খুঁজুন
, ,

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি

ফরিদপুরে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতিতে অংশ নেন।

এতে করে ইপিআই টিকাদান, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার বেশ কিছু কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী তারা ন্যায্য বেতন গ্রেড, পদমর্যাদা ও পদোন্নতি থেকে বঞ্চিত।

স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূর করে উপযুক্ত গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নদের টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।

ফরিদপুর সদর উপজেলার এক স্বাস্থ্য সহকারী জানান, “আমরা বছরের পর বছর মাঠে কাজ করেও ন্যায্য অধিকার পাচ্ছি না। বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে নেমেছি।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে কর্মবিরতির ফলে কিছু এলাকায় টিকাদান ও স্বাস্থ্যসেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে স্বাস্থ্য সহকারীরা জানান, জনগণের দুর্ভোগ তাদের কাম্য নয়; দ্রুত দাবি বাস্তবায়ন হলে স্বাভাবিক হবে সব কার্যক্রম।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনা ও সমাধানের মাধ্যমে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম-এর ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর—৭/২৬।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।

​দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।

​তবে তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

​দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

 

বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
বিয়ের ছয় মাসের মাথায় বোয়ালমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মুরসালিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৮টার পর উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রাম থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

​নিহত মুরসালিনা আক্তার চন্ডিবিলা গ্রামের রাব্বী মোল্যার স্ত্রী এবং পার্শ্ববর্তী মধুখালী উপজেলার দাড়িরপাড় গ্রামের মাছিম মল্লিকের মেয়ে। স্বামীর বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এদিকে নিহতের বাবা ও মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাঁরা মুরসালিনার স্বামী রাব্বী মোল্যা ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন।

​এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।