খুঁজুন
বুধবার, ৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ, ১৪৩৩

হোগলার বনে

মহি মুহাম্মদ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
হোগলার বনে

শীতল বাতাসটা মাঠ থেকে এসে থেকে থেকে ঝটকা মারে। গাছের মগডালে পাখির ডাক মনটাকে উত্তুঙ্গ হাওয়ায় দোলাতে দোলাতে কোথায় যেন নিয়ে যেতে চায়। এমন সময় হারানো স্মৃতিরা ফিরে আসে। গ্রামে তাদের প্রতিপত্তি নেই বললেই চলে। পাড়ার মেয়েদের সঙ্গে হেসেখেলে বেড়ে ওঠা। স্কুলে যাওয়ার বালাই ছিল না। মায়ের জোড়াজুড়িতে পাড়ার মক্তবে আমসিপারা পড়েছে কিছুদিন। তাও বেশিদিন পড়তে পারেনি। সবই নসিব। নসিবে না থাকলে মেয়েলোকের কপালে কিছু হয় না। এ-কথা, সে-কথা, সে কত কথা যে শুনেছে তার ইয়ত্তা নেই! আসলে এটাই সত্যি। মেয়েমানুষ যেখানেই যাবে, সেখানেই পিছে শত্রু লাগে। ‘মেয়েমানুষের শরীরডা হইলো এক্কেবারে পচা’ – জীবনে এটাই জেনেছে ফুলবানু। পদে পদে হরিণের মতোই বেগতিক অবস্থা। শিকারির নজর রক্ত-মাংসের হরিণীর ওপর। সেই বিপদ থেকে টেনেটুনে এ পর্যন্ত এনেছে সে। জানে না, সে আর কতদূর এগোতে পারবে। এখনো সে বিপদের মধ্যেই বসবাস করে।

তো সেই মক্তবে মুনশি হুজুর ড্যাবড্যাব করে তাকিয়ে থাকত তার দিকে। তার ভয় লাগত। শুধু এইটুকু হলে সারা যেত। পড়া বুঝিয়ে দিতে এসে পেছনদিকে কেমন সুড়সুড়ি দিত। এটা ফুলের ভালো লাগত না। কারণ হুজুরের দাড়ির জঙ্গল পিঠের ওপর খোঁচা মারতো। গা থেকে আতরের বিটকেলে গন্ধে দম বন্ধ হয়ে যেত। আবার হুজুর হাতটাও কেমন চেপে চেপে ধরে রাখতো। ফুলের নারীমনটা বুঝে গিয়েছিল। হুজুর সুবিধার না। তাই মায়ের কাছে ঘ্যানোর ঘ্যানোর করতো, সে আর পড়তে যাবে না। আসল কারণ বললে কেউ বিশ্বাস করবে না। আবার ওসব কথা বললে পিঠের ছাল তুলে নেবে। কারণ একই সমস্যার কথা আরেকটি মেয়ে বলতে গিয়ে কী দশা হয়েছে, ফুল দেখেছে। ওই মেয়ের পড়া বন্ধ। অনেক পিটুনি খেয়েছে মা-বাবার কাছ থেকে। আর এখন তো ওই মেয়েটা রাস্তাঘাটেই বের হতে পারে না। সবাই ওকে পাকনা মেয়ে বলে ডাকে। ওই মেয়েটা কী করবে বেদিশা হয়ে গেছে।

ফুল প্রায় দিন আমসিপারা নিয়ে নদীর ধারে চলে যেত। ছুটির সময় হলে ফিরে আসত। মা একদিন চালাকি ধরতে পেরে বলল, ‘ঠিক আছে তর আর পড়ন লাগব না। তুই আজীবন মূর্খই থাক। হারামজাদি আমারে বোকা বানাস। এখনি ধোঁকা দিওন শিখ্খা গেছস। জীবন তো এহনো পইড়া রইছে।’ সেই থেকে মক্তবের পড়া ফুলের শেষ। এরপর ঘরে বইসা বইসা তো খাওন দিব না মায়ে। কামকাইজ করতেই হইব।

এরপর গ্রামের এক বাড়িতে ঘুঁটে বানানোর কাজে লাগিয়ে দিলো মা। বসে বসে ঘুঁটে বানাতে পা ধরে যেত। গোবর-ভুসিতে গুলিয়ে পাটকাঠিতে জড়িয়ে খালপাড়ে শুকাতে দিতে হতো। এটাও ফুলের কাছে বিরক্তিকর কাজ। মাঝে মাঝে মেয়েদের সঙ্গে খাল পেরিয়ে মাঠে চলে যেত। ধানক্ষেতের নিড়ানিদের সঙ্গে বসে সেও গল্পগুজব করত। কিন্তু সেটাতেও বাদ সাধল মা। ঘুঁটেওয়ালারা এসে অভিযোগ দিলো, ‘তোমার মেয়া কামকাইজ করে না। অন্য মানুষের লগে আড্ডা দেয়।’

সব শুনে মা দিলো ঝাঁটাপিটুনি। পাশের বাড়ির খালা দৌড়ে এসে ধরল। বলল, ‘আরে করো কি, করো কি! মেয়ে ডাঙ্গর হইছে না, এমুন কইরা মারলে কি আর জাইত থাকে? দুইদিন পর যাইব পরের বাড়ি। সেইখানেও তো লাত্থিগুঁতাই খাইব। অমন কইরা মাইয়াগো মারতে নাই।’

