খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

শারীরিক অবস্থা বুঝতে যেসব লক্ষণের ওপর নজর দেওয়া উচিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
শারীরিক অবস্থা বুঝতে যেসব লক্ষণের ওপর নজর দেওয়া উচিত

আপনার যদি খুব অল্প সিঁড়ি ওঠার পরই নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবে শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক সময় নেয়, তাহলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা উচিত। যদি আগে কখনো এমন সমস্যা দেখা না দেয়, তবে হঠাৎ সিঁড়িতে ওঠা কষ্টকর মনে হয়, তাহলে এটি কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সিঁড়ি ভাঙতে গিয়ে কয়েক ধাপ পরেই যদি বুক ধড়ফড় করতে থাকে কিংবা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন বুঝতে হবে, আপনার শরীরে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তবে আদৌ কি সিঁড়ি ভাঙার পর হাঁপিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু, নাকি এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত নর্থ-ওয়েস্টার্ন মেডিসিন ক্যানিং থোরাসিক ইনস্টিটিউটয়ের ফুসফুস বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন মায়ার্স।

‘দ্য স্কিম ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন, সিঁড়ি ভাঙার সময় সাময়িকভাবে শ্বাসকষ্ট হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তবে কিছু পরিস্থিতিতে এটি হতে পারে শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার লক্ষণ।

কারণ চিকিৎসক সাধারণত নিচের কিছু কারণ খুঁজে পেয়েছেন—

১. শ্বাসনালিতে প্রদাহ কিংবা সংকোচন হলে বুজতে হবে আপনার অ্যাজমা কিংবা হাঁপানি হয়েছে।

২. আপনার দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে— ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।

৩. হৃদযন্ত্র দুর্বল হলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়।

৪. অক্সিজেন পরিবহনে রক্তাল্পতা কিংবা রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে শ্বাসকষ্ট বাড়ে।

 

সিঁড়িতে ওঠা সহজ করতে যা করা উচিত:

যদি পরীক্ষা করে দেখা যায় যে, আপনার শরীরে কোনো বড় সমস্যা নেই, তবে সিঁড়ি ভাঙা সহজ করার সবচেয়ে কার্যকর উপায় হলো— অভ্যাস তৈরি করা। সিঁড়ি দিয়ে ওঠার সহনশীলতা বাড়াতে সবচেয়ে ভালো উপায় হলো— আরও সিঁড়িতে ওঠা। সে জন্য আপনার শরীরকে ধীরে ধীরে পরিশ্রমের সঙ্গে অভ্যস্ত করতে হবে।

এ বিষয়ে ড. মায়ার্স বলেন, নিয়মিত হাঁটা কিংবা হালকা দৌড়ানোর সঙ্গে সঙ্গে যদি ঢালু পথে ওঠার (ইনক্লাইন) অভ্যাস করা যায়, তাহলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে এবং শরীর সহজে অক্সিজেন গ্রহণে অভ্যস্ত হয়। এতে সিঁড়ি ভাঙার সময় শ্বাসকষ্ট অনেকটাই কমে যায়।

শরীরচর্চার পাশাপাশি জীবনযাপনে পরিবর্তন আনা প্রয়োজন। আপনি সিঁড়ি ভাঙা সহজ করতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি কিছু সাধারণ অভ্যাসও সহায়ক হতে পারে। শরীর সবসময় সংকেত দেয়। যদি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, বুক ধড়ফড় করে কিংবা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। কারণ অনেক সময় সাধারণ শ্বাসকষ্টের আড়ালে লুকিয়ে থাকে ফুসফুস কিংবা হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, যা আগে থেকেই শনাক্ত করা গেলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।

যদিও সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁপিয়ে যাওয়া সবসময়ই বড় কোনো রোগের লক্ষণ নয়। এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে, বিশেষ করে যদি নিয়মিত ব্যায়াম করা না হয়। তবে যদি এই শ্বাসকষ্ট বারবার হয় বা আগের তুলনায় বাড়ে, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে।

ডা. ক্যাথরিন মায়ার্স বলেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় সামান্য হাঁপানো একদম স্বাভাবিক, তবে যখন এটি অল্পতেই হয় এবং দীর্ঘ সময় স্থায়ী হয়, তখন সেটিই সংকেত যে শরীরের কোথাও সমস্যা রয়েছে।

যে কারণে সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট হয়:

যখন কেউ দুই-তিন তলার বেশি সিঁড়ি দিয়ে ওঠেন, তখন শরীরকে স্বাভাবিকের তুলনায় বেশি অক্সিজেন প্রয়োজন হয়। কারণ তখন শরীরের অনেক অংশ একসঙ্গে কাজ করে— পা, পেশি, ফুসফুস, হৃদযন্ত্র—সবকিছুর ওপর চাপ পড়ে।

সিঁড়ি ভাঙা মানেই শরীরের অনেক শক্তি ব্যয় হওয়া। হাঁটার সময় যেসব পেশি ব্যবহার হয়, সিঁড়ি ভাঙার সময় সেগুলোর সঙ্গে আরও কিছু গভীর পেশি সক্রিয় হয়। তাই শ্বাস দ্রুত হয়, হৃদ্স্পন্দন বেড়ে যায়— যা সম্পূর্ণ স্বাভাবিক। তিনি বলেন, যদি কয়েক ধাপ সিঁড়ি ভাঙার পর সামান্য হাঁপান আর অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যান, তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।