খুঁজুন
, ,

বদলে যাচ্ছে সালথার ১৯ প্রাথমিক বিদ্যালয়, অবকাঠামো উন্নয়নে প্রতিমন্ত্রীর উদ্যোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
বদলে যাচ্ছে সালথার ১৯ প্রাথমিক বিদ্যালয়, অবকাঠামো উন্নয়নে প্রতিমন্ত্রীর উদ্যোগ

ফরিদপুরের সালথা উপজেলাধীন ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ও আনুভূমিক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে সম্প্রসারণযোগ্য বিদ্যালয়গুলোর একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা সংযুক্ত করা হয়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়েছে, সালথা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে কয়েকটি বিদ্যালয়ের সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সংখ্যা, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে এবং উল্লিখিত বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী, আনুভূমিক সম্প্রসারণের জন্য মনোনীত ৮টি বিদ্যালয় হলো— কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝারদিয়া পঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরপদিয়া বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, ঊর্ধ্বমুখী সম্প্রসারণের তালিকায় থাকা ১১টি বিদ্যালয় হলো— কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদুনন্দী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাগ্রাম আনোয়ার হো. ছবু. সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, “উপজেলার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংকট রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করতে এই বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সম্প্রসারণ অত্যন্ত জরুরি ছিল। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি।”

উল্লেখ্য, এ সংক্রান্ত ডিও লেটারের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কিংবদন্তী মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের যে ইতিহাস আজো অজানাই রয়ে গেছে?

হারুন আনসারী
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
কিংবদন্তী মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের যে ইতিহাস আজো অজানাই রয়ে গেছে?

উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ চৌধুরী ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের অনেক অজানা অধ্যায় আজও ইতিহাসের পাতায় পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা সংগ্রাম, দেশভাগের উত্তাল সময় কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রতিটি বাঁকে গণমানুষের স্বার্থে তাঁর সাহসী ভূমিকা ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা যখন ছড়িয়ে পড়ে, তার আগে থেকেই ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে পূর্ব পাকিস্তানের নেতাদের টানাপোড়েন ও আলোচনা চলছিল। কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী—এই প্রশ্নে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এবং জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টির মধ্যে মতৈক্য না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং অনিবার্য হয়ে ওঠে মুক্তির সংগ্রাম। এমন এক সংকটময় ও নিদারুণ পরিণতির প্রেক্ষাপটে সঠিক পথের দিশা খুঁজতে হলে মোহন মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকাণ্ড পাঠ করা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মুসলিম লীগের প্রভাবশালী নেতা হয়েও ব্রিটিশবিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন তৎকালীন শাসকগোষ্ঠী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়, তখন মোহন মিয়া তাঁর স্বভাবসিদ্ধ সাহসিকতা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। নিজের সম্পাদিত পত্রিকার পাতায় তিনি শিরোনাম করেন—‘রাতের আঁধারে এতো লাশ কোথায় যায়’। মাতৃভাষা ও জনগণের পক্ষে এমন নির্ভীক সত্য উচ্চারণের কারণে তাঁকে তখন ক্ষমতাসীন মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। তবে অসাধারণ মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী মোহন মিয়াকে গণমানুষের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা সৃষ্টিকর্তা ব্যতীত কারও পক্ষে সম্ভব হয়নি।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের সাধারণ মানুষ এক নতুন ও অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়। কলকাতা থেকে অনেক মুসলমান যেমন ভিটেমাটি গুটিয়ে ঢাকা ও পূর্ববঙ্গে ফিরে আসেন, তেমনি এখানকার বহু সম্ভ্রান্ত হিন্দু জমিদার ও ভূস্বামী পশ্চিমবঙ্গে নতুন ঠিকানা গড়েন। দেশভাগের মতো বড় বাস্তবতা শুধু দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যেই প্রভাব ফেলেনি, বরং সাম্প্রদায়িক দাঙ্গার মতো মর্মান্তিক স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের নজির থাকা সত্ত্বেও ধর্মীয় বিভাজনের কারণে একসময় মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। ঠিক সেই প্রেক্ষাপটে মোহন মিয়া এ অঞ্চলে অসাম্প্রদায়িক ও মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছেন এই নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। যুদ্ধের বিভীষিকার মধ্যে যখন মানুষ একটু স্বস্তি ও পরিত্রাণ খুঁজছিল, তখন জননেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যান। যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসে তাঁর সেই ভূমিকার অনেক দিক আজও পরিষ্কারভাবে সামনে আসেনি।