মা জবাব দিলো, ‘স্বভাব ভালা না হইলে লাত্থিগুঁতাই মিলব ওর কপালে।’ ঘরে আরো দুটো বোন আছে ফুলের। ওগুলোও মাথাচাড়া দিয়ে উঠেছে। অবশ্য এটা তার মায়ের কথা। খাওনের পেট বাড়ে, আয়ের রাস্তা বাড়ে না। বাপটা ভাদাইম্যা। সারাদিন কই কই থাকে, ঠিক থাকে না। নিজের পেট ভরলেই ঠিক আছে। অন্যের পেটের খবর বাপটা তেমন রাখে না বললেই চলে।

ফুলের ইচ্ছা করে মাঝেমধ্যে বাপের ভ্যানটা নিয়ে রাস্তায় চালায়। কিন্তু মা শুনলে আর আস্ত রাখবে না। আর গ্রামের মানুষই বা কি ভাববে। ঢিঢি পড়ে যাবে গ্রামে। বলবে, ফুলবানু মর্দা মানুষের মতো কাজ করে। বদনাম ছড়িয়ে যাবে চারদিকে। অথচ ভ্যান চালানো ঝমেলা ছাড়া ইনকাম। ভ্যান চালিয়ে ইনকাম করলে সংসারে কিছু আয়-রোজগার হতো। কিন্তু মায় দেখলে আর বাঁচন নাই। ভ্যান চালানি বাইর কইরা দিব। আর এমুন কাম করলে কেউ বিয়ের জন্য আসবেও না। এসবের মধ্যে দিয়েই ফুলবানু শোনে একদিন, তার বিয়ে হবে।

দুই

মনে মনে ভাবল ফুলবানু। ঠিকই আছে। এত জঞ্জালের চেয়ে বিয়ে হয়ে গেলেই ভালো। এদিক থেকে ও খামচা মারে, ওদিক থেকে ও টান মারে, ব্যাপারটা কেমন জানি ঠেকে ফুলের কাছে। কিন্তু এর মধ্যেও মাতুব্বরের ছেলে ফুলের চোখে রং ধরাতে চায়। আড়েঠাড়ে কী বলে, ফুল ঠিক বোঝে না। সবাই বলে ছেলেটা বাটপার। কিন্তু ফুলের রঙিন চোখে ওকে কেন জানি ভালোই লাগে। ইচ্ছা করে ওর সঙ্গেই হাত ধরে কোথাও চলে যায়। কিন্তু পাড়ার অন্য মেয়েরা বলছে, ‘মাতুব্বরের ছেলে একটা টাউট। ওই হগলের লগেই লাইন খেলে। সুবিধা লয়। ওই কারো বিয়া করবো না।’

এমন কথা শোনার পর ফুলের বুকটা ধুকপুক করে। এদিকে তার বিয়ের কথা যে-ছেলেটার সঙ্গে চলছে, তাকেও সে আড়াল থেকে দেখেছে। দেখতে-শুনতে ভালোই। জোয়ানকি আছে ছেলের। তবে মনে হয়েছে তার বাপটা জানি কেমন কেমন। কনে দেখতে এসে বাপটাও কেমন করে ফুলের দিকে তাকিয়ে ছিল। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ফুলের। কিন্তু এসব ভালোটালো লাগা দিয়ে ফুলের কিছু হবে না। এসব কথা বললে, মা গরম খুন্তি দিয়ে পিঠে ছ্যাঁকা দেবে। তার চেয়ে যা আছে কপালে, বিয়ে করে এই বাড়ি থেকে চলে যেতে পারলেই ভালো।

তারপরে যে দুটো বোন আছে, ওদের দায়িত্বও তো মাকেই নিতে হবে। মামারা আর কত টানবে ওদের পরিবার। কিছু হলেই তো বাপটা চিল্লাবে। মায়ের ভাইদের নিয়ে আকথা-কুকথা বলবে। বিপদকালে সেই ভাইদেরই কাজে লাগে বলে, মা আর কত গজর গজর করবে? তার চেয়ে ফুলের বিয়ে হয়ে যাওয়াই মঙ্গল।

অথচ ফুলের ইচ্ছা ছিল একটু লেখাপড়া শিখবে। তারপর শাফিয়ার মতো ঢাকায় গিয়ে গার্মেন্টে কাজ নেবে। শাফিয়া এখন ঈদে-পার্বণে বাড়িতে কত টাকা দেয়। শাফিয়া গ্রামের ইশকুলে পাঁচ কেলাস পড়েছে। কথায় কথায় সে শাফিয়াকে বলেছিল, ‘বুবু আমারে ঢাকায় নিয়া যাও। তোমার মতো একটা চাকরি-বাকরি জুটাইয়া দাও। আমার গ্রামে ভালা লাগে না। এইহানে হগলেই খালি আকথা-কুকথা কয়। আর বুড়া শকুনগুলান গায়ে হাত দেয়।’

শাফিয়া হেসে বলেছিল। ‘এই অবস্থা হগল জায়গাইরে বইন। এ থাইকা মরণের আগ পর্যন্ত নিস্তার নাই।’

‘আইচ্ছা বুবু ঢাকা শহরে মানুষের সময় আছে বুঝি এত কিছু দেহনের? হগলেই দৌড়াইতেছে টাকার পেছনে, তাই না?’

শাফিয়া হাসে। ‘বুঝছি তুই আর গ্রামে থাকবি না। তাই না?’

