খুঁজুন
, ,

ফরিদপুরে শিশু হত্যাসহ এক মাসে ৮ খুন, উদ্বেগ বাড়ছে

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ণ
ফরিদপুরে শিশু হত্যাসহ এক মাসে ৮ খুন, উদ্বেগ বাড়ছে

ফরিদপুরে মাত্র এক মাসের ব্যবধানে শিশু ও নারীসহ আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২০ নভেম্বর থেকে চলতি মাসের ২১ ডিসেম্বর পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র দু’টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করা হয়েছে। বাকি ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটটি হত্যাকাণ্ডের মধ্যে মাত্র দুটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত একটি শিশু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার দেখানো হলেও এখনও রহস্য উদঘাটন হয়নি।

🟥 আলোচিত শিশু জায়ান হত্যাকাণ্ড

গত ২০ নভেম্বর আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে সাত বছর বয়সী শিশু জায়ান মোল্যার মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটির মুখে আঘাতের চিহ্ন ছিল এবং মুখমণ্ডল ঢেকে রাখা হয়েছিল। এ ঘটনায় পাঁচ দফা মানববন্ধন হলেও এখনও হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটিত হয়নি। এক প্রতিবেশীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলেও পুলিশ রহস্য জানাতে পারেনি।

🟥 ডাব ব্যবসায়ী ইব্রাহিম হত্যাকাণ্ড

২২ নভেম্বর বোয়ালমারীর রামচন্দ্রপুর এলাকায় মহাসড়কের পাশে ডাব ব্যবসায়ী ইব্রাহিমের মরদেহ উদ্ধার হয়। এক মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি।

🟥 চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

২৩ নভেম্বর নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহীন শিকদার নামে এক যুবক নিহত হন। শতাধিক অজ্ঞাত আসামি করে মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

🟥 মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার রহস্য উদঘাটন

৪ ডিসেম্বর সালথার কালীতলা ব্রিজ এলাকায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। পরকীয়া ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

🟥 যৌনপল্লী থেকে নারীর মরদেহ উদ্ধার

১৪ ডিসেম্বর ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে।

🟥 কলাবাগান থেকে রিকশাচালকের গলাকাটা মরদেহ

১৮ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন এলাকায় রিকশাচালক টিপু সুলতানের গলাকাটা মরদেহ উদ্ধার হয়। সম্প্রতি এ ঘটনার রহস্য উদঘাটনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

🟥 হাত বাঁধা বিবস্ত্র নারীর মরদেহ

১৯ ডিসেম্বর সদরপুরে এক নারীর হাত বাঁধা বিবস্ত্র মরদেহ উদ্ধার হয়। পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। ধর্ষণের পর হত্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

🟥 বঁটির কোপে ভাশুর নিহত

ভাঙায় ছোট ভাইয়ের স্ত্রীর বঁটির কোপে টুকু মোল্লা নিহত হন। অভিযুক্ত নারী পলাতক, মামলা প্রক্রিয়াধীন।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, “সালথা ও কোতয়ালীর দু’টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। অন্যান্য ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এক মাসে একের পর এক হত্যাকাণ্ড ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

ফরিদপুরের আলফাডাঙ্গায় আরিফুজ্জামান ও আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

মিয়া রাকিবুল
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় আরিফুজ্জামান ও আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান শিক্ষক আজাদুল ইসলাম সভাপতিত্ব করেন।

​অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা উপস্থাপন করেন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি তার বক্তব্যে বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​পরবর্তীতে বেলা ১২টায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ছাত্রীদের অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়ও মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মুন্সি বিল্লাল হুসাইন।

নারী শিক্ষার গুরুত্ব ও মহানবীর শিক্ষা তুলে ধরে তিনি বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও মানবতাবাদী শিক্ষা গ্রহণের শ্রেষ্ঠ উপলক্ষ। রাসুল (সা.)-এর বাণী অনুযায়ী প্রতিটি নর-নারীর ওপর জ্ঞান অর্জন করা ফরজ। তাই সমাজে নারী শিক্ষার প্রসার ঘটানো এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আদর্শ জীবন গঠন করা অত্যন্ত জরুরি।”

আলোচনা ও দোয়া মাহফিল শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি মুন্সি বিল্লাল হুসাইন। অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহানবী (স.)-এর আদর্শ ধারণের আহ্বান, ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
মহানবী (স.)-এর আদর্শ ধারণের আহ্বান, ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলে মিলাদ মাহফিল

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভাপতি শায়লা শারমীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি দরুদ ও সালাম নিবেদনের মাধ্যমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মহানবী (স.)-এর জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোচনা করা হয়।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ মহানবী (স.)-এর আদর্শ ও তাঁর অনুপম চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (স.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সততা ও শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্বে বক্তারা মহানবী (স.)-এর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর শিক্ষা ও জীবনাদর্শ অনুসরণ করলে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

পরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ধর্মীয় শিক্ষক কাজী দেলোয়ার হোসেন।

চরভদ্রাসনে স্পিডবোটে অতিরিক্ত ভাড়া: ঘাটের ইজারাদারকে জরিমানা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
চরভদ্রাসনে স্পিডবোটে অতিরিক্ত ভাড়া: ঘাটের ইজারাদারকে জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর-মৈনট নৌপথে স্পিডবোটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ঘাটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

​আদালত সূত্র জানায়, বাংলা ১৪৩৩ সনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে স্বপন ব্যাপারী নামে এক পাটনিকে ৬১ লাখ টাকায় গোপালপুর ঘাটটি ইজারা দেওয়া হয়। এতে স্পিডবোটে যাত্রীপ্রতি ভাড়া ১৭৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে ইজারাদার শর্ত ভঙ্গ করে যাত্রীদের কাছ থেকে ১৮০ টাকা করে ভাড়া আদায় করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে ঘাট মালিকপক্ষের প্রতিনিধি আলি মৃধা বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তর থেকে ১৭৫ টাকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় খুচরা টাকা না থাকায় ভাংতি দিতে গিয়ে এই সমস্যার সৃষ্টি হয়।’