খুঁজুন
, ,

ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন, কান্নায় ভারী চরভদ্রাসন

চরভদ্রাসন প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন, কান্নায় ভারী চরভদ্রাসন

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি দিপালী আক্তারের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা উপজেলার চর শালেপুর মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আত্মীয়-স্বজন ও শত শত মানুষ অংশ নেন। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিন বিদেশে থেকে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা করা দিপালীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও গভীর শোক বিরাজ করছে।

নিহত দিপালী আক্তার ফরিদপুরের চর শালেপুর গ্রামের মুকা শেখের মেয়ে। পরিবারের আর্থিক সংকট দূর করতে কয়েক বছর আগে লেবাননে পাড়ি জমান তিনি। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার সময় বোমা বিস্ফোরণে দিপালী নিহত হন। ঘটনার পর থেকেই মরদেহ দেশে আনার জন্য পরিবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করে। অবশেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরিবারের সদস্যরা দিপালীর মরদেহ জড়িয়ে আহাজারি করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের পাশে সরকার থাকবে এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করবে।

ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে এক সপ্তাহ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২২ জুন) বিকেল ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরেও সেনাসদস্যরা মাঠে কাজ করবেন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

ফরিদপুরে মধুখালীতে সংঘবদ্ধ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
ফরিদপুরে মধুখালীতে সংঘবদ্ধ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের একটি প্রবাসী পরিবারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গভীর রাতে ১৩ থেকে ১৪ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রবিবার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাটঘাটা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মো. খাইরুল ইসলাম মোল্লা প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দরজায় শব্দ শুনে তিনি ও তার স্ত্রী এগিয়ে গেলে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে।

ডাকাতরা প্রথমেই পরিবারের ১৫ বছর বয়সী ছেলে মাহিকে বেঁধে ফেলে। পরে খাইরুল ইসলাম ও তার স্ত্রীকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। প্রায় আধাঘণ্টা ধরে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, নতুন কাপড়চোপড় এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেছে পরিবারটি।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় ডাকাতরা পাশের আরও কয়েকটি বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে এবং দরজায় আঘাত করে পালিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে সোমবার (২২ জুন) সকালে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সোমবার সকালে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করেছে। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলাম।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে ঘটনার পর হাটঘাটা ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত, আহত ৫

ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিবুল হোসেন (৪২) নামে এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (২২ জুন) সকালে সদর উপজেলার করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদরের ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ও পাশের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রিবুল হোসেন গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা অন্তত পাঁচজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিবুল হোসেন মারা যান।

নিহত রিবুল হোসেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি গত কয়েক মাস আগে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদ থেকে বদলি হয়ে ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রিবুল নামে একজন মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।