‘হ বুবু, আমারে লইয়া যাও। আমার মনডা খালি ছডফডায়। এইহানে আর পরান টিকে না। আমিও তোমার মতো টেহা কামাইতে চাই। বাড়িতে যহন তোমার মতো আসমু, তহন তোমার মতো আমারেও কত আদর-যত্ন করবো মায়। এহন তো হুদা মিছাই মায় গাইল পারে আর গাইল পারে। যহন-তহন ঝাঁডা দিয়া মারে। আবার গরম খুন্তি দিয়াও ছ্যাঁকা দেয়।’

শাফিয়া চুপ করে শোনে ফুলের কথা। মনে হয়, সে সব বুঝতে পেরেছে। তখন সে বলে, ‘ঠিক আছে। আমি আগামীবার আইলে তরে লইয়া যামু। গার্মেন্টে ম্যানেজাররে সব কইয়া তর লাইগা ঠিকঠাক কইরা আমু। তুই চাচিরে কইয়া রাখিস কইলাম।’

‘হেই কথা আর তোমারে কইতে হইব না। আমি সব কইয়া ঠিক কইরা রাখুম।’

ফুল সবই ঠিক করে রেখেছিল মাকে বলে। কিন্তু বিধি বাম, ফুলের আর ঢাকায় গার্মেন্টে চাকরি করতে যাওয়া হয় না। তার আগেই তার বিয়ে ঠিক হয়ে যায়। আর শাফিয়ারও আসতে ঢের সময় বাকি। ফুলের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে।

বিয়ের আর মাত্র কিছুদিন বাকি। এর মধ্যেও ফুলের পেছনে লেগে থাকে মাতুব্বরের ছেলে। প্রতিদিন ফুঁসলায়। কুপ্রস্তাব দেয়। এটা-সেটা নিয়ে আসে। কী করতে চায় ও, ফুল কিছুটা বোঝে। কিন্তু না বোঝার ভান করে। সবকিছু বুঝলেই হয় না। ওরও বুঝি ওইদিকেই টান। এই নিষিদ্ধ টানটা মানুষমাত্রেই আছে বলে নিজের টানকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিয়ের আগে দিয়ে আলতাফ তাকে এমন কি কথা শোনাবে? সে-কথাই সে বোঝে না। কেন ওকে এত উপহার দেয়, কেন তাকে এত টাকা দেয়? এ-বিষয়টাই ফুল মাঝেমধ্যে গুলিয়ে ফেলে।

আলতাফকে ফুলের ভালোই লাগে। তবে বিশ্বাস হয় না। ছেলেটা যা বাটপার। গ্রামে তো এমনিতে মার্কামারা। তারপরেও মেয়েরা ওকে পছন্দ করে। মেয়েরা কেন এমন উড়নচণ্ডী ছেলেকে পছন্দ করে, তা বোধগম্য নয় ফুলের।

তিন

সন্ধ্যা লেগেছে। বাড়ির উঠোনে চুলা জ¦লে। কুড়িয়ে আনা সব ঝরাপাতা দিয়ে রান্না চলে। ধোঁয়ায় চোখ জ¦লে। মা মনে হয় পাশের বাড়িতে। ঠিক তখন কলাগাছের আড়াল থেকে আলতাফের ডাক ভেসে আসে। পাতা দিয়ে চুলা জ¦ালানো খুবই কষ্টের। চুলার কাছ থেকে এক লহমার জন্যও ওঠা যায় না। ‘ফুল’, আলতাফের ডাকে চোখ তুলে তাকায়। কিন্তু চুলা ছেড়ে উঠতে পারে না। একটু দূরেই কয়েকটা কলাগাছ। সেই অন্ধকারেই ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে আলতাফ। ফুঁসলায় বারবার। ‘আয় না ফুল। কানে দিমু দুল। করিস না আর ভুল। আয় না ফুল।’

কানের কাছে এমন ঘ্যানোর ঘ্যানোর ফুলের আর ভালো লাগে না। পরানটা ছোটে। আবার মার গরম খুন্তির ছ্যাঁকার কথাও মনে হয়। চুলার ভাত উনিশ-বিশ হলেই মা ঝাঁটা দিয়ে মারবে। মা না, যেন শত্রু। এমন মা যেন শত্রুরও না হয়। মনে মনে গজর গজর করে ফুল। এখন আলতাফকে কী করে ঠেকায়। খুব যেতে ইচ্ছে করছে ওর কাছে। ওর ফর্সা গোঁফ ওঠা চেহারাটা চোখে ভাসলেই কেমন কেমন লাগে ফুলের। ফর্সা হাতের ফাঁক গলে যখন সিগারেট খায়, তখন তো আর কথাই নাই। মাঝেমধ্যে ঘরের কাছের রাস্তা দিয়ে যখন সাইকেল কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে যায়, তখন ‘সোনা বন্ধুরে’ বলে যে গানের টানটা দেয়, তখন কলিজার বোঁটা আলগা হয়ে যায়। যা থাকে কপালে, ‘ডরাইলে ডর। আলতাফ কি বাঘ না ভালুক? অয় কি আমারে খাইয়া ফেলাইব?’ এমন কিছু প্রশ্ন করে নিজেকে। সব প্রশ্নের উত্তর যখন না আসে, তখন ফুল উঠে দাঁড়ায়। ভাত হয়েই গেছে।

ইশারায় আলতাফকে একটু অপেক্ষা করতে বলে। ভাতের মাড়টা গেলেই যাবে সে। না হয় ভাত আবার জাউ হয়ে যেতে পারে। ভাতের মাড় গালা শেষ হলে চারদিকে তাকিয়ে ফুল কলাগাছের আবডালে যায়। অন্ধকারে আলতাফের বাহুবেষ্টন আজ আর ছোটাতে চায় না ফুল। এত কিছু নিয়ে এসেছে যে আজ মনটা আলতাফের জন্য ছটফট করে ওঠে। এদিকে আলতাফ দীর্ঘদিন পর ফুলকে কাছে পেয়ে ওর দেহের ঘ্রাণ নিতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই এক আশ্চর্য ভালো লাগায় হারিয়ে ফেলে নিজেকে ফুল। কলাপাতার ওপরেই যখন বাসরশয্যা পাতা হয়, ফুল তখনো টের পায়নি কী ঘটতে চলেছে। কিন্তু যখন ঘটে গেছে তখন ফুল আচমকা বিদ্যুতের শক খাওয়া মানুষের মতো ছিটকে পড়ে। ‘এইটা কি হইলো?’

