উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ চৌধুরী ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের অনেক অজানা অধ্যায় আজও ইতিহাসের পাতায় পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা সংগ্রাম, দেশভাগের উত্তাল সময় কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রতিটি বাঁকে গণমানুষের স্বার্থে তাঁর সাহসী ভূমিকা ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা যখন ছড়িয়ে পড়ে, তার আগে থেকেই ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে পূর্ব পাকিস্তানের নেতাদের টানাপোড়েন ও আলোচনা চলছিল। কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী—এই প্রশ্নে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এবং জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টির মধ্যে মতৈক্য না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং অনিবার্য হয়ে ওঠে মুক্তির সংগ্রাম। এমন এক সংকটময় ও নিদারুণ পরিণতির প্রেক্ষাপটে সঠিক পথের দিশা খুঁজতে হলে মোহন মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকাণ্ড পাঠ করা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মুসলিম লীগের প্রভাবশালী নেতা হয়েও ব্রিটিশবিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।
ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন তৎকালীন শাসকগোষ্ঠী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়, তখন মোহন মিয়া তাঁর স্বভাবসিদ্ধ সাহসিকতা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। নিজের সম্পাদিত পত্রিকার পাতায় তিনি শিরোনাম করেন—‘রাতের আঁধারে এতো লাশ কোথায় যায়’। মাতৃভাষা ও জনগণের পক্ষে এমন নির্ভীক সত্য উচ্চারণের কারণে তাঁকে তখন ক্ষমতাসীন মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। তবে অসাধারণ মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী মোহন মিয়াকে গণমানুষের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা সৃষ্টিকর্তা ব্যতীত কারও পক্ষে সম্ভব হয়নি।
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের সাধারণ মানুষ এক নতুন ও অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়। কলকাতা থেকে অনেক মুসলমান যেমন ভিটেমাটি গুটিয়ে ঢাকা ও পূর্ববঙ্গে ফিরে আসেন, তেমনি এখানকার বহু সম্ভ্রান্ত হিন্দু জমিদার ও ভূস্বামী পশ্চিমবঙ্গে নতুন ঠিকানা গড়েন। দেশভাগের মতো বড় বাস্তবতা শুধু দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যেই প্রভাব ফেলেনি, বরং সাম্প্রদায়িক দাঙ্গার মতো মর্মান্তিক স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের নজির থাকা সত্ত্বেও ধর্মীয় বিভাজনের কারণে একসময় মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। ঠিক সেই প্রেক্ষাপটে মোহন মিয়া এ অঞ্চলে অসাম্প্রদায়িক ও মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছেন এই নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। যুদ্ধের বিভীষিকার মধ্যে যখন মানুষ একটু স্বস্তি ও পরিত্রাণ খুঁজছিল, তখন জননেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যান। যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসে তাঁর সেই ভূমিকার অনেক দিক আজও পরিষ্কারভাবে সামনে আসেনি।
একাত্তরের যুদ্ধ পরিস্থিতিতে যখন দেশের মানুষ নানাভাবে বিপদগ্রস্ত এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি, তখন সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করতে করাচিতে যান মোহন মিয়া। দেশভাগের পর থেকেই ভাষা আন্দোলনসহ নানা ইস্যুতে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর কড়া সমালোচনা করে বারবার বিরূপ পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। তবুও সংকট নিরসনের কোনো পথ বের করা যায় কি না, সেই প্রচেষ্টা নিয়েই তিনি করাচিতে পৌঁছান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, করাচিতে এক বন্ধুর বাড়িতে অতিথি হিসেবে ওঠেন মোহন মিয়া। রাতের খাবার খেয়ে সুস্থভাবেই তিনি ঘুমাতে যান। কিন্তু সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আপাতদৃষ্টে তাঁর মৃত্যু সম্পর্কে এটুকুই জানা যায়।
তবে এমন একজন বিশাল হৃদয়ের ও প্রভাবশালী নেতার আকস্মিক বিদায় লাখো-কোটি মানুষের মনে আজও গভীর কৌতূহল জাগায়। তাঁর জীবনের শেষ রাতের খাবার, সেই সময়ের আদ্যোপান্ত এবং শেষ সকালে ঠিক কী ঘটেছিল—এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিবরণ আজও অজানাই রয়ে গেছে।
শেরেবাংলা এ কে ফজলুল হক মোহন মিয়ার মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দেখে তাঁকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়েছিলেন। বাংলাদেশের অভ্যুদয়ের পটভূমি নির্মাণে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম, আর সেই আন্দোলনে মোহন মিয়ার অবদান তাঁকে নতুনভাবে জানার ও বোঝার বড় ক্ষেত্র তৈরি করেছে। এই বর্ষীয়ান নেতার ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উত্তরসূরি ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের লেখার মধ্য দিয়ে তাঁর জীবনের সেই ঐতিহাসিক ও অজানা অধ্যায়গুলো আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন