খুঁজুন
, ,

“গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে”— শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
“গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হলে সব রক্ত বৃথা যাবে”— শামা ওবায়েদ ইসলাম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সকল অর্জন বৃথা যাবে। গত জুলাইয়ের অভ্যুত্থান থেকে শুরু করে গত ১৭ বছরে যে রক্ত ঝরেছে, যে গুম-খুন হয়েছে—সবই অর্থহীন হয়ে পড়বে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।”

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “আমাদের ভাই-বোনদের রক্ত, আবু সাঈদ, মুগ্ধসহ দেশপ্রেমিক হাদির মৃত্যু—এসব ত্যাগ ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আগামী দিনে কোন দল রাষ্ট্রক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে।”

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ জানাই—আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

রাসায়নিক স্প্রে ছিটিয়ে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

অভিযানের আঁচ পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যে সময় লাগে, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মাথায় তা বিক্রির উপযোগী করা হচ্ছে। দেখতে চকচকে ও পাকা হলেও এসব কলায় কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ।

এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে দেওয়া কলা কখনোই নিরাপদ হতে পারে না। এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না বুঝেই সাধারণ মানুষ এগুলো কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়ে গেছে, সামনে আর এমন ব্যবসা করব না।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘অভিযান চালাতে গেলে দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। তাঁর দোকানে ঢুকে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, সেসবের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে এবং ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. আক্তার মোল্লার ছেলে মো. রাজু মোল্লাকে মর্মান্তিক ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের নেতৃত্বে সদরপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কটি প্রদক্ষিণ করে মোল্লা বাড়ির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা অবিলম্বে রাজু মোল্লার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, শ্রমিকদল নেতা মোতালেব হোসেন পেয়াদা, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঢাল ও সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং লকডাউন বাস্তবায়ন করতে দেবেন না বলে জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।