আলতাফ হাঁসফাঁস করে। লোমশ বুকে দ্রুত শ^াস-প্রশ^াসের ওঠানামা। ফুল বারবার জিজ্ঞেস করে, ‘এইটা তুমি কি করলা?’ আলতাফ কোনো কথার জবাব দেয় না। সব ঝড় শান্ত হয়ে গেছে। এখন শুধু বিবেকের দংশন। আলতাফ ফুলকে বোঝায়, ‘কিছুই হইব না।’ সে ওকে বিয়ে করবে। ওর বিয়ে হওয়ার আগেই আলতাফ সব ব্যবস্থা করবে। কিছুতেই ফুলের এই বিয়ে হতে দেবে না। আলতাফের কথায় শান্ত হয়ে ফুল ফিরে আসে ঘরে। এক মুহূর্তেই যেন ওর বয়স বেড়ে গেছে। মাথায় শত চিন্তার ঝড় ফুলকে কেমন আনমনা করে দিয়েছে।

রাতে ওর শুধু আলতাফের কথা মনে হয়। একটা ঘোরের ভেতর ভালো লাগার ক্ষণটুকু ভাবতে ভাবতে না পাওয়ার মতো, না বোঝার মতো সময়টুকু ফেরত পাওয়ার জন্য ভেতরে আকুলিবিকুলি করে মনটা।

পরের দিন আলতাফ আসে। মুখে কথার ফুলঝুড়ি। এসেই আবার শরীর ঘাঁটাঘাঁটি শুরু করতে চায়। কিন্তু ফুল ক্ষুব্ধ বাঘিনীর মতো হুংকার দিয়ে ওঠে। সব দেখে-শুনে আলতাফ সভ্য হয়েই কথা বলে। যেন নিজের ওপর তার অনেক কন্ট্রোল। কথা দিয়ে আস্তে আস্তে ফুলকে ভোলাতে চেষ্টা করে।

ফুলের চোখে নতুন স্বপ্ন। এ-কথা ফুল আর কাউকেই বলতে পারে না। আলতাফ যখন তাকে নিয়ে যাবে তখনই সবাই জানুক ব্যাপারটা – এটাই চায় ফুল। কিন্তু কয়েকদিন হয়ে গেলেও আলতাফের এই ব্যাপারটা আর ঘটে না। ফুলকে সে আর নিতে আসে না। ‘আলতাফ গেল কই?’

চার

ফুলবানুর বিয়ে হয়েই গেল। মুখডোবার ওই কুটু মোল্লার ছেলে তোফার সঙ্গে। বিয়ের পরপরই বুঝলো ফুল, এটাও তার জীবনে বড় আরেকটা ধাক্কা। শাশুড়িকে নিয়ে দুশ্চিন্তা হয়েছিল; কিন্তু দেখল সেই মহিলা ল্যাবাছেবা। বুঝেও অনেক কিছু না বোঝার ভান করে। কোনো হাঙ্গামাতে যেতে চায় না। সবকিছু মুখ বুজে সহ্য করার পক্ষে। চোখের সামনে দিয়েও নিজের অনিষ্ট হয়ে গেলে কোনো রাও করে না। এমন মানুষকে ফুল সহ্য করতে পারে না। তাই শাশুড়িকে মিনমিন্যা শয়তান বলে আখ্যা দিয়ে রাখে নতুন বউ।

প্রথম রাতেই ধাক্কাটা আসে ফুলের ঘরে। জামাইকে বুকের ওপর থেকে নামাতে না নামাতে আরেকজন এসে ওঠে বুকের ওপর। ব্যাপারটা ফুলকে ঘাবড়ে দেয়। যুদ্ধ করে অনেক কষ্টে মুক্ত হয় ফুল। ব্যাপারটা নিয়ে স্বামীর সঙ্গে আলাপ করে। কিন্তু স্বামী তো অগ্নিমূর্তি। সব দোষ ফুলের। ফুলের সঙ্গে জিনের আসর। এসব আজগুবি কথাই স্বামী বলে। ফুলের সন্দেহ হয়। মনে হয় তার স্বামীও এর সঙ্গে জড়িত। বাকি রাত ঘুম হয় না। শাশুড়ির সঙ্গে আলাপ করে। শাশুড়ি কেমন আমতা আমতা করে। ফুল বোঝে, এ-পরিবারে কোনো ঘাপলা আছে। ফুল ভেবেছিল, স্বামী ছাড়া আরেকজনের বিরুদ্ধে লড়ছে সে। কিন্তু পরপর কয়েক রাতের পাহারায় বুঝলো এখানে আরো একজন রয়েছে। কিন্তু ফুল তিনজনের বিরুদ্ধে কীভাবে লড়বে? উপায় তাকে বের করতেই হবে। কয় রাত আর ঠেকিয়ে রাখা যায়। ফুলকে বুড়ো শকুনের হাতেও পড়তে হলো। বাকি রইল স্বামীর ছোটভাই।

