খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

কাঠকয়লায় রূপচর্চা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৩ এএম
কাঠকয়লায় রূপচর্চা!

কাঠকয়লা ত্বকের জন্য ক্ষতিকারক রাসায়নিক, ময়লা ও টক্সিন বের করে নিশ্ছিদ্র ত্বক পেতে সাহায্য করে। বাড়িতে প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে আপনিও ব্যবহার করে দেখতে পারেন জাদুকরী এই উপাদান।

 

আসুন জেনে নেই ত্বকের যত্নে কাঠকয়লা কীভাবে কাজ করে-

ত্বক পরিষ্কার করে
প্রতিদিনের দূষণ, ময়লা, স্কিন অয়েল ত্বকে আটকে ত্বক নির্জীব করে দেয়। কাঠকয়লা অতিরিক্ত তেল, দূষিত পদার্থ ত্বক থেকে বের করে ত্বক পরিষ্কার করে তোলে।

দুই চা চামচ কাঠকয়লা দুই চামচ বিশুদ্ধ পানিতে মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। মুখ ধুয়ে এই মিশ্রণটি ডিপ ক্লিঞ্জার হিসেবে ব্যবহার করুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজ ব্যবহার করুন।

মরা চামড়া তোলে
নিয়মিত এক্সফোলিয়েট করলে মরা চামড়া উঠে ত্বক উজ্জ্বল হয়। কাঠকয়লার গঠন বিন্যাসের কারণে এক্সফোলিয়েট স্ক্রাব হিসেবে ভালো কাজ করতে পারে।

১-২ চামচ কাঠকয়লার গুঁড়া ১ চা-চামচ নারিকেল তেলে মেশান। নরম ও সতেজ ত্বক পেতে দুই মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন। অতিরিক্ত ঘষাঘষির ফলে ত্বকের ক্ষতি হতে পারে। পাতলা, তেলতেলে ত্বকে সপ্তাহে দু’বার এবং শুষ্ক, সংবেদনশীল ত্বকে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন।

বন্ধ লোমকূপ খুলে দেয়
লোমকূপ বন্ধ হয়ে গেলে ত্বক সৌন্দর্য হারায়, মুখে ব্রণ তৈরি হয়। স্কিন অয়েল, মরা চামড়া, ধুলাবালি, দূষিত পদার্থ লোমকূপ বন্ধের জন্য দায়ী। এই সাধারণ সমস্যাটির একটি সহজ সমাধান আছে। সমপরিমাণ আপেল সাইডার ভিনেগার ও কাঠকয়লা মিশিয়ে একটি মাস্ক তৈরি করে নিন। লোমকূপ পরিষ্কারক পেস্টটি ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করে
কাঠকয়লা, কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল, ১ চা চামচ অ্যালোভেরা জেল, এক চিমটি লবণ আর সামান্য পরিমাণ পানি মিশিয়ে ব্রণ প্রতিষেধক মাস্ক তৈরি করে ফেলা যায়। টি-ট্রি অয়েল ব্রণের প্রোপায়োনি ব্যাকটেরিয়ামের বিরুদ্ধে কাজ করে আর অ্যালোভেরা জেল ব্রণের প্রদাহ কমায়। কাঠকয়লা লোমকূপ খুলে দূষিত পদার্থ বের করে, যা ব্রণের জন্য দায়ী।

ক্ষত সারায়
কাঠকয়লা ক্ষতিগ্রস্ত চামড়া ও ক্ষত নিরাময়ে সাহায্য করে। ক্ষত সারিয়ে উঠতে বাধা দেয় এমন টক্সিন বের করে দেয়। বিভিন্ন ড্রেসিং-এর কাজে অ্যান্টি ব্যাকটেরিয়াল সিলভারের সাথে কাঠকয়লা ব্যবহার করে ক্ষতের চিকিৎসা করা হয়।

যেকোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয়। বাণিজ্যিকভাবে পণ্য প্রস্তুত করার সময় এগুলোর গুণমান, কার্যকারিতা যাচাই করা হয়। যখন আপনি বাড়িতেই কাঠকয়লা ব্যবহার করবেন, তখন এর অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।