ফরিদপুরে বহিষ্কারাদেশ তুলে নেওয়ার দাবি বিএনপির তিন নেতার
ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য বহিষ্কৃত বিএনপির তিন নেতা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে তাদের বহিষ্কারের প্রতিবাদ জানান।
বিএনপির তিন নেতা হলেন, নব গঠিত কমিটির আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন বলেন, আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ করার কারণে আমাদের কোন প্রকার শোকজ ছাড়াই জেলার আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারের প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বহিষ্কার প্রত্যাহার চাই। এসময় পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

আপনার মতামত লিখুন
Array