ফরিদপুরে গাঁজাসহ নারী গ্রেফতার, ৮ মাসের কারাদণ্ড
ফরিদপুরে ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ফরিদপুর শহরের শোভারামপুর ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে সেলি বেগমের নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০টি পুরিয়ায় রাখা ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত সেলি বেগমকে ফরিদপুর জেলার ১ নম্বর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
Array