খুঁজুন
, ,

রুটি-রুজির খোঁজে বিদেশ, ফিরলেন আগুনে ঝলসে—ইব্রাহিমের বাঁচার আকুতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
রুটি-রুজির খোঁজে বিদেশ, ফিরলেন আগুনে ঝলসে—ইব্রাহিমের বাঁচার আকুতি

বৃদ্ধ মা-বাবার মুখে হাসি ফোটানো, পরিবারের অভাব-অনটন দূর করা আর স্বপ্নের একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়েই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের যুবক ইব্রাহিম। কিন্তু জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা মুহূর্তেই ওলটপালট করে দিয়েছে তাঁর জীবন।

ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় তাঁর মুখমণ্ডল ও দুই হাতের বড় অংশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তাঁর উন্নত চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসনের জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করার সামর্থ্য নেই তাঁর পরিবারের।

স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন ইব্রাহিম। তাঁর উপার্জনের টাকায় পরিবারের স্বপ্ন পূরণের কথা ছিল। কিন্তু আজ সেই পরিবারই প্রিয় মানুষটির জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার আবেদন জানাতে বাধ্য হচ্ছে।

হাসপাতালের বিছানায় অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন পার করছেন ইব্রাহিম। কথা বলতে কষ্ট হলেও তাঁর একটাই আকুতি—”আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে চাই।”

পরিবার জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি। কিন্তু প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং হৃদয়বান মানুষের প্রতি ইব্রাহিমের পরিবারের আবেদন—যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি, বাঁচিয়ে দিতে পারে একটি তাজা প্রাণ।

শুধু আর্থিক সহায়তাই নয়, ইব্রাহিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তাঁর স্বজনরা।

সহযোগিতার জন্য

বিকাশ: ০১৩৩০-৬৬১২৯২
বিকাশ: ০১৭৯৪৮৯৯৬২৫
যোগাযোগ: ০১৩২২০০৬৫৮২ (ইব্রাহিম)

মানুষ মানুষের জন্য। ইব্রাহিমের এই কঠিন সময়ে আপনার একটি সহানুভূতির হাত, একটি সহযোগিতা কিংবা এই আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দেওয়াও হতে পারে তাঁর নতুন জীবনের সূচনা।

ফরিদপুরে গাঁজাসহ নারী গ্রেফতার, ৮ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
ফরিদপুরে গাঁজাসহ নারী গ্রেফতার, ৮ মাসের কারাদণ্ড

ফরিদপুরে ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে সেলি বেগমের নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০টি পুরিয়ায় রাখা ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে গ্রেফতারকৃত সেলি বেগমকে ফরিদপুর জেলার ১ নম্বর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ফরিদপুরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫.২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন

ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৫ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এ অর্থ অনুমোদন পায়।

​সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার সুপারিশ ও বিশেষ উদ্যোগে বরাদ্দকৃত এই অর্থের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং চারটি প্রতিষ্ঠানের সংস্কার কাজে ৬০ লাখ টাকা ব্যয় করা হবে।

বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ-

একাডেমিক ভবন নির্মাণ (প্রতিটি ১ কোটি ৫৫ লাখ টাকা):

​গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​কালপোহা উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​খন্দোকার ফজলুল করিম উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

মেরামত ও সংস্কার কাজ (প্রতিটি ১৫ লাখ টাকা):

​ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় (মধুখালী)

​আশাপুর আলিম মাদরাসা (মধুখালী)

​রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় (বোয়ালমারী)

​সাতৈর জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ সিনিয়র মাদরাসা (বোয়ালমারী)

​সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এই অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ স্বচ্ছ ও যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব উন্নয়নকাজ শেষ হলে এই অঞ্চলের শিক্ষা কাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি খাদে উল্টে যায় এবং ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে, বেপরোয়া গতির ট্রাকটি বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে সজোরে ধাক্কা দিলে তিনটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়।

​ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় সাময়িকভাবে ওই সড়কে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

​বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডিজিএম উৎপল মণ্ডল জানান, দুর্ঘটনায় তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল।

​বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।