একাত্তরের যুদ্ধ পরিস্থিতিতে যখন দেশের মানুষ নানাভাবে বিপদগ্রস্ত এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি, তখন সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করতে করাচিতে যান মোহন মিয়া। দেশভাগের পর থেকেই ভাষা আন্দোলনসহ নানা ইস্যুতে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর কড়া সমালোচনা করে বারবার বিরূপ পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। তবুও সংকট নিরসনের কোনো পথ বের করা যায় কি না, সেই প্রচেষ্টা নিয়েই তিনি করাচিতে পৌঁছান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, করাচিতে এক বন্ধুর বাড়িতে অতিথি হিসেবে ওঠেন মোহন মিয়া। রাতের খাবার খেয়ে সুস্থভাবেই তিনি ঘুমাতে যান। কিন্তু সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আপাতদৃষ্টে তাঁর মৃত্যু সম্পর্কে এটুকুই জানা যায়।

তবে এমন একজন বিশাল হৃদয়ের ও প্রভাবশালী নেতার আকস্মিক বিদায় লাখো-কোটি মানুষের মনে আজও গভীর কৌতূহল জাগায়। তাঁর জীবনের শেষ রাতের খাবার, সেই সময়ের আদ্যোপান্ত এবং শেষ সকালে ঠিক কী ঘটেছিল—এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিবরণ আজও অজানাই রয়ে গেছে।

শেরেবাংলা এ কে ফজলুল হক মোহন মিয়ার মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দেখে তাঁকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়েছিলেন। বাংলাদেশের অভ্যুদয়ের পটভূমি নির্মাণে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম, আর সেই আন্দোলনে মোহন মিয়ার অবদান তাঁকে নতুনভাবে জানার ও বোঝার বড় ক্ষেত্র তৈরি করেছে। এই বর্ষীয়ান নেতার ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উত্তরসূরি ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের লেখার মধ্য দিয়ে তাঁর জীবনের সেই ঐতিহাসিক ও অজানা অধ্যায়গুলো আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে।

ফরিদপুরে সবচেয়ে বেশি কৃষক সুবিধা পাচ্ছেন সালথায়, ব্যাংক হিসাবে যাচ্ছে ৯৮ লাখ টাকা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ফরিদপুরে সবচেয়ে বেশি কৃষক সুবিধা পাচ্ছেন সালথায়, ব্যাংক হিসাবে যাচ্ছে ৯৮ লাখ টাকা

আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার প্রায় চার হাজার কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি কৃষক কার্ডের ইনসেনটিভের অর্থ পৌঁছে যাবে। উপজেলার গট্টি ইউনিয়নের দুটি ব্লকের মোট ৩ হাজার ৯২৫ জন কৃষক জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে এই সহায়তা পাবেন। এতে সর্বমোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা কৃষকদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দুটি ব্লকের মধ্যে গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করার সাথে সাথেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই অর্থ সুবিধাভোগী কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বা বাড়তি ভোগান্তি ছাড়াই কৃষকেরা সরাসরি হাতের নাগালে সরকারি এই প্রণোদনা পাবেন।

জেলা প্রশাসন ও কৃষি সংশ্লিষ্ট সূত্র বলছে, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলার তুলনায় সালথা উপজেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক কৃষক এই সুবিধার আওতায় আসছেন। কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, সরকারের এই জনবান্ধব উদ্যোগের আওতায় সালথার কৃষকেরা যেন নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে প্রণোদনার অর্থ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর উদ্বোধনের পরপরই তালিকাভুক্ত ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা চলে যাবে।

ইউএনও আরও জানান, জেলার মধ্যে সালথায় সর্বাধিক সংখ্যক কৃষক এই সুবিধা পাওয়ায় এখানকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কৃষকেরা এই অর্থ বীজ, সারসহ কৃষি উপকরণ সংগ্রহে কাজে লাগিয়ে ফসল উৎপাদনে আরও বেশি মনোযোগী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাক্ষণ ক্লান্ত লাগে? শরীরের এই ৮ সংকেত অবহেলা করবেন না

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সারাক্ষণ ক্লান্ত লাগে? শরীরের এই ৮ সংকেত অবহেলা করবেন না

সারাদিন কাজের পর ক্লান্ত লাগা স্বাভাবিক। পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের পর সাধারণত সেই ক্লান্তি কেটে যায়। কিন্তু কোনো ভারী কাজ না করেও যদি প্রায়ই শরীর অবসন্ন লাগে, ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি না কমে কিংবা দৈনন্দিন কাজ করতে আগের চেয়ে বেশি কষ্ট হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কারণ, দীর্ঘদিনের ক্লান্তি কেবল ব্যস্ততা বা ঘুমের ঘাটতির ফল নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে রক্তস্বল্পতা, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, পুষ্টির ঘাটতি কিংবা ঘুমের ব্যাধির মতো স্বাস্থ্যগত কারণ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি হেলথের এক প্রতিবেদনে চিকিৎসক জাভেদ শাহ জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ক্লান্তি নিজে কোনো রোগ নয়; বরং বিভিন্ন শারীরিক সমস্যার উপসর্গ হতে পারে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসও বলছে, কয়েক সপ্তাহ ধরে অকারণে ক্লান্তি চলতে থাকলে কিংবা তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শরীরের সঙ্গে দেখা দেওয়া কিছু লক্ষণ সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা দিতে পারে। তাই ক্লান্তির পাশাপাশি নিচের আটটি সংকেতের কোনোটি দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

১. পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি না কমা

রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সকালে ঘুমঘুম ভাব থাকা, সারাদিন শক্তি না পাওয়া কিংবা অল্পতেই অবসন্ন হয়ে পড়া সাধারণ ক্লান্তির চেয়ে ভিন্ন হতে পারে। ঘুমের সময় বারবার জেগে ওঠা, রাতে নাক ডাকা বা শ্বাস আটকে আসার মতো সমস্যা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। এনএইচএসের তথ্য অনুযায়ী, ঘুমের মধ্যে হাঁপানোর মতো শব্দ, দম আটকে আসা এবং জোরে নাক ডাকার সঙ্গে দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি থাকলে স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনা বিবেচনা করা হয়। এ ধরনের সমস্যা নিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. অল্প কাজেই হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্ট হওয়া

আগে যে কাজ সহজেই করতে পারতেন, এখন সামান্য হাঁটাচলা বা সিঁড়ি ভাঙতেই যদি হাঁপিয়ে ওঠেন, তাহলে সেটিকে শুধু শারীরিক দুর্বলতা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ক্লান্তির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে রক্তস্বল্পতা কিংবা হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার মতো কারণও বিবেচনায় আসতে পারে।

চিকিৎসাবিষয়ক রেফারেন্স গ্রন্থ মার্ক ম্যানুয়ালের তথ্য অনুযায়ী, পরিশ্রমের সময় শ্বাসকষ্ট ও কর্মক্ষমতা কমে যাওয়া হৃদ্‌যন্ত্র বা ফুসফুসের সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট নতুন করে শুরু হলে বা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

৩. মাথা ঘোরা, দুর্বলতা ও ফ্যাকাশে ভাব

সারাক্ষণ ক্লান্তির পাশাপাশি মাথা ঘোরা, শরীরে শক্তি না পাওয়া কিংবা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে রক্তস্বল্পতার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। শরীরে আয়রনের ঘাটতি হলে আয়রন-স্বল্পতাজনিত রক্তস্বল্পতা হতে পারে। এতে ক্লান্তি, দুর্বলতা, বুক ধড়ফড় করা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। এনএইচএসের তথ্যেও ক্লান্তির সঙ্গে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ও ফ্যাকাশে ত্বককে আয়রন-স্বল্পতাজনিত রক্তস্বল্পতার সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব উপসর্গ থাকলেই রক্তস্বল্পতা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করে কারণ নির্ণয় করতে হয়।

৪. বুক ধড়ফড় করা বা হৃৎস্পন্দন অস্বাভাবিক মনে হওয়া

ক্লান্তির সঙ্গে হঠাৎ বুক ধড়ফড় করা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া কিংবা স্বাভাবিকের চেয়ে অনিয়মিত মনে হওয়াও গুরুত্বের সঙ্গে দেখা উচিত। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা কিংবা হৃদ্‌যন্ত্রের কিছু সমস্যার সঙ্গে এ ধরনের উপসর্গ থাকতে পারে। এনএইচএস রক্তস্বল্পতার সম্ভাব্য লক্ষণের মধ্যে বুক ধড়ফড়ের কথা বলেছে। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে হৃদ্‌রোগের কথাও উল্লেখ করা হয়েছে। বুক ধড়ফড়ের সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।

৫. অকারণে ওজন কমে যাওয়া

খাদ্যাভ্যাস বা শরীরচর্চায় বড় কোনো পরিবর্তন না এনেও যদি ওজন কমতে থাকে এবং একই সঙ্গে দীর্ঘদিন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। দীর্ঘস্থায়ী সংক্রমণ, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা কিংবা অন্য কোনো শারীরিক অসুস্থতার সঙ্গে ওজন কমে যাওয়ার সম্পর্ক থাকতে পারে। এনডিটিভির প্রতিবেদনে চিকিৎসক জাভেদ শাহ দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী সংক্রমণের কথা উল্লেখ করেছেন। মার্ক ম্যানুয়ালও ক্লান্তির সঙ্গে অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়াকে সতর্কতামূলক লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে।

৬. অতিরিক্ত তৃষ্ণা ও ঘন ঘন প্রস্রাব

বারবার পানি পান করার প্রয়োজন হওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব হওয়া এবং একই সঙ্গে ক্লান্তি অনুভূত হওয়া ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ হতে পারে। বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুম ভেঙে গেলে দিনের বেলায়ও অবসন্নতা বাড়তে পারে। এনএইচএসের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ক্লান্তির সঙ্গে বেশি তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব এবং ওজন কমে যাওয়ার মতো লক্ষণ থাকলে ডায়াবেটিসের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এসব লক্ষণ দেখা দিলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো জরুরি।

৭. মনোযোগ ও স্মৃতিশক্তিতে সমস্যা

ক্লান্তির প্রভাব শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমেও পড়তে পারে। দীর্ঘদিন অবসন্ন থাকলে কাজে মনোযোগ ধরে রাখা, সিদ্ধান্ত নেওয়া কিংবা সাম্প্রতিক ঘটনা মনে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী ক্লান্তি মনোযোগ, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। মার্ক ম্যানুয়ালেও দীর্ঘস্থায়ী ক্লান্তির সঙ্গে চিন্তাভাবনা, স্মৃতি ও মনোযোগের সমস্যার সম্পর্ক তুলে ধরা হয়েছে। এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণ খুঁজে দেখা প্রয়োজন।

৮. পেশিতে ব্যথা বা অস্বাভাবিক দুর্বলতা

ক্লান্তির পাশাপাশি পেশিতে ব্যথা, শরীরের বিভিন্ন স্থানে অস্বস্তি কিংবা পেশির শক্তি কমে যাওয়ার অনুভূতি দেখা দিলে সেটিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা, সংক্রমণ কিংবা দীর্ঘমেয়াদি ক্লান্তিজনিত অবস্থার সঙ্গে এ ধরনের উপসর্গ থাকতে পারে। মার্ক ম্যানুয়ালের তথ্য অনুযায়ী, ক্লান্তির সঙ্গে পেশির দুর্বলতা বা ব্যথা থাকলে চিকিৎসকের মূল্যায়ন প্রয়োজন। বিশেষ করে আগে স্বাভাবিকভাবে করা কাজ এখন পেশির দুর্বলতার কারণে করতে না পারলে দেরি না করে চিকিৎসা নেওয়া উচিত।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

মাঝেমধ্যে ক্লান্ত লাগা স্বাভাবিক। পর্যাপ্ত ঘুম না হওয়া, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কিংবা জীবনযাপনের নানা কারণে এমন হতে পারে। তবে ক্লান্তি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে, বিশ্রাম নেওয়ার পরও না কমলে কিংবা দৈনন্দিন কাজকর্মে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এনএইচএসের পরামর্শ অনুযায়ী, অকারণে কয়েক সপ্তাহ ক্লান্ত থাকলে বা ক্লান্তির সঙ্গে ওজন কমে যাওয়া ও মেজাজের পরিবর্তনের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।

চিকিৎসক প্রয়োজন অনুযায়ী শারীরিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন। এনএইচএসের তথ্য অনুযায়ী, রক্তস্বল্পতা, ডায়াবেটিস কিংবা থাইরয়েডের অতিসক্রিয়তা যাচাই করতে রক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে। ক্লান্তির কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হয়। তাই নিজে থেকে ভিটামিন, আয়রন বা অন্য কোনো ওষুধ খাওয়া ঠিক নয়।

তবে ক্লান্তির সঙ্গে বুকে ব্যথা, তীব্র শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ বিভ্রান্তি কিংবা আকস্মিক গুরুতর দুর্বলতা দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। মার্ক ম্যানুয়াল ও এনডিটিভির স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনেও এ ধরনের উপসর্গকে দ্রুত চিকিৎসা নেওয়ার সতর্কসংকেত হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্লান্তি কমাতে জীবনযাপনে যা জরুরি

ক্লান্তির পেছনে কোনো রোগ না থাকলেও অনিয়মিত জীবনযাপন এর কারণ হতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা জরুরি। এনএইচএস প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া, ছয় থেকে নয় ঘণ্টা ঘুমের লক্ষ্য রাখা, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ঘুমানোর আগে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ও মোবাইল ফোনের পর্দায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার অভ্যাস কমানোও উপকারী হতে পারে।

শরীরের ক্লান্তিকে সব সময় ব্যস্ততার স্বাভাবিক ফল হিসেবে ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে বিশ্রামের পরও ক্লান্তি না কমলে এবং এর সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলে কারণ খুঁজে বের করা প্রয়োজন। সময়মতো চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা শনাক্ত করতে সহায়তা করতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি, মার্ক ম্যানুয়াল ও এনএইচএস