সব অনুরোধে রাজি হওয়া কিংবা অন্যের মন রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে বারবার উপেক্ষা করা, অনেকেরই এমন অভ্যাস রয়েছে। প্রয়োজন না থাকলেও তারা কাউকে ফিরিয়ে দিতে পারেন না।
পাছে কেউ কষ্ট পান, সম্পর্ক নষ্ট হয় কিংবা তাকে স্বার্থপর মনে করেন, এমন আশঙ্কা থেকেই বেশির ভাগ সময় ‘হ্যাঁ’ বলে ফেলেন। অথচ নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দায়িত্ব নেওয়ার পর তৈরি হয় বাড়তি চাপ।
আবার কখনো সাহস করে ‘না’ বললেও পিছু ছাড়ে না অপরাধবোধ।
কিন্তু অন্যকে সন্তুষ্ট রাখতে গিয়ে নিজের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দেওয়া কতটা যুক্তিসংগত? মনোবিদদের মতে, সামাজিক জীবনে অন্য কাউকে হতাশ করার বিষয়টি সহজে মেনে নিতে পারেন না অনেকেই।
এর পেছনে কাজ করে কয়েকটি মানসিক ও সামাজিক কারণ।
প্রত্যাখ্যান ও দ্বন্দ্বের আশঙ্কা
অনেকের ধারণা, কোনো অনুরোধে অসম্মতি জানালে অপর ব্যক্তি তাকে স্বার্থপর ভাবতে পারেন।
এতে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কাও তৈরি হয়। এই ভয় থেকেই নিজের অসুবিধা থাকা সত্ত্বেও তারা অন্যের কথায় সম্মতি দেন।
সবসময় ভালো মানুষ হওয়ার চাপ
সমাজে প্রচলিত একটি ধারণা হলো, ভালো মানুষ হতে হলে অন্যের প্রয়োজনে পাশে থাকতে হবে, নিজের কথা ভাবা যাবে না। এমন ধারণা থেকে অনেকেই সবসময় অন্যের কাছে ভালো থাকার চেষ্টা করেন। ধীরে ধীরে এটি তাদের ওপর একধরনের সামাজিক ও মানসিক চাপে পরিণত হয়।
অন্যের হতাশার দায় নিজের কাঁধে নেওয়া
আপনার কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু সেই অসন্তুষ্টির জন্য নিজেকে দায়ী ভাবার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। নিজের সিদ্ধান্তের যথেষ্ট কারণ থাকলেও অন্যের মন খারাপ হবে, এই চিন্তা তাদের অপরাধবোধে ভোগায়। অথচ ‘না’ বলার অভ্যাস না থাকলে এমন অস্বস্তি তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।
কেউ কোনো অনুরোধ করলেই সঙ্গে সঙ্গে সম্মতি দেওয়ার প্রয়োজন নেই। কাজটি করার মতো সময়, সামর্থ্য কিংবা মানসিক প্রস্তুতি আপনার আছে কি না, তা আগে ভেবে দেখুন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি দিলে পরে সেটি পালন করাও কঠিন হয়ে উঠতে পারে।
নম্রভাবে নিজের সিদ্ধান্ত জানান
কাউকে কোনো কাজে সাহায্য করতে না পারলে দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভদ্রভাবে নিজের অবস্থান জানিয়ে দিন। যেমন বলতে পারেন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়।’ এতে যেমন আপনার সিদ্ধান্ত স্পষ্ট হবে, তেমনি কথাটিও বলা হবে নম্রভাবে।
অপরাধবোধের কারণ খুঁজে দেখুন
‘না’ বলার পর মন খারাপ হলে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন, নাকি অন্য কেউ হতাশ হতে পারেন, শুধু এই আশঙ্কা থেকেই আপনার খারাপ লাগছে? নিজের অনুভূতির কারণ বুঝতে পারলে অযথা অপরাধবোধ কাটিয়ে ওঠা সহজ হতে পারে।
মনে রাখুন, সবাই আপনার সঙ্গে একমত হবেন না
প্রত্যেক মানুষের চিন্তা, পছন্দ ও মতামত আলাদা। তাই আপনার প্রতিটি সিদ্ধান্ত অন্যের পছন্দ হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হলেই সেটি ভুল বা অন্যায় হয়ে যায় না।
সম্পর্কে নিজের সীমারেখা তৈরি করুন
অন্যের অনুরোধে সবসময় রাজি হওয়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজের সীমাবদ্ধতা বুঝতে হবে। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেবেন না। কোনো সিদ্ধান্ত জানানোর আগে সময় চাইতে পারেন। ভেবে দেখুন, কাজটি আপনার পক্ষে করা সম্ভব কি না এবং সেটি আপনার জন্য কতটা স্বাচ্ছন্দ্যকর।
পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন
সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। আবার না ভেবেই ‘হ্যাঁ’ বলে ফেললে নিজের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে সততার সঙ্গে সিদ্ধান্ত নিন। শুরুতে অভ্যাসটি কঠিন মনে হলেও নিয়মিত চর্চায় ধীরে ধীরে সহজ হয়ে উঠবে।
প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন
অন্যকে না বলতে না পারার কারণে তৈরি হওয়া অপরাধবোধ যদি আপনার দৈনন্দিন জীবনযাপন ব্যাহত করে কিংবা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলে, তাহলে পেশাদার কাউন্সেলরের সহায়তা নিতে পারেন।
অন্যের পাশে দাঁড়ানো অবশ্যই ভালো গুণ। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রয়োজনকে অবহেলা করা জরুরি নয়। সব অনুরোধে সম্মতি দেওয়াই ভালো মানুষ হওয়ার একমাত্র শর্ত নয়। কখনো কখনো নিজের স্বাচ্ছন্দ্য ও মানসিক শান্তির জন্য ‘না’ বলাটাও প্রয়োজন।
আপনার মতামত লিখুন