মাথায় খুন চেপে গেল ফুলের। স্বামীর ভণ্ডামিটা বুঝতে পেরেছে সে। শাশুড়িও জানে, কিন্তু শ্বশুরের বিরুদ্ধে তিনি মুখ খুলতে নারাজ। তাহলে ফুল যদি মুখ খোলে ফুলের অবস্থা কী হবে? ফিরানিতে বাড়িতে এসে মায়ের গলা ধরে অনেক কান্নাকাটি করলো ফুল। ফুলের মা কিছুই বুঝতে পারল না। ফুল মাকে একান্তে ডেকে কিছু বোঝাতে চাইল। মা উল্টো ভুল বুঝল। কড়া হুঁশিয়ারি দিলো, যদি উল্টাপাল্টা কিছু করে সে, তাহলে মা গলায় ফাঁসি নেবে। ভয়ে ফুলের মুখ শুকিয়ে গেল। মা এসব কি বলে! মাকে সে কিছুতেই সবকিছু ভেঙে খুলে বোঝাতে পারে না। নিজের কষ্ট নিজের বুকের ভেতরেই জমা রাখল ফুল। এর বিহিত তাকেই করতে হবে। কাউকেই যখন এসব বলে বোঝানো যাবে না, তাহলে নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া আর যা করা যায়, তা হলো ঘুরে দাঁড়ানো। ফুলের কান্নাকাটি দেখে এবার মা সঙ্গে ছোট বোনটাকেও দিলো। ছোট বোনটাও সাহসী হয়ে তার সঙ্গে এলো। কিন্তু ঘটনাটা কিছুতেই ফুল অন্য কাউকে বোঝাতে পারল না। রাতে ছোট বোনটাকে সঙ্গে নিয়েই শোয়ার ব্যবস্থা হলো।

কিন্তু রাতের বেলা ভয়ংকর সেই পশু স্বমূর্তিতে ফিরে এলো। ছোট বোনটি ঘুমের ভান ধরে জেগে সাহস করে বাতি জ¦ালাল। তার চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড়। ‘একি তালই মশাই আপনি এ অবস্থায় আমার বোনের রুমে কী করেন?’

ফুল বুঝতে পারে এবার হয়তো চরম আঘাত আসবে। ঠিকই তখন ফুলকে ওরা বেঁধে ফেলে রাখে। মুখের ভেতর কাপড় গুঁজে দেয়। ফুল অজ্ঞান হয়ে যায়। কতক্ষণ পর ওর জ্ঞান ফিরে বলতে পারবে না। ঠিক তখন ছোট বোনটা রক্তগঙ্গায় ভাসছে। কী করবে ফুল? বুঝতে পারছে না। কার কাছে সাহায্য চাইবে? আশেপাশের মানুষ কি সাহায্য করতে এগিয়ে আসবে? অনেক কান্নাকাটির পর শাশুড়িকে রাজি করাল।

কোনো রকমে পরিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হলো। কিন্তু বাঁচানো গেল না। অতিরিক্ত রক্তক্ষরণে পরিকে বাঁচানো সম্ভব হলো না।

এবারো দোষ পড়ল খারাপ জিনের ওপর। ভেতরে ভেতরে ফুলবানু দৃঢ় হলো। বোনের হত্যাকারী খারাপ জিনটাকে সে বাঁচতে দেবে না। তার বোন পরিবানুকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, ঠিক তেমন করেই বদজিনটাকে সে মারবে।

বদজিনটাকে বাগে আনতে ফুলের বেশি সময় লাগে না। বোনের মৃত্যুর মাসখানেকের মধ্যে ফুল অঘটন ঘটায়। বুড়ো শকুন আদার দেখলেই কপাৎ করে গিলে ফেলতে চায়। ক্ষেতের নিড়ানিটার ধার বেশি। বুকের ভেতরটা এক টানে ফেরে কইলজাটা নিয়ে আসে, তারপর সেটাকে আধখাওয়া করে ছিঁড়েভিঁড়ে রাখে। হোগলার বনে ফেলে দিয়ে আসে পাপিষ্টকে।

পরদিন হইচই পড়ে মুখডোবায়। ফুলের শ^শুরের লাশ পাওয়া যায় হোগলার বনে। পুলিশ এসে লাশ নিয়ে যায়। শাশুড়ির সঙ্গে লোক দেখাতে ফুলও কান্নার অভিনয় করে। তাতে লোকজনের সন্দেহ দূরে হয়ে যাবে। আগেও হোগলার বনে লাশ পাওয়া গেছে। গ্রামে খতরনাক ঘটনা কে ঘটায়, সে-রহস্য সবার অজানা।

তবে শাশুড়ি মনে হয় কিছুটা আঁচ করে। মনে মনে ফুলকে সন্দেহ করে। তবে তিনি মুখ খোলেন না। ফুলকেও কিছু বুঝতে দেন না। আশপাশে থেকেও ফুল জানতে পারে, এর আগের বউটিকেও এরা সবাই মিলে মেরে ফেলেছে। কিন্তু সে তো মরতে চায় না। সে বাঁচতে চায়।

পাঁচ

মিষ্টি রোদ। চুল খুলে রোদ পোহাচ্ছে ফুলবানু। অদূরে শিমের জাংলায় চোখ। হালকা শিশির এখনো লেগে আছে শিমের সবুজপাতায়। কিন্তু সাদা আর নীল ফুলটার ওপর একটা ভোমরা উড়ছে। তার দিকে চোখ থির করে রেখেছে ফুলবানু। দুই হাঁটুর মাঝখানে মুখটা গুঁজে দিয়ে মাটিতে কি আঁকিবুকি কাটছিল। হঠাৎ চোখ যায়। মনটা কেমন চনমন করে ওঠে। দৃশ্যটা চোখের মধ্যে আঠার মতো লেগে থাকে। কিন্তু থেকে থেকে টুনুরটুনুর আওয়াজটা মন ছুটিয়ে দিচ্ছে। কালো গাইয়ের বাছুরটা খড়ের গাদার কাছে লাফাচ্ছে। সাদা আর খয়েরি রঙের কি বাহার! চোখদুটো কাজল কালো। দু-একটা মুরগি খড়ের গাদার কাছে মুখ তুলে চেয়ে আছে বাছুরটার দিকে। ভাবছে কি করে বেটা! এমন টুনুরটুনুর করে লাফাচ্ছে কেন? সেদিকে তাকিয়ে তাকিয়ে ফুলবানু কত কী ভাবে। ভাবতে ভাবতে সে হারিয়ে যায়।

