খুঁজুন
, ,

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে শুরু ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তায় ১৭ লাখ ৭১ হাজার ভোটার

হারুন-অর-রশীদ ও মেহেদী সোহেল, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
ফরিদপুরে শান্তিপূর্ণভাবে শুরু ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তায় ১৭ লাখ ৭১ হাজার ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৬৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। অনেক কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইন ও পর্যাপ্ত নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, জেলার ২৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চল ও দুর্গম এলাকার ২৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, “পুরো জেলায় প্রায় ১,৮০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবির ১৩ প্লাটুন, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। প্রতিটি উপজেলায় বিশেষ টিম প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা সহ্য করা হবে না।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”

ভোট দিতে আসা ফরিদপুর সদর উপজেলার কুদ্দুস শেখ নামে এক ভোটার বলেন, “সকালে একটু ভিড় কম ছিল, তবে পরিবেশ শান্ত। কোনো সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি।” নগরকান্দা উপজেলার এক নারী ভোটার জানান, “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। প্রশাসনের উপস্থিতি দেখে নিরাপদ মনে হচ্ছে।”

তবে কয়েকটি কেন্দ্রে সকালবেলায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে কড়া নিরাপত্তা, নির্বাহী ও বিচারিক তদারকি এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন জেলার প্রায় ১৮ লাখ ভোটারের রায়ের অপেক্ষায় রয়েছে প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে ফরিদপুরে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ জানায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে আসেন। তবে এবার আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম-এর ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর—৭/২৬।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।

​দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।

​তবে তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

​দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।