খুঁজুন
, ,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধুখালীতে দোয়া মাহফিল

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধুখালীতে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেগচামী মৃধা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেগচামী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল হাসানের সঞ্চলনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল শিকদার, মেগচামী ইউনিয়ন যুবদলের আহব্বায়ক আজম মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহব্বায়ক আইউব শেখ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আয়নাল শেখ, বিএনপি নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মৃধা, ইউনিয়ন প্রজন্ম দলের সেক্রেটারি কায়োম শেখ, বিএনপি নেতা ইয়াকুব আলী, যুবদল নেতা মহসিন শেখ প্রমূখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এই ছাত্রলীগ নেতার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ফেরদাউস। মঙ্গলবার দুপুরে তিনি সালথা থানা রোড এলাকায় এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​পরিবার সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে অফিসার পদে যোগ দেওয়ার কথা ছিল।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. কালাচান শেখ (৬০) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস (রেজি নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে  রাখা আছে।

​ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।