খুঁজুন
, ,

সিনেমা থেকে বাদ দেওয়া হলো ফেরদৌসকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
সিনেমা থেকে বাদ দেওয়া হলো ফেরদৌসকে

ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস কোথায় থাকেন কেউ জানে না। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

ফলে এবার একটি সিনেমা থেকে বাদ দেওয়া হলো তাকে।  
 
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। এই ছবিরই নায়ক হিসেবে তাকে নেওয়া হয়েছিল। নতুন করে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। ফেরদৌসকে বাদ দিয়ে অন্য কাউকে নায়ক হিসেবে নেওয়া হবে জানিয়েছেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

 

সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকছে গল্পে।

শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নেন। পরবর্তী সময়ে নানা জটিলতায় কাজ আর এগোয়নি। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন।

বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তার অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তার জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তাকে রাখার চেষ্টা চলছে। তিনি সময় দিতে পারবেন কি না, এখনো জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

৫ আগস্টের পর ফেরদৌসকে আর দেশে দেখা যায়নি। দীর্ঘদিন তিনি আত্মগোপনে আছেন। জনপ্রিয়তা হারিয়ে ফেলার পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত ২০২৪ সালের ডামি নির্বাচনে ঢাকা-১০ আসনে বিনা ভোটের এমপি হন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পালানোর পর তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে মনে করা হয়।

ফরিদপুরে ‎টাকা না পেয়ে মেলেনি ট্রলি, ঢাকায় নেওয়ার পথে শিশু রুহুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
ফরিদপুরে ‎টাকা না পেয়ে মেলেনি ট্রলি, ঢাকায় নেওয়ার পথে শিশু রুহুলের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি পেতে ২০০ টাকা বকশিশ না দেওয়ায় পাঁচ তলায় হেঁটে উঠতে হলো স্বজনদের; তার ওপর সাথে অক্সিজেন সিলিন্ডার। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, তবে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পাঁচ বছরের শিশু রুহুল আমিন। হৃদয়বিদারক এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

​ঘটনাটি ঘটে ফরিদপুর সদরের কোতোয়ালি থানাধীন কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে শিশু রুহুল আমিন (৫) তার বাড়ির পাশের রাস্তার ওপর খেলা করছিল। এ সময় একটি বেপরোয়া ভ্যান তার পেটের ওপর দিয়ে চলে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

​সেখানে চিকিৎসকরা প্লাস্টার শেষে তাকে শিশু সার্জারি ওয়ার্ডে নেওয়ার পরমর্শ দেন। তবে আসল ভোগান্তি শুরু হয় এর পরেই। শিশুর পরিবার অভিযোগ করেন, ট্রমার পর শিশুকে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি খোঁজাখুঁজি শুরু করলে সেখানকার একজন ওয়ার্ড বয় এবং ‘আশা’ নামের বিনা বেতনের একজন স্বেচ্ছাসেবী মেয়ে ট্রলি পেতে ২০০ টাকা দাবি করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টাকা দিতে না পারায় বাধ্য হয়ে স্বজনরা নিজেদের শক্তিতেই শিশুটিকে কোলে নিয়ে এবং হাতে অক্সিজেনের বোতল ধরে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে হেঁটে নিয়ে যান।

​সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে নিয়তির চরম নির্মমতায় ঢাকায় নেওয়ার পথেই না ফেরার দেশে চলে যায় শিশু রুহুল।

​এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বোয়ালমারী প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
ফরিদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ মোছা. সোনালী বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোনালী বেগম ওই গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাগুরা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় সোনালী বেগমকে আটক করা হয় এবং তার হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে আলামত হিসেবে তিন হাজার পিস ইয়াবাসদৃশ বড়ি উদ্ধার করা হয়। এলাকার চিহ্নিত এই মাদক কারবারির বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অভিযোগ রয়েছে।

​এ ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল কবীর বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(খ) ধারায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তিন হাজার পিস ইয়াবাসহ সোনালী বেগমকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে মঙ্গলবার (০৬ অক্টোবর) আদালতে চালান করা হবে।

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর চন্দ্রমোহন হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান, থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

​আলোচনা সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষক সমাজকে সম্মানের মর্যাদায় অধিষ্ঠিত রাখার ওপর গুরুত্বারোপ করে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

​অনুষ্ঠানে স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।