ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর
রাসায়নিক স্প্রে ছিটিয়ে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
অভিযানের আঁচ পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যে সময় লাগে, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মাথায় তা বিক্রির উপযোগী করা হচ্ছে। দেখতে চকচকে ও পাকা হলেও এসব কলায় কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ।
এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে দেওয়া কলা কখনোই নিরাপদ হতে পারে না। এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না বুঝেই সাধারণ মানুষ এগুলো কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’
অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়ে গেছে, সামনে আর এমন ব্যবসা করব না।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘অভিযান চালাতে গেলে দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। তাঁর দোকানে ঢুকে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, সেসবের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন