খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র, ১৪৩২

ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে কবে?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম
ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে কবে?

পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায় কড়া নাড়ছে।  ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামে ফিরছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজ চললেও সবার মনে এখন একটাই প্রশ্ন– ঈদ কবে?

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে শুক্রবার সেখানে ঈদের দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী বুধবার সন্ধ্যায় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি বুধবার চাঁদ দেখা যায় তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সেখানে ঈদ হবে, অন্যথায় শুক্রবার।

বাংলাদেশে ঈদ কবে?

ভৌগোলিক নিয়মানুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)।

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

বুধবার (১৮ মার্চ) রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে ঈদুল ফিতর।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

সূত্র : খালিজ টাইমস

প্রবাসী থেকে ঘরমুখো মানুষ—সবার নিরাপত্তায় সরকার কাজ করছে: শামা ওবায়েদ

ফরিদপুর ও সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
প্রবাসী থেকে ঘরমুখো মানুষ—সবার নিরাপত্তায় সরকার কাজ করছে: শামা ওবায়েদ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ এলাকায় বাসস্ট্যান্ড, টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। আমাদের লক্ষ্য—সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি জটিল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। যারা দেশে ফিরতে ইচ্ছুক কিন্তু এখনো ফিরতে পারেননি, তাদের দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রমও চলছে। “নিহতদের মধ্যে ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে, বাকিদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে,”—যোগ করেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, “বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক কোনো বৃদ্ধি হয়নি এবং জ্বালানি তেলের দামও স্থিতিশীল রয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্ক এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ফরিদপুরে অতিশ্রীঘ্রই আসছে ‘দৈনিক অগ্নিপ্রহর’—নতুন বাংলাদেশের স্বপ্নে নতুন কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
ফরিদপুরে অতিশ্রীঘ্রই আসছে ‘দৈনিক অগ্নিপ্রহর’—নতুন বাংলাদেশের স্বপ্নে নতুন কণ্ঠ

ফরিদপুর থেকে অতিশ্রীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে নতুন দৈনিক পত্রিকা ‘দৈনিক অগ্নিপ্রহর’। ইতোমধ্যে পত্রিকাটি সরকারি ডিক্লারেশন পেয়েছে, এখন চলছে ছাপানো সংস্করণ প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই পাঠকের হাতে পৌঁছে যাবে নতুন এই গণমাধ্যম।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ‘ফরিদপুর প্রতিদিন’-কে বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকাটির সম্পাদক হারুন আনসারী রুদ্র। তিনি জানান, গত সোমবার (১৬ মার্চ) ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির ডিক্লারেশন প্রদান করেন।

পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলার সুপরিচিত ব্যবসায়ী এম এম শহিদুল ইসলাম শাহীন। আধুনিক চিন্তা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনমুখী কনটেন্টকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘দৈনিক অগ্নিপ্রহর’।

পত্রিকাটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—“গণঅভ্যুত্থান থেকে ব্যালট বিপ্লব, নতুন বাংলাদেশের ভোরে অগ্নিপ্রহর।” এই স্লোগানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চেতনা, সামাজিক পরিবর্তন এবং ইতিবাচক উন্নয়নের ধারাকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সম্পাদক হারুন আনসারী রুদ্র বলেন, “আমরা এমন একটি পত্রিকা উপহার দিতে চাই, যেখানে সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় সমস্যার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। ‘অগ্নিপ্রহর’ হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “ডিজিটাল যুগের চাহিদা মাথায় রেখে আমরা প্রিন্টের পাশাপাশি অনলাইন সংস্করণও শক্তিশালী করতে কাজ করছি। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে একটি দক্ষ টিম গঠন করা হয়েছে।”

অন্যদিকে প্রকাশক এম এম শহিদুল ইসলাম শাহীন বলেন, “ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের কথা তুলে ধরার জন্য একটি নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রয়োজন ছিল। ‘দৈনিক অগ্নিপ্রহর’ সেই শূন্যতা পূরণে কাজ করবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও যোগ করেন, “আমরা কোনো পক্ষপাত নয়, সত্যের পক্ষে থাকতে চাই। উন্নয়ন, মানবিকতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়ে এই পত্রিকাটি পরিচালিত হবে।”

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘দৈনিক অগ্নিপ্রহর’, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন এই পত্রিকার আগমনে ফরিদপুরের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।