হোগলার বনের ওদিক থেকে পাখিদের ক্যাচরম্যাচর ভেসে আসে। সকালের আলো ফোটার পর আস্তে আস্তে কমতে থাকে পাখির শব্দ। একদিন সে ওই হোগলার বনে হারিয়ে যাবে বলে মাকে যে ভয় লাগিয়ে ছিল, সে-কথা মনে করে সে হেসে ওঠে। হোগলার বনের পরেই নদী। নদী আর হোগলার বন পরস্পর কেমন মিলেমিশে একাকার। জলকে তার ভয়। হোগলার বনকেও। এ পর্যন্ত কত যে নিমন্ত্রণ পেয়েছে হোগলার বনে যাওয়ার, তার হিসাব নেই। তবে যারা সঙ্গে নিতে চেয়েছে তারা সবাই পুরুষ। হোগলার বনেই সবাই নিতে চায়। একবার গেলে আর ফেরা নাই। সে নাকি শেষ। ফুল এসব বোঝে। তাই ওদিকে তাকালেই তার ভেতরটা কেঁপে ওঠে। সে এত ভীতু ভেবে নিজের ওপর আস্থা রাখতে পারে না।

এমন সময় তো মেঘ নেই। কে এমন রোদের ছায়া আড়াল করে দাঁড়াল? ঘাড় ঘুড়িয়ে তাকাতে ইচ্ছে করে না। ফুলবানু হাঁক দেয়, ‘এই কিডারে সরিস কইলাম।’

ছায়াটা সরে না। থির হয়ে দাঁড়িয়ে থাকে। ফুলবানু আবার হাঁক দেবে কি না ভাবতে থাকে। সে বুঝে যায় এটা কোনো ছেলেপেলের কাজ নয়। এটা অন্য কেউ। তাই সে কী ভেবে আর কথা বলে না।

পেছনে যে দাঁড়িয়ে থাকে সে বুঝি এবার অধৈর্য হয়ে ওঠে। ‘কিরে ফুল কেমন আছিস? কথা কইস না ক্যা? তোর দেমাগ দেহি আগের মতোই আছে।’

তাতেও ফুল কথা কয় না। ছায়াটা এবার বুঝি সরে যায়। ফুল উঠে দাঁড়ায়। এদিক-ওদিক তাকায়। খবিসটাকে কোথাও দেখতে পায় না। এবার সে খড়ের গাদার কাছে বাছুরটাকে ধরতে যায়। ফুলকে দেখে বাছুরটা তিড়িং করে লাফ মেরে গলায় ঝোলানো ঝুনঝুনি বাজাতে থাকে। ঠিক তখনি খড়ের গাদার অন্যপাশ থেকে একটা হাত ফুলের বুকে খাবলা মারে।

চিৎকারটা দিতে গিয়েও গিলে ফেলতে হলো। কারণ খচ্চরটা তার মুখ চেপে ধরেছে। কী হলো, কী হলো? কিছু বোঝার আগে ঝড়ের গতিতে হারিয়ে গেল সে। শুধু তার বুকটা ধড়ফড় করে উঠল। বড় বড় শ্বাস বুক চিরে ওঠানামা করতে লাগল ফুলের। বাঁ বুকটা ব্যথায় টনটন করতে লাগল। মুখ দিয়ে একটা খারাপ গালি উগরে দিলো। তারপরেও যদি মেজাজটা ঠান্ডা হয়! কিন্তু জ্বলতে লাগল। মনে হলো, কেউ চোতরা পাতা ঘষে লবণ লাগিয়ে দিয়েছে।

‘হারামির পো হারামি। খাইসটার ঘরে খাইসটা। খবিসের ঘরে খবিস। তোর লীলাও শেষ করুম।’

‘কিরে বিড়বিড় কইরা গাইল পারিস কারে?’ কে যেন পাশ থেকে জানতে চায়। রাগে ফোঁসে ফুলবানু। পাশে ফিরেও তাকায় না, কে কথাটি বলেছে। যে বলেছিল সে অবাক হয়ে অচেনা ফুলবানুকে দেখে।

ছয়

মুখডোবা। সন্ধ্যায় শালিকের ঝাঁক এত বেশি ক্যাচরম্যাচর করে যে, কান পাতা দায় হয়। প্রতিদিন একই চিত্র। সকাল-সন্ধ্যা পাখিদের এত উল্লাস যে কোত্থেকে আসে, তা কেউ ভেবে পায় না। কারো ইচ্ছে করে লাঠি নিয়ে পাখিদের তাড়িয়ে দিয়ে আসে। কারণ এই চিৎকার-চেঁচামেচি কানে তালা লাগায়। হোগলার বনে বারো মাস পানি থাকে। বর্ষায় বেশি। আর অন্যসময় হাঁটু পরিমাণ। কয়েক বিঘা নিয়ে হোগলার বন। ভেতরে জুতমতো কেউ হারিয়ে গেলে পথ পাওয়া মুশকিল। এ-গ্রামের লোকজন আজ অবাক হলো। কেন আজ শালিক ডাকে না।

