খুঁজুন
, ,

ফরিদপুরে ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
ফরিদপুরে ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার

ফরিদপুরে দেড় লাখ টাকায় অন্যের কাছে বিক্রি করে দেওয়া ১৪ মাসের কন্যাশিশু তানহা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

 

শিশু তানহাকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তার মা পপি বেগম তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।

 

র‌্যাব কর্মকর্তা জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পপি বেগমের সঙ্গে তালাক হলে তার সাবেক স্বামী মো. কাইয়ুম বিশ্বাস তাদের শিশুকন্যা তানহাকে জোর করে রেখে দেন। পরে পপি মেয়েকে আনতে গেলে সাবেক স্বামী এতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় পপি গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এতে সন্তানকে বিক্রি করে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও জোরপূর্বক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরে আদালত শিশুটিকে উদ্ধারের জন্য ২৮ এপ্রিল নগরকান্দা থানা পুলিশকে নির্দেশ দেন।

 

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, র‌্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, তিন বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপির সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে পাঁচ মাস আগে তাদের তালাক হয়।

সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সালথায় ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি ফেরদাউস গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এই ছাত্রলীগ নেতার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিছুদিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন ফেরদাউস। মঙ্গলবার দুপুরে তিনি সালথা থানা রোড এলাকায় এলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

​পরিবার সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে অফিসার পদে যোগ দেওয়ার কথা ছিল।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে লোকাল বাসে আগুন, ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. কালাচান শেখ (৬০) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস (রেজি নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে  রাখা আছে।

​ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি গ্রামের বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।