সালথায় বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার সালথা সদর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, “রাকিবুল হাসান জুয়েল দীর্ঘদিন ধরে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন
Array