খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

সাহসের বাতিঘর সাংবাদিক আহম্মদ ফিরোজ

হারুন আনসারী রুদ্র, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:০০ পিএম
সাহসের বাতিঘর সাংবাদিক আহম্মদ ফিরোজ

ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের মাধ্যমে ফরিদপুরের বারবার নির্বাচিত জননন্দিত এমপি ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিজয় ছিনিয়ে নিয়ে ফরিদপুরের রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল এক চরম ঔদ্ধত্য অপশক্তির।
সেই সময় এই জনপদের সাধারণ মানুষ যখন তটস্থ, ভয়ে কেউ সত্য বলার সাহস হারিয়েছিল, বিবেকের কন্ঠস্বরগুলো ক্রমেই স্তিমিত হয়ে এসেছিলো, সেই কঠিন দুঃসময়ে নির্যাতিত-নিপীড়িত মানুষের ভরসার মধ্যমনি হয়ে যিনি হয়ে উঠেছিলেন সাহসের বাতিঘর- তিনিই আমাদের সম্মানিত অগ্রজ, প্রিয় সাংবাদিক আহম্মদ ফিরোজ।

এক সংগ্রামী জীবনের অধিকারী মহৎ সাংবাদিক ব্যক্তিত্ব। যিনি ছিলেন দুর্বিনীত অথচ স্পষ্ট আর প্রিয়ভাষী, জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার আর ফ্যাসিস্টের আতঙ্ক, সাহসী সাংবাদিকতার প্রেরণা, অনুজদের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব; প্রাচীন জনপদ ফরিদপুর জেলার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দলমত নির্বিশেষে সকলের হৃদয়ের মনিকোঠায় আসীন শ্রদ্ধা-সম্মান ও ভালবাসার এক নাম- সকল রক্তচক্ষুর ভয়-ডর উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। দেশ ও দশের স্বার্থে, শান্তি, সাম্য ও অধিকার প্রতিষ্ঠায় যিনি আমৃত্যু আপোষহীনভাবে সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত থেকেছিলেন।

আজ বুধবার সেই অকুতোভয় সাংবাদিক আহম্মদ ফিরোজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ডায়াবেটিক ফুটে আক্রান্ত হন। ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল থেকে পায়ের ফোড়ার অপারেশন করিয়েছিলেন। তবে ডায়বেটিক ফুট অপারেশনের পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থা গ্রহণে উন্নত চিকিৎসা পদ্ধতি অনুসরণ না করায় তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি।

সাংবাদিক আহম্মদ ফিরোজ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার সাবেক সরকারী কর্মকতা মরহুম ফজলুল করিমের সেঝো সন্তান ছিলেন। তিনি অকৃতদার ছিলেন। পেশাগত জীবনে প্রথমে দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকালে কাজ করেন। পরবর্তীতে অনলাইন নিউজ এজেন্সি বাংলার চোখের প্রতিনিধি ও ফরিদপুর টাইমসের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সম্পাদক ছিলেন। তিনি জেলার শিশু সংগঠনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আজীবন সদস্য ছিলেন।

সাংবাদিকতার পাশপাশি তিনি শিল্প-সাহিত্যের প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধামনন বিকাশে উল্লেখযোগ্য কাজ করে গেছেন। একজন বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে সকল রক্তচক্ষু উপেক্ষা করে সত্য উদ্ঘাটনে সাহস জোগানো এবং জেলা শহর ফরিদপুরের সাংবাদিক সমাজের পেশাগত ক্ষেত্রে নানা প্রতিকূলতা কাটিয়ে তুলতে প্রথম সারিতে থেকে বিশেষ অবদান রাখেন।

অকুতোভয় এই চারণ সাংবাদিক সকল দলমত ও পক্ষপাতিত্বের উর্ধ্বে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একজন অপোষহীন প্রতিবাদী চরিত্র হিসেবে চিরস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। দয়াময় আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন।

 

লেখক : হারুন আনসারী রুদ্র, সিনিয়র সাংবাদিক

ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:১১ এএম
ঈদ সালামি দেওয়া-নেওয়া: কী বলে ইসলাম?

পবিত্র ঈদুল ফিতর মানেই আনন্দ, ভালোবাসা আর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে নতুন করে দৃঢ় করার এক মহিমান্বিত উপলক্ষ। এদিন ছোটদের মুখে হাসি ফোটাতে এবং আপনজনদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক আরও গভীর করতে আমাদের সমাজে ঈদ সালামি দেওয়া-নেওয়ার একটি সুন্দর প্রচলন রয়েছে।

তবে এই প্রথার ধর্মীয় অবস্থান কী, এটি কি ইবাদত, নাকি কেবল সামাজিক রীতি? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি বোঝা জরুরি, যেন আমরা আনন্দ উদযাপনের পাশাপাশি ইসলামের সঠিক নির্দেশনাও মেনে চলতে পারি।

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী বলেন, ইসলামের মূলনীতি হলো, যে কোনো কাজ ততক্ষণ বৈধ, যতক্ষণ না তা শরিয়তের কোনো স্পষ্ট নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এ দৃষ্টিকোণ থেকে ঈদের দিনে কাউকে খুশি করার উদ্দেশে অর্থ বা উপহার দেওয়া নিঃসন্দেহে বৈধ। বরং হাদিসে উপহার আদান-প্রদানের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধির কথা বলা হয়েছে। তাই ছোটদের আনন্দ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর নিয়তে ঈদ সালামি দেওয়া-নেওয়া একটি সুন্দর ও প্রশংসনীয় আমল হতে পারে।

তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, ঈদ সালামি কোনো ইবাদত নয় এবং এটি ইসলামের নির্ধারিত কোনো বিধানও নয়। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রথা মাত্র। সুতরাং একে বাধ্যতামূলক মনে করা বা না দিলে দোষারোপ করা ঠিক নয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইসলামে সালামের পরিভাষা রয়েছে। কোরআনে আছে, ‘তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায় বা সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় তোমাকে সালাম দিয়েছে, সে ভাষায় তুমি জবাব দাও। অথবা এর চেয়ে উত্তম শব্দ ব্যবহার করে সালাম দাও।’ হজরত মুহাম্মদ (সা.) আমাদেরকে সালাম দিতে নির্দেশ করেছেন। মুখ দিয়ে উচ্চারণ করে পরস্পরের শান্তি কামনা করা হলো সালাম।’

তিনি আরও বলেন, ‘ঈদের সালামি পেতে বাচ্চারা বড়দের সালাম দিলে তারা সালামের উত্তর দেবেন। সালামের জবাব দিয়ে তাদের কিছু হাদিয়া দেবেন, এটা আমাদের দেশের সংস্কৃতি। এতে কোনো অসুবিধা নেই। কোরআন-হাদিসের সঙ্গে এর কোনো সংঘর্ষ নেই। পা ছুঁয়ে সালাম করলে সালামি দিতে হবে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে সালাম দিলে জবাব দিয়ে তাকে সালামি দিয়ে দেওয়া উচিত। পা ছুঁয়ে সালাম করতে তাকে বাধ্য করা উচিত নয়।’

সূত্র : কালবেলা

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।