খুঁজুন
, ,

ফরিদপুরে কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাকারিয়া সজিব মোল্যা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে ফরিদপুর জেলা সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজিব মোল্যা মধুখালী পৌরসভার মেছোরদিয়া এলাকার সাহেদ মোল্যার ছেলে।

গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এর আগে বুধবার (১৯ নভেম্বর) ওই কিশোরীকে ফরিদপুর শহরের বেইলি ব্রিজ এলাকা থেকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞাত একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

থানা-পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় সজিব মোল্যার। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সেই সুবাদে গত বুধবার (১৯ নভেম্বর) ফরিদপুর শহরে ঘুরতে আসেন তাঁরা। একপর্যায়ে কিশোরী পানি খেতে চাইলে পানির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর অসুস্থ অবস্থায় সজিব তাকে মধুখালী উপজেলা শহরে নিয়ে একটি অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে পৌঁছানোর পর একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এই যুবক ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্কের জেরে ঘটনাটি ঘটে। থানায় অভিযোগ দায়েরের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ফরিদপুরের বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে

ফরিদপুরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার মামলার আসামি ও আটক পুত্র ফারদিন হুদা মুগ্ধ (২৬) এবার নিজের মায়ের গলায় ছুরি চালিয়ে তাঁকে আহত করেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​আহত মা শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তাজনিত চরম আশঙ্কায় পুলিশের সুরক্ষায় স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে মুগ্ধের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তার বালিকা স্ত্রী। দীর্ঘ সাড়ে তিন মাস সহ্য করার পর গত শনিবার যেকোনো সময় তিনি স্বামীর বাড়ি থেকে পালিয়ে তালমার মোড়ে নিজের বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে মুগ্ধ পারিবারিক ভবনের দোতলায় নিজের মায়ের ঘরের দরজা ভেঙে আলমারি ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে দলিল ও সোনার সন্ধান চালায়।

​এ সময় ভয়ে নিচতলায় ফুফুর (ননদ) ঘরে লুকিয়ে ছিলেন মা সিলভিয়া হুদা আলো। কিন্তু ঘাতক ছেলে সেখানেও প্রবেশ করে এবং আচমকা মায়ের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পাশের বাড়ির বাগানে লুকিয়ে থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে মুগ্ধকে খুঁজে পায়নি বলে জানা গেছে।

​এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর বিকেলে মোটরসাইকেল কিনে না দেওয়ার জেরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে এই মুগ্ধের বিরুদ্ধেই। একের পর এক এমন লোমহর্ষক কর্মকাণ্ডে পুরো পরিবার ও এলাকাবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অভিযুক্ত মুগ্ধকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।”

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদার গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সৌম্যদীপ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে এবং ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।

​পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে সৌম্যদীপকে শহরের একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সৌম্যদীপের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এদিকে, সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

​এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার বিষয়টি তাদের জানা নেই। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ বা তথ্য জানাননি।

পুরুষের হরমোনের সমস্যা বুঝবেন যে লক্ষণে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পুরুষের হরমোনের সমস্যা বুঝবেন যে লক্ষণে?

শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘুম, ক্ষুধা, বিপাক, যৌনস্বাস্থ্য থেকে শুরু করে মানসিক অবস্থাও নিয়ন্ত্রণ করে এসব রাসায়নিক উপাদান।

বয়স, জীবনযাপন কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পুরুষের শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, থাইরোয়েড হরমোন, ইনসুলিন ও কর্টিসলের অস্বাভাবিক মাত্রা নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়।

যেসব লক্ষণ অবহেলা করবেন না

হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

যেমন—

কোনো কারণ ছাড়াই ওজন কমে বা বেড়ে যাওয়া।

অতিরিক্ত ঘাম হওয়া এবং গরম-ঠান্ডা সহ্য করতে অসুবিধা।

ঘুমের সমস্যা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।

মেজাজ খিটখিটে হওয়া, উদ্বেগ ও বিষণ্ণতা।

অতিরিক্ত তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাব।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও চুলের পরিবর্তন।

হৃদস্পন্দন ও রক্তচাপের অস্বাভাবিকতা।

কেন দেখা দেয় এ সমস্যা?

দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং থাইরোয়েডের সমস্যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্টেরয়েডের অপব্যবহার এবং হরমোন উৎপাদনকারী গ্রন্থির সমস্যাও এর জন্য দায়ী হতে পারে।

যেভাবে সুস্থ রাখবেন শরীর

হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম জরুরি। পাশাপাশি অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

এসব লক্ষণ দেখা দিলেই হরমোনের সমস্যা হয়েছে, এমন নয়। দীর্ঘদিন কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। নিজে থেকে হরমোনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়।