খুঁজুন
, ,

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়? এ প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। গবেষকদের মতে, শরীরে জমে থাকা চর্বির বড় একটি অংশ শেষ পর্যন্ত শ্বাসের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড হিসেবে শরীর থেকে বের হয়ে যায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের দুই গবেষক ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত এক নিবন্ধে জানান, শরীরের চর্বি কমার প্রক্রিয়া শুরু হয় যখন খাবার থেকে পাওয়া শক্তির চেয়ে শরীরের শক্তির চাহিদা বেশি হয়। তখন শরীর জমিয়ে রাখা চর্বি থেকে শক্তি নেওয়া শুরু করে।

খাবারের চর্বি হজমের পর ফ্যাটি অ্যাসিডে ভেঙে যায়। শরীর প্রয়োজনীয় অংশ বিভিন্ন কাজে ব্যবহার করে। অতিরিক্ত অংশ ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে চর্বি কোষে জমা থাকে।

শরীরে মূলত দুই ধরনের চর্বি জমে- ত্বকের নিচে থাকা সাবকিউটেনিয়াস ফ্যাট এবং শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গের চারপাশে জমা ভিসেরাল ফ্যাট।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি হলে হরমোন ও স্নায়ুর সংকেতের মাধ্যমে চর্বি কোষে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ভাঙতে শুরু করে। এরপর ফ্যাটি অ্যাসিড কোষের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় অংশ নেয়। এ সময় কার্বন ডাই-অক্সাইড ও পানি তৈরি হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, শরীর থেকে হারানো চর্বির প্রায় ৮৪ শতাংশ কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়ে শ্বাসের সঙ্গে বের হয়ে যায়। বাকি প্রায় ১৬ শতাংশ পানি হিসেবে ঘাম, প্রস্রাবসহ বিভিন্ন শারীরিক তরলের মাধ্যমে বের হয়।

তবে এই হারগুলো আনুমানিক বলে জানিয়েছেন গবেষকরা। শরীরের সব ধরনের নির্গমন নির্ভুলভাবে পরিমাপ করা কঠিন।

গবেষকরা আরও বলেন, দ্রুত শ্বাস নিলেই চর্বি কমে না। শ্বাস-প্রশ্বাস চর্বি ভাঙার কারণ নয়; বরং চর্বি ভাঙার পর তৈরি হওয়া পদার্থ শরীর থেকে বের হওয়ার একটি পথ।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি করাই চর্বি কমানোর মূল বিষয়। খাবার নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই ঘাটতি তৈরি করা যায়।

সূত্র: ইউরো নিউজ

স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী?

বিয়ের পর একজন পুরুষের জীবনে বাবা-মা ও স্ত্রী-দুই পক্ষের সম্পর্কই গুরুত্বপূর্ণ। কিন্তু একই ছাদের নিচে বসবাস কিংবা পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তৈরি হয় মতবিরোধ।

তখন স্বামী কার পক্ষ নেবেন, তা নিয়ে দেখা দেয় টানাপোড়েন।
সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তীর মতে, স্ত্রীকে কখনোই বলা উচিত নয়, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।

’
তার মতে, পরিণত মানসিকতার একজন স্বামী বাবা-মাকে সম্মান করার পাশাপাশি স্ত্রীর অনুভূতি ও মতামতকেও গুরুত্ব দেবেন। কোনো সমস্যা হলে বাবা-মা ও স্ত্রী-উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কেন এমন কথা ক্ষতিকর?

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে একজন নারীর সময় প্রয়োজন হয়। এ অবস্থায় স্বামী যদি সব সময় বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানান, তাহলে স্ত্রীর মনে অবহেলা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।

ধীরে ধীরে বাড়তে পারে অভিমান ও দূরত্ব।

স্ত্রীকে কি বাবা-মায়ের আগে রাখতে হবে?

বিষয়টি আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রতিযোগিতা নয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন যেমন জরুরি, তেমনি দাম্পত্যজীবনে স্ত্রীর মতামত ও অনুভূতিকেও সম্মান করা প্রয়োজন। পরিস্থিতি বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই সুস্থ সম্পর্কের ভিত্তি।

সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে কাউকে ছোট করা নয়, বরং প্রত্যেকের অবস্থান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়াই জরুরি।

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট। এছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও তারা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ফরিদপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থী। পাশাপাশি মাঠের আমন ধান ও আগাম শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় স্বাভাবিক বেচাকেনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। বৃষ্টির কারণে দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকদের কাজ কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষের আয়-রোজগারে টান পড়েছে।

অন্যদিকে, এই টানা বৃষ্টি জেলার কৃষি খাতে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে। বর্তমানে মাঠের আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে এবং অনেক এলাকায় কাটার প্রস্তুতি চলছে। বৃষ্টির পানিতে জমিতে পানি জমে যাওয়ায় ধানের গাছ হেলে পড়া ও শিষ নুইয়ে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। এ ছাড়া আগাম শীতকালীন সবজি যেমন—শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালং ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে গিয়ে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াই কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, টানা মেঘলা আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ফসলে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। তাই ক্ষেত থেকে দ্রুত অতিরিক্ত পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখা জরুরি। বৃষ্টি আরও কয়েক দিন স্থায়ী হলে জনদুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি জেলার কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, “টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। পাকা ও আধা-পাকা ধান হেলে পড়লে বা জমিতে পানি জমলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে—এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।”