খুঁজুন
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ়, ১৪৩৩

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে হত্যা করেছে এক যুবক, যাকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হঠাৎ করেই আকাশ মোল্যা (২৮) নামের ওই যুবক কোদাল হাতে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে হঠাৎ করে তিনি এমন ভয়াবহ হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই তিনি এলাকা থেকে পালিয়ে যান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নগরকান্দায় ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে চীনা ভাষা শিখছে ১৭৫ শিক্ষার্থী

এহসানুল হক মিয়া, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
নগরকান্দায় ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে চীনা ভাষা শিখছে ১৭৫ শিক্ষার্থী

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে এবং বৈশ্বিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তাঁর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চীনা ভাষা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে দুই উপজেলার ১৭৫ জন শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতি চীনের ভাষা শেখার সুযোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

জানা গেছে, গত ৪ এপ্রিল নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় বিদেশগামী বাংলাদেশিদের জন্য বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইসলাম। তাঁর দিকনির্দেশনা এবং ইউএনও সাইফুল ইসলামের পরিকল্পনায় পরবর্তীতে চালু হয় চীনা ভাষা শিক্ষা কার্যক্রম।

প্রকল্পের আওতায় নগরকান্দার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ জন করে মোট ১৫০ জন এবং সালথার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আরও ২৫ জন শিক্ষার্থী চীনা ভাষা শিক্ষা গ্রহণ করছে। অংশগ্রহণকারীদের বেশিরভাগই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, এমএন একাডেমি, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা বিদ্যালয় ও কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া সালথার নবকাম পল্লী কলেজের শিক্ষার্থীরাও এ প্রকল্পের আওতায় রয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথমে ওই কলেজ থেকেই কার্যক্রমটির যাত্রা শুরু হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। ফলে চীনা ভাষা জানা থাকলে আন্তর্জাতিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত হয়।

এই কোর্সের অন্যতম আকর্ষণ হলো—চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি ক্লাস পরিচালনা করছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় উচ্চশিক্ষা শেষে বর্তমানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করছেন। পাশাপাশি ঢাকার লিড একাডেমির অভিজ্ঞ প্রশিক্ষকরাও নিয়মিত পাঠদান করছেন। ফলে গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষার সুযোগ পাচ্ছে।

উদ্যোগটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছেন দুই সমাজসেবক ও শিল্পপতি। নগরকান্দার শিক্ষার্থীদের জন্য অর্থায়ন করছেন হানিফ মণ্ডল এবং সালথার শিক্ষার্থীদের সহায়তা করছেন ইদ্রিস আলী মোল্লা।

চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুন নাহার পলি। তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চীনা ভাষা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দেশে চীনা ভাষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “বর্তমান বিশ্বে চীনা ভাষার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক চাকরির বাজারে এ ভাষা জানা শিক্ষার্থীরা বিশেষ সুবিধা পাবে। আমাদের লক্ষ্য গ্রামীণ শিক্ষার্থীদেরও বিশ্বমানের দক্ষতার সঙ্গে পরিচিত করা। এই উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হলে গ্রামের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। নগরকান্দা ও সালথায় শুরু হওয়া এই উদ্যোগ ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান)।

​সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত একটি ৯ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান) তার বক্তব্যে বলেন, “পর্যাপ্ত খেলাধুলার সুযোগ ও চর্চা না থাকায় বর্তমান যুবসমাজ মাদক ও মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়ছে। তাই এই মারাত্মক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে মাঠমুখী করার কোনো বিকল্প নেই। আমরা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে প্রকৃত যুবশক্তিতে রূপান্তরিত করতে চাই।”

​উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় রয়েছেন বুড়াইচ ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইসানুর রহমান ইসা।

​টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বুড়াইচ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বারাংকুলা ফুটবল একাদশ এবং ৫ নং ওয়ার্ড শিয়ালদী-শৈলমারী ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত অবস্থায় শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে ২-১ গোলে বারাংকুলা ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে শিয়ালদী-শৈলমারী ফুটবল একাদশ। মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা

বাজারে গেলেই এখন দেখা মেলে আম-জাম-কাঁঠালের। গ্রীষ্মের এসব ফল যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। এরমধ্যে অনেকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রসালো জাম। শুধু জামই নয়, পুষ্টিতে ভরপুর এর বীজও।

তবে বেশিরভাগ মানুষ জাম খাওয়ার পর বীজ ফেলে দেন। অথচ এই বীজেও রয়েছে এমন কিছু গুণ, যা শরীরের জন্য উপকারী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক জামের বীজের কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

জামের বীজের গুঁড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে। এজন্য বীজ শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে এক গ্লাস পানির সঙ্গে এক চা-চামচ মিশিয়ে পান করা যেতে পারে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে।

হজমের সমস্যা কমাতে সাহায্য করে

গ্যাস, অম্বল, বদহজমসহ নানা ধরনের পেটের সমস্যায় অনেকেই ভোগেন। জামের বীজের গুঁড়া খালি পেটে পানির সঙ্গে গ্রহণ করলে হজম প্রক্রিয়া ভালো রাখতে সহায়তা করতে পারে। নিয়মিত ব্যবহারে পেটের অস্বস্তি কিছুটা কমতে পারে বলে মনে করা হয়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে

উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখের ক্ষতির কারণ হতে পারে। জামের বীজের গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। পাশাপাশি এটি হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী বলে বিবেচিত হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক

শরীরের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী থাকলে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সহজ হয়। জামের বীজে থাকা বিভিন্ন উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিন সকালে বীজের গুঁড়া মিশ্রিত পানি পান করলে এ ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে।

ওজন কমানোর প্রচেষ্টায় সহায়ক

অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মতো নানা সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি জামের বীজের গুঁড়া খাদ্যতালিকায় যুক্ত করলে ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সহায়তা পাওয়া যেতে পারে। নিয়মিত ব্যবহারে শরীরের ওজন ও বিএমআই স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে।

সতর্কতা

জামের বীজের সম্ভাব্য উপকারিতা নিয়ে বিভিন্ন প্রচলিত তথ্য থাকলেও ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত চিকিৎসার বিকল্প হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়।

তথ্যসূত্র: পাবমেড ও ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন