খুঁজুন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন, ১৪৩২

ভাঙ্গায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ফেসবুকে ভাইরাল

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
ভাঙ্গায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ফেসবুকে ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ফ্রেব্রয়ারী) রাত ১০টার দিকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এর আগে একইদিন রাতে ভাঙ্গা পৌরসভার সামনে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়। তখন থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় আছে। ওই অবস্থায় সেখানে বৃহস্পতিবার রাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একাই সেখানে উপস্থিত হন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নিজেই পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতের উদ্যোগে এ পতাকা টাঙানো হচ্ছে।

এ ছাড়া ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পতাকা উত্তোলনের সময় তিনি ‘নিক্সন চৌধুরী আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ প্রভৃতি স্লোগান দেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘আমরা সারা দিন-রাত টহল দিয়েছি। এ ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। কিংবা কেউ অভিযোগও দেয়নি। কেউ যদি রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলার মতো একটি পতাকা টাঙিয়ে ভিডিও করে আবার পালিয়ে যায়, সে ক্ষেত্রে আমাদের করার কী থাকে?

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক আশরাফ শেখ বলেন, রাত ২টা থেকে ৪টার মধ্যে হবে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় জনৈক ব্যাক্তি জাতীয় পতাকা উত্তোলন করেছে তার একটি ভিডিও দেখলাম।

তিনি বলেন, তারা রাতের বেলায় পতাকা টানিয়ে পালিয়ে গেছে, কেউ দেখেনি। তবে দিনের বেলায় কেউ সাহস পাবে না। আমরা ছাত্র জনতা আন্দোলন করেছি। আবার ছাত্র জনতাকে নিয়ে প্রতিহত করব। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম ভাঙ্গায় করতে দেওয়া হবে না।

ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম
ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুর শহরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাপড় শুকানোর দড়ি টানানো নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার ভাঙারি ব্যবসায়ী নন-বেঙ্গলি মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলদের বাড়ির প্রবেশমুখে কাপড় শুকানোর জন্য দড়ি টানাতে গেলে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সরফরাজের পরিবারের কয়েকজন সদস্য লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই সোহেল আহমেদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

আজ ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম
আজ ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলায় সরকারি সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রতিমন্ত্রী। বিকাল ৩টার দিকে তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পৌঁছাবেন। এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে।

এরপর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইফতার মাহফিলে সরকারের উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টা ১৫ মিনিটে বনানীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এটি একটি সরকারি সফর হওয়ায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (গানম্যান) জাকির হোসেন উপস্থিত থাকবেন।

সফরকে ঘিরে ইতোমধ্যে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। প্রতিমন্ত্রীর এই সফর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষিজমির মাটি বিক্রি, নগরকান্দায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ এএম
কৃষিজমির মাটি বিক্রি, নগরকান্দায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সন্তোষী গ্রামের মাঠে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন মো. জাকির হোসেন নামে এক মাটি ব্যবসায়ী। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।