আজ কেউ কেউ বিচলিত হলো। আলতাফ বলল, ‘এমুন ঘটনা না তো কুনোদিন শুনি নাই! হোগলার বনে পাখির ক্যাচরম্যাচর নাই। এইটা কি অইল?’ খুঁজতে গিয়ে লোকজন ঠিকই ফুলবানুর জামাইর লাশ নিয়ে এলো। বুকের কাছে একটা খাবলা দিয়ে কলিজাটা কেউ বের করে নিয়েছে। মনে হচ্ছে হিংস্র জানোয়ার আক্রমণ করেছিল। শোক মাতম ছড়িয়ে পড়ল পুরো মুখডোবাজুড়ে। হোগলার বনে এই অভিশাপ! কেমনে কী? সবার মনে একই প্রশ্ন। সবার মনে ভয়। আবার জানি কার লাশ পাওয়া যায় হোগলার বনে। এত এত ঘন ঘন লাশ পাওয়ায় পুলিশ প্রশাসনও নড়েচড়ে বসলো। মাতুব্বর, চেয়ারম্যান সবাই উঠেপড়ে লাগল, দোষীকে হাতেনাতে ধরার জন্য। বহুদিন পর ফুলবানু ভয় পেল। তার হাতের কাজ প্রায় শেষ। আর একজন মাত্র বাকি। আলতাফ। যে ওরে নষ্ট করেছে। উচ্ছিষ্ট বানিয়ে আর গ্রহণ করেনি।

‘ফুলরে নষ্ট করবা, গ্রহণ করবা না? এটা তো হয় না আলতাফ। শাস্তি পাইতেই হইব। ফুলের আদালত কঠিন। বড় কড়া বিচার। তোমার জারিজুরি শেষ। আর কোনো মাইয়ারে কান্দাইতে পারবা না তুমি।’

সকালের পরেই মুখডোবায় আলতাফকে পাওয়া যায় না। সেই সঙ্গে ফুলবানুকেও। মাতুব্বরের ছেলে আলতাফকে বিভিন্ন জায়গায় কথা বলতে দেখা গেছে। আজ সকালেও কেউ কেউ ফুলের সঙ্গে কথা বলতে দেখেছে আলতাফকে। লোকজন সন্ধ্যার পর জড়ো হতে থাকে মাতুব্বরের বাড়িতে। এ-কথায় সে-কথায় কেউ কেউ বলে আলতাফের লগে ফুলবানু কেন নিখোঁজ হইলো? ফুলবানুর বাড়িতে খবরটা নিলে তো হয়! কেউ কেউ বলে, আজকে বিকেলে, সন্ধ্যায় আলতাফকে কেউ দেখেনি। ফুলবানুর খোঁজ নিয়েও ফুলবানুকে পাওয়া যায় না।

কে বা কারা যেন বলতে থাকে, ‘আজকে হোগলার বনে শালিক পাখিরা কেন চুপ ছিল? এইটা একটা ভেবে দেখার বিষয়।’ আরেকজন বলে, ‘এসব পাগলের ব্যাপার-স্যাপার। পাখিরা ক্যান ডাকপে, ক্যান খাবে না, এই ডিউটি মানুষ নিবে ক্যাম্বায়? পাখিরা ওগো মতো থাকপে, খাবে।’ ফলে যে শালিক পাখি নিয়ে কথা বলছিল, সে চুপ হয়ে গেল। এক কথায় দুই কথায় কেউ কেউ প্রস্তাব উত্থাপনকারীকে পাগল ঠাউরায়। কিন্তু কেউ কেউ আস্তে আস্তে প্রস্তাবকারীর সঙ্গে একমত হতে চায় এবং বাঁশের মশাল জ্বালিয়ে হোগলার বনে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এতে যে কয়েকজন বাদ সাধে না, তেমন নয়। কিন্তু উৎসাহের ঘাটতি পরে না কোনো কিছুতেই। হাজার হলেও গ্রামে একটা না একই সঙ্গে দুইটা মিসিং কেস ঘটেছে।

তারপর ওরা কয়েকজন। উৎসাহী গ্রামবাসী একজন দুজন করে বাড়তে থাকে। হাতে বোম্বা। আলোকিত করে চারদিক। কয়েকটা খুন গ্রামবাসীকে উত্তেজিত করে রেখেছে। তাই তারা বের হয়ে পড়ে। হোগলার বন তোলপাড় করার পর ছিন্ন-বিচ্ছিন্ন আলতাফের লাশ পাওয়া গেল। লোকজনের মুখে ফুলের আর আলতাফের একটা অসামাজিক সম্পর্কের কথা ভেসে বেড়ায়। কিন্তু খুনির প্রতি তাদের বিন্দুমাত্র সন্দেহ হয় না। তারা হোগলার বনে তোলপাড় করে ফুলের লাশ খোঁজে। এর আগে হোগলার বনে আরেকজন মেয়েমানুষের লাশ মিলেছিল। সে হলো জরিনা। মুখডোবাবাসী মনে করলো, এবার দ্বিতীয় মেয়েমানুষের লাশ ফুলবানুরটাও তারা হোগলার বনে খুব শিগগির খুঁজে পাবে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার প্রবাসী যুবকের মৃত্যু, ঈদের আগেই নিভে গেল স্বপ্ন

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার প্রবাসী যুবকের মৃত্যু, ঈদের আগেই নিভে গেল স্বপ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শাওন মির্জা নামে এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামের বাসিন্দা এবং সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (০৩ মে) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন শাওন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

শাওন মির্জা তিন বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই প্রত্যাশা অপূর্ণ রেখেই তিনি চিরবিদায় নিলেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এদিকে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জহুরুল হক মিঠু।

ভাঙ্গায় দুই অটোরিকশা সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
ভাঙ্গায় দুই অটোরিকশা সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম ফকির (৩৫) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার তিনদিন পর মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাহ আলম ফকির ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রব ফকিরের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফেরার পথে আজিমনগর বাজার এলাকায় দুইটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো?

