খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

নগরকান্দায় ট্রলির নিচে পিষ্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
নগরকান্দায় ট্রলির নিচে পিষ্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, চালক পলাতক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ট হয়ে মরিয়ম (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নগরকান্দা বাজার সংলগ্ন মুন্সী শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাওয়ার পথে নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রী মরিয়ম রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলির নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহত মরিয়ম নগরকান্দা উপজেলার বড় কাজলি গ্রামের বাসিন্দা মো. রাজ্জাকের মেয়ে। পরিবারের সঙ্গে সে নগরকান্দা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক যানটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতা ট্রলিটি আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শহীদুল হাসান খাঁন সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে বহনকারী গাড়িতে ট্রাস্ট পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকায় চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের নিচে একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়।

এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে হেফাজতে নেয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। সেটির পরিপ্রেক্ষিতে ট্রাস্ট পরিবহনের ওই বাস চালককে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র : বাংলানিউজ২৪

ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি ঘিরে অনিয়ম ও নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগে উঠেছে ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় গোলাপী বেগম নামের ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন।

তিনি বলেন, বরখাস্ত হওয়া ওই শিক্ষক গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া এই বিষয়টি আমাদের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, স্কুল ফিটিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহ বিষয়টি আমরা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি, তার বিষয়ে অধিদপ্তর থেকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে ।