খুঁজুন
রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ৪

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। এছাড়া দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকালে বরিশাল-ফরিদপুর মহাসড়কের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ মোট চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খান জানান, ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চুমুরদী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা

নুরুল ইসলাম নাহিদ, সালথা:
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা

ফরিদপুরের সালথায় একটি গ্রামে ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।

শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে  উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা মো. খায়ের দাই (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা মমিন দাইয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি বিবাহিত। তার ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে  ধর্ষণের চেষ্টা চালানো হয়।

স্থানীয়রা জানায়, এ ঘটনা স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন।পরে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামী করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারের পশুর হাটে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

এসময় ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের প্রমাণ পাওয়ায় হাটের ইজারাদার মো. হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না। ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

ফরিদপুরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সেইলর

মাহবুব পিয়াল, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
ফরিদপুরে যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ড সেইলর

ইপিলিয়ন গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর  ফরিদপুরে তাদের অত্যাধুনিক ফ্ল্যাগশিপ আউটলেটের জমকালো উদ্বোধন করেছে। 

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ফরিদপুর মহাকালী মোড়ের থানা রোডে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত হয় গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সেইলর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ।

এ সময় ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন, পরিচালক কিশোয়ার জাহান, মোহাম্মদ জুনায়েদ আবু সালেহ মুসা ও নুর উদ্দিন আল রিয়াজসহ সেইলর এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মচারীসহ ফরিদপুরের সর্বস্তরের ক্রেতাগণ উপস্থিত ছিলেন।

সেলারের কর্মকর্তাবৃন্দ জানান, ফরিদপুরের সংস্কৃতি, ইতিহাস ও গৌরবকে সম্মান জানিয়ে সেইলর তাদের আউটলেটে ২টি বিশেষ সাংস্কৃতিক গ্যালারি রূপ দিয়েছে। এক পাশে স্থান পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত পল্লীকবি জসীমউদ্‌দীন–এর সাহিত্যকর্ম, বই ও পাণ্ডুলিপির অংশবিশেষ, যা বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। অন্য পাশে শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ–এর জীবন ও বীরত্বগাথা। তাঁর স্মৃতিবিজড়িত উপস্থাপনাগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা জোগাবে।

তারা আরো জানান, সেইলর এর এই আউটলেটে মেন্স, ওমেন্স, কিডস, ফুটওয়্যার ও এক্সেসরিজসহ থাকছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশাল সমাহার। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় অফার, নতুন সংগ্রহ (New Arrival) ব্যতীত সব পণ্যে ফ্ল্যাট ৪০% ডিসকাউন্ট এবং ৩,০০০ টাকার বেশি কেনাকাটায় ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা।

সেইলর-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, “আমরা চেয়েছি এই আউটলেটটি যেন ফরিদপুরের মানুষের নিজস্ব অনুভূতির অংশ হয়ে ওঠে। পল্লীকবি জসীমউদ্‌দীন ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গৌরবময় ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমরা ফরিদপুরের আত্মপরিচয়, সংস্কৃতি ও গর্বকে উদযাপন করেছি। সেইলর ফরিদপুরে আসতে পেরে গর্বিত। আমরা চাই নতুনত্বপূর্ণ কালেকশন, উন্নত ফ্যাব্রিকেশন, সেবা ও প্রিমিয়াম শপিং এক্সপেরিয়েন্সের মাধ্যমে ফরিদপুরের মানুষের ভালোবাসার ব্র্যান্ড হয়ে উঠতে। sailor is proud to be in Faridpur.

সেইলর-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সুপারস্টার সিয়াম আহমেদ বলেন, “সেইলর আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ভালোবাসার ব্র্যান্ড। সেইলরের সঙ্গে ফরিদপুরে আসতে পেরে আমিও গর্বিত। আমি বিশ্বাস করি, ফ্যাশনে নতুনত্ব, উন্নত মান এবং প্রিমিয়াম অভিজ্ঞতার মাধ্যমে সেইলর খুব দ্রুতই ফরিদপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নেবে এবং ভালোবাসার একটি ব্র্যান্ড হিসেবে স্থান করে নিবে।”