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে নানা ধরনের আলোচনা ও নানামুখী বিশ্লেষণ চলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে।

বিশেষ করে প্রায় দেড় দশক পর মমতা ব্যানার্জীর রাজ্যের ক্ষমতা থেকে বিদায় এবং প্রথমবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার প্রভাব কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের মধ্যে।

একই সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত ইস্যু ও পুশ-ইন কিংবা পুশ ব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে- তা নিয়েও আলোচনা, কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে।

নির্বাচনের আগে কিছু ভারতীয় নেতার বাংলাদেশ নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পাশাপাশি বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আরও বেড়ে যায় কি-না সেই উদ্বেগও আছে অনেকের মধ্যে।

কোনো কোনো দল বলছে, নির্বাচনের আগে বিজেপি নেতাদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন যেগুলো তাদের মতে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

বাংলাদেশ সরকারের দিক থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যে-ই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

ওদিকে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজয়ী হয়েছে বিজেপি। এমনকি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

দলগুলো যা বলছে

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এর আগে থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সবসময়ই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওপর কর্তৃত্ব তৈরির অভিযোগ করে আসছে।

এমনকি শেখ হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলনেও এর প্রতিফলন দেখা গেছে। ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন শ্লোগানও শোনা গেছে ঢাকার রাস্তায়।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয় এবং এর জের ধরে ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনাও ঘটেছিল ।

ভারতের পণ্য বয়কটের ডাক, ঢাকায় ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়া, বিভিন্ন বাণিজ্য সুবিধা তুলে নেওয়া , ভারতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের খেলতে না যাওয়া- এমন অনেক ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে।

যদিও বাংলাদেশে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর সম্পর্ক উন্নয়নের জন্য উভয় দেশের সরকারের দিক থেকেই দৃশ্যমান চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করে এসেছেন।

ওই সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, “এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া”।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল বলে মনে করা হলেও ওই সময়ে তিস্তা নদীর পানি ইস্যুটির সমাধান করা যায়নি মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অবস্থানের কারণে। তিনি প্রকাশ্যেই এর বিরোধিতা করেছিলেন।

আবার এবারের নির্বাচনের আগে বিভিন্ন সময়ে ভারতের বেশ কয়েকজন বিজেপি নেতা বাংলাদেশ সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেগুলোও এদেশে প্রতিক্রিয়া তৈরি করেছে বলে অনেকে মনে করেন।

এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল কোন দিকে যায় সেদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও দৃষ্টি ছিল।

“নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সেখানকার কিছু নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা দুঃখজনক। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বড় সীমান্ত আছে এবং সম্পর্কের মাত্রা বহুমাত্রিক। এর মধ্যে এ ধরনের মন্তব্য সামনেও আসতে থাকলে সেটি এদেশেও প্রভাব ফেলতে পারে,” বলছিলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

তিনি বলেন, “আমরা আগে থেকেই পর্যবেক্ষণ করছিলাম। নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপি অগণতান্ত্রিক চেষ্টা করছে এমন অভিযোগ ভারতীয় সংবাদমাধ্যমেই আমরা দেখেছি। ভোটার তালিকাকে টার্গেট করে তারা যা করেছে সেটিকেও গণতান্ত্রিক মনে হয়নি”।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন, বাংলাদেশের রাজনীতিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব পড়বে না এবং বাংলাদেশের উগ্রবাদীদের উৎসাহিত হবার আশঙ্কা তারাও খুব একটা দেখছে না।

“তবে তাদের হিন্দুত্ববাদীতা, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদীতা আমাদের উদ্বেগের বড় কারণ। তাদের রাষ্ট্রের যে আদর্শ ধর্মনিরপেক্ষতা সেটিই তারাই তো মানছে না। মুসলিমের ওপর যে নিগ্রহ সেটি তো সব দেখা যায় না। ভারত ধর্মনিরপেক্ষ থাকলে তো অন্য ধর্মের লোকেরা নিরাপদে থাকতো”।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের রাষ্ট্র ও সরকারের সহায়তা নিয়েই তো আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছিল এবং শেখ হাসিনা তাদের প্রশ্রয়েই আছেন। বিজেপি সরকার তো তাকে সহায়তা করছে। এখন তারা আরও শেল্টার পেয়ে ষড়যন্ত্র বাড়াতে পারে”।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানকার মানুষ ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকারের চর্চা করেছে।

“তবে নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারাই ক্ষমতায় থাকুক দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং এ থেকে মানুষ উপকৃত হবে। পারস্পারিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে নিশ্চয়ই দুই দেশ সম্পর্ককে আরও এগিয়ে নিবে,” বলেছেন তিনি।

কমিউনিস্ট পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলো এবং এটিও সত্যি যে একই ধরনের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশেও আছে।

“বৈশ্বিক রাজনীতি বিশ্লেষণ করলে বোঝা যাবে ভারতবর্ষের রাজনীতিও একই সংকটে নিপতিত। সেখানে যারাই ক্ষমতায় আসুক বা থাকুক তাতে সংকটের সমাধান হবে না কারণ তারা সবাই বুর্জোয়া ও কর্পোরেট শক্তির ধারক বাহক। তবে আমি বিশ্বাস করি দুই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতেই সমাজকে এগিয়ে নিবে,” বলেছেন তিনি।

ওদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যেই সরকার আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।

“ভারতে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমাদের সাথে ইস্যুগুলা কিন্তু রয়েই যায়। ওগুলোতো আমাদের অবশ্যই ডিল করতে হবে,” বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সূত্র : বিবিসি বাংলা