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর আপন ছোট ভাই ওবায়দুর রহমান খান।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন আবুল বাশার খানের ঘনিষ্ঠ সমর্থক শাহ কামাল মাকসুর, মোহাম্মদ মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুর রহমান খান। তিনি বলেন, “ফরিদপুর-১ আসন থেকে আমার বড় ভাই শিল্পপতি আবুল বাশার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা একটি ইতিবাচক পরিবর্তন চাই। এলাকাবাসীর ন্যায্য দাবি ও প্রত্যাশা সংসদে তুলে ধরতে পারাই আমাদের মূল লক্ষ্য। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আপনাদের দেওয়া দায়িত্ব ও আমানত আমরা কখনো নষ্ট করব না। ফরিদপুর-১ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আবুল বাশার খান কাজ করে যাবেন ইনশাআল্লাহ।”

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল বাশার খানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো বলে মনে করছেন স্থানীয়রা।

ফরিদপুরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক ‘তুফান’

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক ‘তুফান’

ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক মাদকসেবিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি শহরের বিভিন্ন এলাকায় রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন সড়ক ও সন্ধ্যার পর চলাচলকারী পথচারীদের টার্গেট করতেন তিনি।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠে তুফানের বিরুদ্ধে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী জানান, তুফান প্রায়ই সিরিঞ্জে রক্ত ভরে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাতেন। এতে আতঙ্কে অনেকেই টাকা দিয়ে দিতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসেবন ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “জনতার হাতে আটক তুফানকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকতার চার দশক : পান্না বালার সংগ্রাম ও সাফল্যের গল্প

হারুন-অর-রশীদ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সাংবাদিকতার চার দশক : পান্না বালার সংগ্রাম ও সাফল্যের গল্প

ফরিদপুরের সাংবাদিকতা অঙ্গনে যে কজন মানুষ সততা, পেশাদারিত্ব ও ব্যক্তিত্বের দৃঢ়তায় আলাদা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন, তাদের অন্যতম প্রবীর কান্তি বালা—যাকে সবাই বেশি চেনেন পান্না বালা নামে। কয়েক দশকের নিরলস সাংবাদিকতা জীবনে তিনি কেবল একজন সংবাদকর্মী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, বরং হয়ে উঠেছেন সাংবাদিকতার এক জীবন্ত প্রতিষ্ঠান। সত্যের প্রতি দায়বদ্ধতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সাহসী অবস্থান এবং মানবিক ব্যক্তিত্বের কারণে তিনি ফরিদপুরের সাংবাদিক সমাজে অত্যন্ত সম্মানিত এক নাম।

১৯৬৪ সালের ৮ জানুয়ারি এক বনেদি ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন পান্না বালা। তাঁর বাবা গৌর চন্দ্র বালা ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা। সমাজ ও রাজনীতিতে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অন্যদিকে মা অঞ্জলী বালা একজন সমাজসেবী ও শিশু সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ‘ফুলকি’র সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে ছোটবেলা থেকেই পান্না বালা বেড়ে উঠেছেন সংস্কৃতি, শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের পরিবেশে।

পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তাঁদের প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল। বড় ভাই বিপ্লব বালা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে তাঁর অবদান উল্লেখযোগ্য। দ্বিতীয় ভাই প্রণব বালা পেশায় চিকিৎসক এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তৃতীয় বোন তন্দ্রা বালা অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের পর বর্তমানে কানাডা প্রবাসী। ছোট বোন দিপ্তী বালা একজন চিকিৎসক, যিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে রয়েছেন। এমন উচ্চশিক্ষিত ও প্রগতিশীল পরিবারে বেড়ে ওঠা পান্না বালার চিন্তা-চেতনা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ ভূমিকা রেখেছে।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন মনোযোগী ও মেধাবী। ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কলেজজীবনেই তাঁর সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। ছাত্রাবস্থাতেই তিনি বুঝতে পারেন, সংবাদপত্র কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার। সেই উপলব্ধি থেকেই ১৯৮২ সালে ফরিদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আল মুয়াজ্জিন’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূচনা করেন তিনি। তখন তিনি ইন্টারমিডিয়েটের ছাত্র।

এরপর ধীরে ধীরে সাংবাদিকতার বিভিন্ন স্তর অতিক্রম করতে থাকেন। স্থানীয় দৈনিক গণসংহতি, সাপ্তাহিক প্রগতির দিন, দৈনিক ভোরের রানারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। মাঠে ঘুরে সংবাদ সংগ্রহ, মানুষের সুখ-দুঃখের গল্প তুলে ধরা, সমাজের অসঙ্গতি নিয়ে প্রতিবেদন তৈরি—এসবের মধ্য দিয়ে তিনি অর্জন করেন দীর্ঘ অভিজ্ঞতা। ফরিদপুরের প্রায় সব স্থানীয় পত্রিকাতেই তাঁর লেখা কলাম ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁর লেখার ভাষা ছিল সহজ, প্রাঞ্জল ও বাস্তবমুখী। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, দুর্নীতি, অনিয়ম, উন্নয়ন ও সামাজিক সমস্যাগুলো তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতেন।

দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি হিসেবে যোগ দেন পান্না বালা। এটি ছিল তাঁর সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। জাতীয় দৈনিকে কাজ করার মাধ্যমে তাঁর দায়িত্ব ও পরিধি আরও বেড়ে যায়। মাঠ পর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদন, নিরপেক্ষ বিশ্লেষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে তিনি অল্প সময়েই পাঠক ও সহকর্মীদের আস্থা অর্জন করেন। পরবর্তীতে ২০২২ সালে পেশাগত দক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে প্রথম আলো কর্তৃপক্ষ তাঁকে ‘নিজস্ব প্রতিবেদক’ পদে পদোন্নতি দেয়।

পান্না বালার সাংবাদিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। তিনি কখনো কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা প্রভাবশালী মহলের মুখপাত্র হয়ে সংবাদ পরিবেশন করেননি। পক্ষপাতহীন অবস্থান বজায় রেখে তিনি সব পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। একই সঙ্গে অন্যায়, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার দেখলে নির্ভীকভাবে সমালোচনাও করেছেন। সত্য প্রকাশের ক্ষেত্রে তিনি কখনো আপস করেননি। অর্থ, প্রভাব কিংবা পেশিশক্তির কাছে মাথানত না করার দৃঢ় মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

ফরিদপুরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তাঁকে সম্মানের চোখে দেখেন। কারণ তিনি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে সংবাদকে গুরুত্ব দিয়েছেন। তাঁর কাছে সাংবাদিকতা মানে দায়িত্ববোধ, জবাবদিহিতা ও সত্যের প্রতি অঙ্গীকার। তিনি বিশ্বাস করেন, সাংবাদিক যদি সত্যের পথে অবিচল না থাকেন, তাহলে সমাজে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে।

তাঁর সহকর্মীরা বলেন, পান্না বালা শুধু একজন সাংবাদিক নন, তিনি নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তরুণ সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব প্রশংসনীয়। অনেক তরুণ সাংবাদিক তাঁর কাছ থেকে সংবাদ লেখার কৌশল, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং পেশাগত নৈতিকতা সম্পর্কে শিখেছেন। তিনি নিয়মিত নবীনদের পরামর্শ দেন, ভুল ধরিয়ে দেন এবং ভালো কাজের জন্য উৎসাহিত করেন। ফলে ফরিদপুরের সাংবাদিক সমাজে তিনি একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

জেলার প্রতিটি উপজেলার সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। কোনো সাংবাদিক সমস্যায় পড়লে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাংবাদিক সংগঠনের অনুষ্ঠান, আলোচনা সভা কিংবা পেশাগত যেকোনো আয়োজনে তাঁকে প্রায়ই দেখা যায়। এসব অনুষ্ঠানে তিনি সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক আলোচনা করেন। বয়স বাড়লেও তাঁর কর্মস্পৃহা ও প্রাণচাঞ্চল্য একটুও কমেনি।

সত্য কথা বলার কারণে জীবনে নানা প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অনুসন্ধানী প্রতিবেদন ও সাহসী সংবাদ প্রকাশের কারণে একাধিকবার প্রভাবশালীদের রোষানলে পড়েছেন। হামলা, হুমকি ও চাপের শিকারও হয়েছেন। কিন্তু কখনো কলম থামিয়ে দেননি। বরং আরও দৃঢ়ভাবে সত্য প্রকাশের কাজ চালিয়ে গেছেন। তাঁর মতে, একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো সততা ও সাহস। এই দুটি গুণ হারিয়ে গেলে সাংবাদিকতা কেবল পেশা হয়ে দাঁড়ায়, সমাজের জন্য আর কোনো ভূমিকা রাখতে পারে না।

ব্যক্তিজীবনেও তিনি অত্যন্ত সাদামাটা ও বিনয়ী। বনেদি পরিবারের সন্তান হয়েও কখনো অহংকার তাঁকে স্পর্শ করেনি। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর। তাঁর সঙ্গে কথা বললে বোঝার উপায় নেই যে তিনি দেশের অন্যতম প্রভাবশালী সংবাদপত্রের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। সবসময় হাসিমুখে কথা বলেন, আন্তরিক আচরণ করেন এবং মানুষের কথা মন দিয়ে শোনেন। তবে ভুল তথ্য, মিথ্যাচার কিংবা অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। এই স্পষ্টবাদী মনোভাবই তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

পান্না বালা মনে করেন, সাংবাদিকতার মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের পক্ষে কথা বলা। তাঁর ভাষায়, “সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস থাকতে হবে। জনগণের অধিকার, কষ্ট আর বঞ্চনার কথা তুলে ধরতে হবে। ক্ষমতাসীনদের ভুলত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই সাংবাদিকতার দায়িত্ব। কারো পক্ষ নিয়ে তোষামোদ করা সাংবাদিকতা নয়।”

তিনি আরও বিশ্বাস করেন, গণমাধ্যম সমাজের আয়না। সেই আয়নায় যদি বিকৃতি দেখা যায়, তাহলে পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের সততা, নিরপেক্ষতা ও দায়বদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গুজব ও অপতথ্যের ঝুঁকিও। এ পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন তিনি।

দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনে পান্না বালা শুধু সংবাদ পরিবেশন করেননি; তিনি সমাজকে দেখেছেন খুব কাছ থেকে। মানুষের কান্না, বেদনা, সংগ্রাম, স্বপ্ন ও প্রত্যাশার গল্প তিনি তুলে ধরেছেন নিষ্ঠার সঙ্গে। তাঁর সংবাদে যেমন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তেমনি ছিল মানবিকতার স্পর্শ। এ কারণেই তিনি পাঠকের কাছে বিশ্বাসযোগ্য এবং সহকর্মীদের কাছে অনুপ্রেরণার নাম।

ফরিদপুরের সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম যখন সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়, তখন পান্না বালার মতো ব্যক্তিত্বরা পথ দেখান। তিনি প্রমাণ করেছেন, সততা ও পেশাদারিত্ব ধরে রেখেও দীর্ঘদিন সম্মানের সঙ্গে সাংবাদিকতা করা সম্ভব।

সময়ের পরিক্রমায় প্রযুক্তি বদলেছে, সংবাদ পরিবেশনের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি পান্না বালার আদর্শ। এখনও তিনি একই নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে কাজ করে যাচ্ছেন। সংবাদপত্রের পাতা, ল্যাপটপের কিবোর্ড আর মাঠের বাস্তব অভিজ্ঞতা যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সাংবাদিকতা তাঁর কাছে শুধু পেশা নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা, এক ধরনের জীবনদর্শন।

ফরিদপুরের মানুষ তাই তাঁকে শুধু একজন সাংবাদিক হিসেবে নয়, একজন সৎ, সাহসী ও মানবিক মানুষ হিসেবেও মূল্যায়ন করেন। তাঁর মতো সাংবাদিকরা থাকেন বলেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এই মানুষটির জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

লেখক: হারুন-অর-রশীদ, সংবাদকর্মী, ফরিদপুর

ত্বকের জেল্লা বাড়তে যা খাবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
ত্বকের জেল্লা বাড়তে যা খাবেন?

ত্বকের জেল্লা ফিরিয়ে দেবে পানীয়! শুনে অবাক হওয়ার কথাই। ত্বক ভালো রাখতে, রোদ থেকে বাঁচাতে এত দিন সানস্ক্রিনের সুরক্ষাবর্মের কথা শুনেছেন, ত্বকের উজ্জ্বলতা ফেরাতে রকমারি রূপটানও রয়েছে।

কিন্তু তাই বলে পানীয় বদলে দেবে ত্বক! এমনটা কিন্তু হতেই পারে। তবে এজন্য তিতকুটে, স্বাদহীন কোনো পানীয় নয়, চুমুক দিতে হবে ঠান্ডা সুস্বাদু সবুজ পানীয়ে।

যার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে। বাড়তি পাওনা ত্বকের সৌন্দর্য। তা হলে বরং খোলসা করা যাক। ত্বক ও চুলের সৌন্দর্য কিন্তু শুধু বাইরের রূপটানে ফেরে না।

এজন্য পেটও ভালো থাকা দরকার। হজমে সমস্যা, লিভারের গোলযোগ হলে তার প্রভাব পড়ে চোখেমুখে। কয়েক দিন পেট পরিষ্কার না হলে মুখে ব্রণ বের হয় অনেকেরই। লিভার ঠিক ভাবে কাজ না করলে মুখে ফুটে ওঠে কালচে ভাব। তার ওপর শরীরে পানির অভাব দেখা দিলে ত্বক রুক্ষ হয়ে যায়।

সেই সবুজ পানীয়ে এমন কী আছে?

শরীর আর্দ্র রাখতে ও সুস্থ রাখতে লেবু ও পুদিনা দিয়ে বানিয়ে ফেলুন শরবত। সবুজ রঙের এই শরবত নিয়মিত পান করলে রুক্ষ ত্বকেও আসবে প্রাণ।

কেন?

পুদিনার হরেক গুণ। হজমে সহায়ক। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীর ঠান্ডা করে। প্রদাহজনিত কষ্ট কমায়। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রণ বা পেট ভালো না থাকার জন্য কালচে ছোপ, পুদিনা নিয়মিত খেলে অনেক সমস্যারই সমাধান হতে পারে। পুদিনা দিয়ে গরমের দিনে মুখের মাস্কও তৈরি করা যায়।

লেবুর গুণও কম নয়। এতে থাকে ভিটামিন সি। রোগ প্রতিরোধে যা বিশেষ সহায়ক। এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।

মধুও ব্যবহার করা হয় এই পানীয়। এতেও আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জরুরি। মধু ছাড়াও আরও যে সব উপাদান এতে ব্যবহার হয়, তার সব ক’টিই শরীরের জন্য উপকারী।

যেভাবে বানাবেন সবুজ পানীয়?

পুদিনা পাতা, লেবুর রস, বিট লবণ, মধু ও মৌরি বেল্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ দিয়ে দিন। সবুজ এই পানীয় নিয়মিত পান করলে শরীর ভালো থাকবে। হজমশক্তি বাড়বে। বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।