ফরিদপুরে ২৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হাবিব। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৬৫০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৯০০ জন কৃষক পাচ্ছেন ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫৩০ জন কৃষক পাচ্ছেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৮০ জন কৃষককে খেসারির বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং বাকি ৪০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হাবিব বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো ও অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। উন্নত জাতের বীজ ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের জন্য তিনি কৃষকদের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অনাবাদি জমি চাষের আওতায় আনার পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে তিনি কৃষকদের প্রতি অনুরোধ জানান।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে ফসলের আবাদ বাড়ার পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন