খুঁজুন
, ,

ফরিদপুর-২ আসনে ধানের শীষের ঝড়, রেকর্ড ব্যবধানে জিতলেন শামা ওবায়েদ রিংকু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পূর্বাহ্ণ
ফরিদপুর-২ আসনে ধানের শীষের ঝড়, রেকর্ড ব্যবধানে জিতলেন শামা ওবায়েদ রিংকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাত ১১টার দিকে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলে বেসরকারিভাবে তার জয়ের বিষয়টি নিশ্চিত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। উপজেলার ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। চূড়ান্ত হিসাবে শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিজয়ী প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কন্যা। বাবার মৃত্যুর পর গত ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল পর্যায়ে তার নিয়মিত যোগাযোগ ও সক্রিয়তা এবারের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শামা ওবায়েদ বলেন, “এই বিজয় সালথা-নগরকান্দার মানুষের। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত অগ্রগতিতে কাজ করবো।”

ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। ফরিদপুর-২ আসনে এবারের এ ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন।

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন হাসান

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন হাসান

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর স্পেলের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান একমাত্র টেস্ট ম্যাচে আগুন ঝরানো বোলিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ।

টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে দুই জন স্পিনার হ্যাটট্রিক করলেও, কোনো লাল-সবুজের পেসারের এই কীর্তি ছিল প্রথম।
হাসান মাহমুদের এই অবিশ্বাস্য কীর্তিটি আসে ম্যাচের দ্বিতীয় দিনে আফগান ইনিংসের ৮২তম ওভারে।

ওভারের তৃতীয় বলে ইসমত আলমকে (১) বোল্ড করে ধ্বংসযজ্ঞের শুরু করেন তিনি। ঠিক তার পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিয়া-উর-রেহমানকে (০)।
এরপরের বলটি ছিল দেখার মতো; ব্যাক অব আ লেন্থ থেকে সুইং করা ডেলিভারিতে পরাস্ত হন কাইস আহমেদ। বলটি তার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে গেলে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক অসাধারণ ক্যাচ তালুবন্দী করেন উইকেটরক্ষক লিটন দাস।
আর তাতেই পূর্ণ হয় হাসানের স্বপ্নের হ্যাটট্রিক এবং মাঠে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল।
হাসান মাহমুদের এই অর্জনের মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের হ্যাটট্রিকধারীর সংখ্যা এখন তিন। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের পেশোয়ার টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট হ্যাটট্রিকটি করেছিলেন লেগ-স্পিনার অলক কাপালি। তার ঠিক ১০ বছর পর, ২০১৩ সালে ঢাকার মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করার পাশাপাশি একই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন অফ-স্পিনার সোহাগ গাজী। আর এবার দীর্ঘ ১৩ বছর পর ২০২৬ সালে এসে তৃতীয় বাংলাদেশি এবং প্রথম দ্রুতগতির বোলার হিসেবে সেই অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন হাসান মাহমুদ।

হাসানের তাণ্ডবে পরপর তিন বলে তিন উইকেট হারিয়ে ২২০ রানে ৮ উইকেটে পরিণত হয় আফগানিস্তান। দিনের শুরুতে হাসানের এমন বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে চালকের আসনে বসার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

প্রথম ইনিংসে ওপেনার তানজিদ হাসানের ৮৩, সাদমান ইসলামের ৬৭ এবং লিটন দাসের ৫৩ রানের ওপর ভর করে ৩৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে আবদুল মালিকের ৬২ ও রহমত শাহর লড়াকু ৮৮ রানের ওপর ভর করে আফগানিস্তান এক পর্যায়ে বেশ ভালো অবস্থানেই ছিল। তবে শেষ বিকেলে হাসান মাহমুদের হ্যাটট্রিক ও ইবাদত হোসেনের ৩ উইকেটের ধাক্কায় খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবুধাবি টেস্টে আফগানিস্তান ১২৫ রানে পিছিয়ে রয়েছে। হাসান মাহমুদ ৪টি এবং ইবাদত হোসেন ৩টি উইকেট শিকার করেছেন।

ভাত খেয়েই ঝরবে পেটের মেদ, করতে হবে যে ব্যায়াম

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
ভাত খেয়েই ঝরবে পেটের মেদ, করতে হবে যে ব্যায়াম

সারা বছর নিয়মিত শরীরচর্চা না করলেও উৎসবের আগে অনেকেই ব্যায়াম ও খাদ্যাভ্যাসের দিকে বাড়তি মনোযোগ দেন। কিন্তু কঠোর ডায়েট ও ব্যায়াম করেও কাঙ্ক্ষিত ফল না পেলে হতাশ হন অনেকে।

পুষ্টিবিদ ঋজুতা দিবেকরের পরামর্শ, ওজন কমাতে ভাত পুরোপুরি বাদ দেওয়া কিংবা কঠিন খাদ্যনিয়ম মেনে চলা জরুরি নয়। বরং সুষম খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং ধৈর্য ধরে ওজন কমানোর দিকে মনোযোগ দেওয়া উচিত।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের পুষ্টিবিদ হিসেবে পরিচিত ঋজুতা মনে করেন, ভাত, ডাল, শাকসবজি, মাছ ও মাংস খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরের বিভিন্ন পেশি শক্তিশালী করার দিকেও নজর দেওয়া প্রয়োজন।

পেটের মেদ কমাতে অনেকেই ক্রাঞ্চেসসহ তলপেটের ব্যায়াম করেন। কিন্তু শুধু এসব ব্যায়াম করলেই প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।

পা, কোমর ও নিতম্বের পেশি দুর্বল থাকলেও শরীরচর্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে উল্লেখ করেছেন এই পুষ্টিবিদ।
নিতম্বের পেশি শক্তিশালী করার ব্যায়াম

নিতম্ব ও কোমরের পেশি সক্রিয় রাখতে একটি সহজ ব্যায়ামের কথা বলা হয়েছে। প্রথমে মেঝেতে উপুড় হয়ে শুয়ে দুই পা একটি বালিশের ওপর রাখতে হবে। দুই হাত ভাঁজ করে তালু মেঝেতে রাখতে হবে। এরপর নিতম্বের পেশি সংকুচিত করে পা মেঝের সমান্তরালে রাখার চেষ্টা করতে হবে। এ অবস্থায় ঊরুর অংশে নিচ থেকে ওপরের দিকে চাপ দিয়ে ১০ পর্যন্ত গুনতে হবে।

প্রতিদিন দুই থেকে তিনবার এই ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপযোগী পেটের ব্যায়াম ও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যেতে হবে। তবে ব্যায়ামটি করতে গিয়ে ব্যথা বা অস্বস্তি হলে থামতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ওজন কমাতে বাদ দিতে হবে না ভাত

ওজন কমানোর চেষ্টা করতে গিয়ে অনেকে প্রথমেই খাদ্যতালিকা থেকে ভাত বাদ দেন। কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য কোনো একটি খাবারকে এককভাবে দায়ী না করে সামগ্রিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। পরিমাণমতো ভাত, ডাল, শাকসবজি, মাছ ও মাংসের মতো খাবার সুষম খাদ্যতালিকায় রাখা যায়।

দ্রুত ওজন কমানোর জন্য কঠোর ডায়েট অনুসরণ না করে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ঋজুতা। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত বিশ্রামের সমন্বয় দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

আলফাডাঙ্গায় মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা এলাকায় অবস্থিত ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধের বিকাশ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

​মাদ্রাসার পরিচালনা পর্ষদের সেক্রেটারি ও পাশের কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন রায়।

​সমাবেশে ডা. সুমন রায় শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি নিষ্কাশন এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

​ডা. সুমন রায় বলেন, “শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা ও পড়াশোনায় মনোযোগী হতে স্বাস্থ্যকর পরিবেশ অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানায় অভ্যস্ত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

​অনুষ্ঠানে মাদ্রাসার সহসভাপতি ও সমাজসেবক মুন্সী বেলাল হুসাইন বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।”

​তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি নির্ভর করে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের পারস্পরিক সহযোগিতার ওপর। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতিও বিশেষ যত্ন নিতে হবে, যাতে তাদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়।”

​মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সমাবেশের শেষ অংশে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবক ও অতিথিরা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।