খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণা, ১১ জনের পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৬:৪৩ পিএম
ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণা, ১১ জনের পদত্যাগ
ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরেরদিন কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগে কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেছেন।
রোববার (০২ মার্চ) কলেজ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।
এর আগে শনিবার (০১ মার্চ) বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
বোয়ালমারী সরকারি কলেজে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার ২১ দিন পর পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
এই কমিটি ঘোষণার পরের দিন সংবাদ সম্মেলন করে ১৮ কমিটির ১১ জন নেতা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন, নতুন কমিটির বোয়ালমারী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।
পদত্যাগী নেতাদের দাবী, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে যারা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে বলে জানান। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে সুবিধা ভোগ করেছে। সেই সাথে ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে উৎকোচের মাধ্যমে কমিটির বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন। এ কমিটিতেও তার কোন ব্যতয় ঘটেনি। আমারা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।
এই কমিটিতে পাপ্পু বিশ্বাসকে সভাপতি পদ দেয়া হয়েছে। তবে তিনি বোয়ালমারী সরকারি কলেজের নিয়মিত ছাত্র না। শিহাব শেখকে সিনিয়র সহ-সভাপতি পদ দেয়া হয়। তবে তিনি বিগতদিন ছাত্রদলের সাথে মিছিল মিটিংয়ে প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণ করেছিলেন না। সাধারণ সম্পাদক দেয়া হয় মো. সম্রাট মোল্লাকে। তিনি এর আগে কোন রাজনীতিতে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন বলে অভিযোগ করেন পদত্যাগী নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাঁচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদ প্রত্যাশিত থাকে, হয়তোবা তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছেন। তার পরেও যদি এই কমিটিতে কোন অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। এর সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।